পুরস্কার, উচ্ছ্বাস থেকে কান্না, আরও যা হলো ভেনিস উৎসবের শেষ দিনে

অষ্টম নারী পরিচালক হিসেবে ভেনিসের স্বর্ণসিহং জিতলেন মে এল-তুখি। লি চ্যাং-দংয়ের পসিবল লাভ পেল গ্র্যান্ড জুরি পুরস্কার। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ নিয়ে নির্মিত ‘নাজা’ জিতেছে বিশেষ জুরি পুরস্কার।

স্বর্ণসিংহ হাতে মে এল-তুখি ও সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে মাতিলদা আর্সেল। ছবি: এএফপি

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতেছে ডেনিশ সিনেমা ‘ওম্যান আননোন’। গত শনিবার রাতে উৎসবের সমাপনী দিনে মিসরীয়-ডেনিশ নির্মাতা মে এল-তুখির ছবিটি এ পুরস্কার পায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডেনমার্ক নাৎসি জার্মানির দখলমুক্ত হওয়ার ঠিক পরের পটভূমি নিয়ে ছবিটি। কেন্দ্রীয় চরিত্র মেরি—এক তরুণ গৃহকর্মী। কাজ করেন ধনী ব্যবসায়ী ক্রিশ্চিয়ানের বাসায়। ক্রিশ্চিয়ান মেরিকে বিয়ে করতে চান। নিজের সামাজিক অবস্থা বদলে যাবে ভেবে মেরি রাজি হন। কিন্তু মেরির আছে এক গোপন অতীত। তাই মনে ভয়—সত্য যদি প্রকাশ হয়ে যায়! যুদ্ধের সময় এক জার্মান সেনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন মেরি। যুদ্ধের পর সেই সম্পর্কই তাঁর জীবনে হয়ে ওঠে লজ্জা, অপরাধবোধ ও আতঙ্কের উৎস। ছবির এই গল্পকে সমালোচকেরা আলফ্রেড হিচককের ‘রেবেকা’র সঙ্গে তুলনা করেছেন।

স্বর্ণসিংহ হাতে মে এল-তুখি। ছবি: এএফপি

উৎসবের সর্বোচ্চ পুরস্কার নেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মে এল-তুখি। ভেনিস উৎসবের শুরুতে চলচ্চিত্রে নারী নির্মাতাদের কম উপস্থিতি নিয়ে কথা বলেছিলেন প্রধান জুরি ম্যাগি গিলেনহাল। তাঁকে ধন্যবাদ জানান তুখি। এবারের প্রতিযোগিতা বিভাগে ওম্যান আননোন ছিল একমাত্র ছবি, যেটি নারী নির্মাতা পরিচালনা করেছেন। তুখি বলেন, ছবিটি নির্মাণ করতে তাঁকে আর্থিক ও মানসিক—সব দিক থেকেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু তাঁকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে ইতিহাসের ‘অজানা নারীদের’ সামনে নিয়ে আসার তাগিদ। ছবিটি নির্মাণ করতে এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করেছেন তিনি। নিজের সঞ্চয়ের অর্থও ব্যয় করেছেন।

গ্র্যান্ড জুরি পুরস্কার হাতে লি চ্যাং-দং। ছবি: এএফপি

ফিরেই বাজিমাত
এবারের উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’। ২৪ বছর পর ভেনিসে ফিরেই বাজিমাত করলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান এই নির্মাতা। অসুখী এক দম্পতির জীবনে জড়িয়ে পড়ে এক তথ্যচিত্র নির্মাতা ও তাঁর ধনী স্বামী। সম্পর্ক, বন্ধুত্ব ও শোষণের জটিল সমীকরণ নিয়ে তৈরি ছবিটি উৎসবে প্রশংসিত হয়েছে। ছবিটি এবার অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্বও করবে। পুরস্কার গ্রহণের সময় লি চ্যাং-দং বলেন, এই সম্মান তাঁর কাছে বিশেষভাবে মূল্যবান। ২৪ বছর পর তাঁকে আবার ভেনিসে আমন্ত্রণ জানানোর জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ‘অনেক মানুষের ধৈর্য আর দীর্ঘ অপেক্ষা না থাকলে হয়তো সিনেমাটি কখনোই তৈরি হতো না।’ নেটফ্লিক্স ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। বিশ্বজুড়ে নেটফ্লিক্সে ছবিটি দেখা যাবে ৬ নভেম্বর থেকে।

আলোচনায় ‘নাজা’
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোরের ছবিটি পুরস্কার পাওয়ার পাশাপাশি ভেনিসে গড়েছে অভ্যর্থনার নতুন রেকর্ড। গত ১০ সেপ্টেম্বর ভেনিসে নাজার প্রিমিয়ারের পর দর্শকেরা প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেন। এটিই ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে দীর্ঘতম স্ট্যান্ডিং ওভেশন। বিশেষ জুরি পুরস্কার হাতে নিয়ে আব্রাহাম বলেন, ছবিটি নিয়ে ইসরায়েলের রাজনীতিবিদ ও সাংবাদিকদের আক্রমণ এবং ছবিটি না দেখেই সেটিকে অস্বীকার করার বিষয়টি মোকাবিলা করা তাঁর জন্য সহজ ছিল না। আব্রাহাম বলেন, ‘এই উৎসব শুরুর পর মাত্র ১০ দিনের মধ্যেই গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজায় ব্যাপক হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত ও পদ্ধতিগত প্রক্রিয়ার অংশ।’ তাঁর মতে, কোনো অপরাধ অস্বীকার করাই সেই অপরাধকে টিকে থাকার সুযোগ করে দেয়। সে কারণেই তিনি চান ইসরায়েলিরা ‘নাজা’ দেখুন।

