বাস্তব জীবনের আলোচিত দম্পতি আবার এক সিনেমায়, কী বললেন তাঁরা
মিগেল একজন খ্যাতিমান স্থপতি। প্রযুক্তিবিশ্বের এক ধনকুবেরের জন্য হাওয়াইয়ে বিলাসবহুল বাংকার (নিরাপদ আশ্রয়কেন্দ্র) তৈরির প্রস্তাব পান তিনি। কিন্তু নৈতিকভাবে বিতর্কিত এই কাজ নিতে গিয়ে বিপাকে পড়ে তাঁর দাম্পত্য। ১৭ বছর ধরে একসঙ্গে থাকা স্ত্রী সোফিয়া স্বামীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। সোফিয়া একজন সম্পাদক; দুজনের মূল্যবোধ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গির সংঘাত ধীরে ধীরে তাঁদের সম্পর্কে ফাটল ধরায়। এমন গল্প নিয়েই ফরাসি নির্মাতা ফ্লোরিয়ান জেলারের নতুন সিনেমা ‘বাংকার’।
এতে অভিনয় করেছেন বাস্তব জীবনের তারকা দম্পতি পেনেলোপে ক্রুজ ও হাভিয়ের বারদেম। ভেনিসের পর চলমান টরন্টো উৎসবেও সিনেমাটি প্রদর্শিত হয়েছে। দুই উৎসবে ছবিটি ঘিরে তাঁদের বক্তব্যে উঠে এসেছে অভিনয়, সম্পর্ক ও একসঙ্গে কাজ করার নানান দিক।
বাংকার পেনেলোপে ও হাভিয়ের জন্যও বিশেষ। ১৯৯২ সালে ‘হ্যামন, হ্যামন’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এরপর বন্ধুত্ব, ভালোবাসা ও দাম্পত্যের পথ পেরিয়ে দুজনই নিজ নিজ অভিনয়জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে তাঁরা বেশ সচেতন থাকেন। পেনেলোপে বলেন, একই ছবিতে অভিনয়ের সুযোগ তাঁদের জীবনে খুব ঘন ঘন আসে না। যখন আসে, তখন সেটা যেন বিশেষ কিছু হয়—দুজনেই সেটা খেয়াল রাখেন। ব্যক্তিগত জীবন ও পেশাগত কাজের মধ্যে ভারসাম্য রাখাই তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।
হাভিয়েরের ভাষ্যেও একই সুর। তিন দশকের বেশি সময় ধরে একে অপরকে চেনেন তাঁরা। কাজের প্রস্তুতি নিয়ে বাড়িতে আলোচনা হয়, কিন্তু সেটি যেন ব্যক্তিগত জীবনের ওপর ছাপ না ফেলে, সেদিকেও খেয়াল রাখেন।
ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির প্রিমিয়ার হয় ৮ সেপ্টেম্বর। এরপর ছবিটি টরন্টো আন্তর্জাতিক উৎসবের গালা প্রেজেন্টেশন বিভাগে প্রদর্শিত হচ্ছে। ছবিতে অস্কারজয়ী স্প্যানিশ তারকা দম্পতির সঙ্গে আছেন স্টিফেন গ্রাহাম, পল ড্যানো ও প্যাট্রিক শোয়ার্জনেগার। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত ১২৬ মিনিটের এই সিনেমা তুলে ধরেছে সমকালীন দাম্পত্য, নৈতিকতা ও সামাজিক বিচ্ছিন্নতার গল্প।
এন্টারটেইনমেন্ট উইকলি অবলম্বনে