সিনেমার শুটিং লোকেশনে দর্শকের ঢল
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রে ভাটার টান লেগেছে। দর্শক কমছিল, বড় বাজেটের ছবিও আশানুরূপ সাড়া পাচ্ছিল না। এই বছর এসে চিত্রটা বদলাতে শুরু করেছে। একের পর এক সিনেমা বক্স অফিসেই সাফল্য পাচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে সিনেমার লোকেশন নিয়েও দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমার শুটিং লোকেশনে ভিড় করছেন দর্শক।
‘দ্য কিংস ওয়ার্ডেন’ সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলেছে। ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির শুটিং লোকেশন গ্যাংওন প্রদেশের চংনিয়ংপোতে দর্শকের ভিড় বাড়ছে। জায়গাটিতে নির্বাসিত ছিলেন রাজা কিং ডানজং। সিনেমাটি পরিচালনা করেছেন জাং হাং-জুন। জোসন সাম্রাজ্যের আমলে এক গ্রামপ্রধানের সংগ্রাম আর সিংহাসনচ্যুত এক তরুণ রাজার গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, ব্যস্ত সময়ে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে প্রায় আট গুণ। শীতকালীন ছুটি ও পয়লা মার্চের ছুটিতে ভিড় আরও বেড়েছিল। আশপাশের ঐতিহাসিক স্থানেও দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। ফলে সিনেমাটি পুরো একটি অঞ্চলকে অর্থনৈতিকভাবে চাঙা করে তুলছে।
ঐতিহাসিক গল্পের সিনেমার বাইরে ভৌতিক ঘরানার ছবির লোকেশনেও ভিড় করছেন দর্শক। স্বল্প বাজেটের হরর চলচ্চিত্র ‘সালমকজি’ মুক্তির এক সপ্তাহের মধ্যেই লাভের মুখ দেখে। ছবির গল্পে একটি রহস্যময় জলাধারকে কেন্দ্র করে ভয়ের আবহ তৈরি করা হয়েছে।
উত্তর চুংচিয়ং প্রদেশের সেই জলাধার আগে থেকেই ‘ভুতুড়ে স্থান’ হিসেবে পরিচিত ছিল নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে। তবে সিনেমার সাফল্যের পর সেখানে নতুন করে মানুষের আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, রাতের বেলায় দল বেঁধে সেখানে যাচ্ছেন দর্শনার্থীরা। কেউ কেউ গাড়ির দীর্ঘ সারির ছবিও শেয়ার করছেন।
গত বছর কোরিয়ান চলচ্চিত্রে একধরনের স্থবিরতা ছিল। সর্বোচ্চ আয় করা ছবিও ৬০ লাখ দর্শক ছাড়াতে পারেনি। সেখানে নতুন বছরে শুরুটা হলো শক্তিশালী প্রত্যাবর্তনের মাধ্যমে।
বিশ্লেষকেরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, সিনেমা আর শুধু বিনোদনের মাধ্যম হয়ে থাকছে না। এটি এখন স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠছে। শুটিং লোকেশনগুলো পর্যটনকেন্দ্রে রূপ নিচ্ছে, তৈরি হচ্ছে নতুন ব্যবসার সুযোগ।
প্রশ্ন উঠছে, এই ধারা কতটা দীর্ঘস্থায়ী হবে। বছরজুড়ে নতুন নতুন সিনেমা মুক্তি পেলে কি আরও লোকেশন একইভাবে দর্শনার্থীর ঢল দেখবে? উত্তর এখনো স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত—কোরিয়ান সিনেমা আবারও আলোচনায়, আর সেই আলো ছড়িয়ে পড়ছে পর্দার বাইরেও।
কোরিয়া টাইমস অবলম্বনে