আলোচিত কোরীয় অভিনেতার রহস্যজনক মৃত্যু

লি সাং-বো। ইনস্টাগ্রাম থেকে

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। ২৬ মার্চ পিওংটেকের নিজ বাড়িতেই ৪৪ বছর বয়সী অভিনেতার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা দুপুরের দিকে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো তদন্তাধীন। এদিকে অভিনেতার মৃত্যুকে ঘিরে ভক্তদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার দাবি তুলেছেন।

লি সাং-বো অভিনয়ে আত্মপ্রকাশ করেন ‘ইনভিজিবল ম্যান চোই জাং-সু’ সিরিয়ালের মাধ্যমে। এরপর ধীরে ধীরে তিনি কোরিয়ান ড্রামা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘প্রাইভেট লাইভস’, ‘রুগাল’, ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’, ‘মিস মন্টে-ক্রিস্টো’।

২০২২ সালে ড্রাগ–সংক্রান্ত এক বিতর্ক তাঁর ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে। শুরুতে তাঁর বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ ওঠে। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
যদিও তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি, তবু ‘ড্রাগ অ্যাক্টর’ ট্যাগ তাঁর পেশাগত জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

আরও পড়ুন

সব বিতর্কের পর ২০২৩ সালে লি সাং-বো আবার অভিনয়ে ফেরেন ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-এর মাধ্যমে। তিনি নিজেই স্বীকার করেছিলেন, এই সময়টা তাঁর ব্যক্তিগত জীবনে খুব কঠিন ছিল। তিনি চেয়েছিলেন, বিতর্ক ভুলে আবার নতুন করে শুরু করতে, কিন্তু আকস্মিক মৃত্যুতে তা আর পারলেন কই।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে