২১ লাখ ২৯ হাজার দর্শক, কোরীয় বক্স অফিসে ঝড় তুলেছে ‘হোপ’
না হং-জিনের বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সারভাইভাল থ্রিলার ‘হোপ’। ছবিটি দক্ষিণ কোরিয়ার ১৭-১৯ জুলাই সপ্তাহান্তে মোট বক্স অফিস আয়ের ৬৬ দশমিক ৬২ শতাংশ একাই দখল করেছে। বক্স অফিস ট্র্যাকিং সেবা কোবিসের তথ্য অনুযায়ী, তিন দিনে হোপ আয় করেছে ১ কোটি ১৩ লাখ ডলার। এ সময় ছবিটি দেখেছেন ১৫ লাখ ৪ হাজার ১৯ জন দর্শক। সব মিলিয়ে ছবিটি ইতিমধ্যে মোট ১ কোটি ৬০ লাখ ডলার আয় করেছে, দেখেছে ২১ লাখ ২৯ হাজার ৭২৩ দর্শক।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রে রহস্য, সহিংসতা আর মনস্তাত্ত্বিক উত্তেজনার কথা উঠলে যে কয়েকজন পরিচালকের নাম সবার আগে আসে, তাঁদের একজন না হং-জিন। ‘দ্য চেজার’, ‘দ্য ইয়েলো সি’ ও ‘দ্য ওয়েইলিং’ দিয়ে বিশ্বজুড়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। কিন্তু ২০১৬ সালে ‘দ্য ওয়েইলিং’ মুক্তির পর দীর্ঘ এক দশক নতুন কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আসেননি। সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে ‘হোপ’।
সিনেমাটির অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের সমাবেশ। ছবিতে কোরিয়ার জনপ্রিয় অভিনেতা হোয়াং জং-মিন, জো ইন-সাং এবং জং হো-ইয়নের পাশাপাশি অভিনয় করেছেন হলিউড তারকা মাইকেল ফাসবেন্ডার, অ্যালিসিয়া ভিকান্দর, টেলর রাসেল ও ক্যামেরন ব্রিটন।
প্রেক্ষাগৃহে মুক্তির আগে গত মে মাসে কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ‘হোপ’। পরে নিউইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও এটি সেন্টারপিস চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়। উত্তর আমেরিকায় ছবিটি মুক্তি দেবে স্বাধীন চলচ্চিত্র পরিবেশক নিওন। সাম্প্রতিক বছরগুলোতে ‘প্যারাসাইট’, ‘অ্যানাটমি অব আ হেল’ বা ‘আনোরা’র মতো আন্তর্জাতিক সাফল্য পাওয়া ছবির পরিবেশক হিসেবে নিয়নের খ্যাতি আছে।
ভ্যারাইটি অবলম্বনে