আরও পড়ুন

প্রায় তিন বছর ধরে অনুসন্ধান করে তৈরি হয়েছে ৮০ মিনিটের ‘নাজা’। ছবিতে ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা বিভাগের ২৪ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা, সেনা এবং অভ্যন্তরীণ সূত্রের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে। ছবিতে নির্মাতারা দেখাতে চেয়েছেন, এআই প্রযুক্তির মাধ্যমে কীভাবে বিপুলসংখ্যক লক্ষ্য দ্রুত শনাক্ত ও হামলার আওতায় আনা সম্ভব হয়েছে। ছবির নামটিও ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা ব্যবস্থায় প্রচলিত একটি শব্দ থেকে এসেছে। নাজা এমন একটি সংক্ষিপ্ত রূপ, যার মাধ্যমে কোনো বিমান হামলায় সম্ভাব্য বেসামরিক প্রাণহানির সংখ্যা বোঝানো হয় বলে ছবিতে দাবি করা হয়েছে। যে মানুষগুলো হামলার সরাসরি লক্ষ্য নয়, কিন্তু হামলায় মারা যেতে পারেন—তাঁদের সম্ভাব্য সংখ্যা আগেই হিসাবের মধ্যে রাখার একটি ধারণার সঙ্গে শব্দটি যুক্ত।

র‍্যাচেল সোর ও ইউভাল আব্রাহাম। ছবি: এএফপি

অভিনয়ে সেরা
‘ওম্যান আননোন’–এর জন্য সেরা অভিনেত্রীর ভলপি কাপ জিতেছেন মাতিলদা আর্সেল। একটি ছবির স্বর্ণসিংহ ও অভিনয়ের পুরস্কার পাওয়ার ঘটনা ভেনিসে খুব একটা দেখা যায় না। পুরস্কার ঘোষণার পর সংবাদ সম্মেলনে জুরি সভাপতি ম্যাগি গিলেনহাল জানান, এবার ব্যতিক্রম করার কারণ জুরিদের সর্বসম্মত সিদ্ধান্ত। আর্সেলের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে এই অভিনেত্রী দর্শকদের চমকে দেবেন। পুরস্কার গ্রহণ করতে গিয়ে কেঁদে ফেলেন আর্সেল। পরে নিজেকে সামলে নিয়ে এমন জটিল চরিত্রে সুযোগ দেওয়ার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানান। তিনি পুরস্কারটি উৎসর্গ করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেই নারীদের যাঁরা সিনেমাটিতে তাঁর অভিনীত চরিত্রটির মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।

সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে মাতিলদা আর্সেল। ছবি: এএফপি

‘ওয়াইল্ড হর্স নাইন’-এ সিআইএ এজেন্টের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন জন মালকোভিচ। মার্টিন ম্যাকডোনা পরিচালিত ছবিটি তৈরি হয়েছে ষাটের দশকের চিলির পটভূমিতে। মালকোভিচ অবশ্য ভেনিসে ছিলেন না। অন্য একটি ছবির শুটিংয়ে তিনি তখন কানাডার মন্ট্রিয়লে। ভিডিও বার্তায় পুরস্কার দেওয়ার জন্য জুরিদের ধন্যবাদ জানান তিনি।

আরও পুরস্কার
সেরা পরিচালকের পুরস্কার রৌপ্যসিংহ জিতেছেন রুশ নির্মাতা ইলিয়া খ্রঝানভস্কি। নোবেলজয়ী কোয়ান্টাম পদার্থবিদ লেভ লান্দাউয়ের জীবন অবলম্বনে নির্মিত ‘দাও’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। ছবিতে দেখা যায়, সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে কাজ করতে লান্দাউকে কীভাবে চাপের মুখে পড়তে হয়েছিল।

‘ওয়াইল্ড হর্স নাইন’-এ অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন জন মালকোভিচ। অন্য একটি ছবির শুটিংয়ে তিনি তখন কানাডার মন্ট্রিয়লে। ভিডিও বার্তায় পুরস্কার দেওয়ার জন্য জুরিদের ধন্যবাদ জানান তিনি। এএফপি

‘আ গুড লিটল সোলজার’ ছবির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন কোরালি আমেদিও, স্তেফান ব্রিজে ও অলিভিয়ে গর্স। ফরাসি নির্মাতা স্তেফান ব্রিজের এই ছবিটি এবারের ভেনিসের মূল প্রতিযোগিতায় ছিল। এবারের মারচেল্লো মাস্ত্রোয়ান্নি পুরস্কার পেয়েছেন ফরাসি অভিনেত্রী মালু খেবিজি। ‘আ প্লেস টু হিল’ ছবিতে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। উৎসবে তরুণ অভিনয়শিল্পীদের দেওয়া হয় এই পুরস্কার। এ ছাড়া চলচ্চিত্র অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন জর্জ ক্লুনি ও এলেন বার্স্টিন।

ভ্যারাইটি, এএফপি ও দ্য গার্ডিয়ান অবলম্বনে