ইরানে বিক্ষোভ: ফরাসি তারকাদের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুল কাটছেন জুলিয়েত বিনোশ, মারিও কোতিয়া
ছবি : ভিডিও থেকে নেওয়া

পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ চলছে। চলমান এই বিক্ষোভে অনেক নারী আবার চুল কেটে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। এবার এই দলে যোগ দিলেন বেশ কয়েকজন ফরাসি অভিনেত্রী। যাঁদের মধ্যে আছে অস্কারজয়ী জুলিয়েত বিনোশ, মারিও কোতিয়ার নামও। ইনস্টাগ্রামে চুল কাটার ভিডিও পোস্ট করেছেন বিনোশ। যেখানে ক্যামেরার সামনে কাঁচি হাতে নিজেই নিজের চুল কাটেন দ্য ইংলিশ পেশেন্ট অভিনেত্রী। কাটার আগে বলেন, ‘স্বাধীনতার জন্য।’

জুলিয়েত বিনোশ
ছবি : রয়টার্স

একইভাবে চুল কাটার ভিডিও পোস্ট করেছেন অ্যালাইড অভিনেত্রী মারিও কোতিও। এ ছাড়া ইরানে বিক্ষোভরতদের সমর্থনে তিনি লিখেছেন, ‘এটা ইরানের দুঃসাহসী নারী ও পুরুষদের জন্য, যাঁরা এই মুহূর্তে দুনিয়া বদলানোর চেষ্টা করছেন, স্বাধীনতার জন্য লড়ছেন। আমরা তাঁদের পাশে আছি।’

মারিও কোতিয়া
ছবি : রয়টার্স

চুল কাটার ভিডিও পোস্ট করেছেন প্রখ্যাত ফরাসি গায়িকা ও অভিনেত্রী ইজাবেল আদজানিও। হ্যাশট্যাগ ‘হেয়ার ফর ফ্রিডম’ দিয়ে তাঁরা নিজেদের চুল কাটার ভিডিওতে ব্যবহার করেছেন ফ্যাসিবাদবিরোধী প্রখ্যাত ইতালীয় লোকসংগীত ‘বেলা চাও’।

লি সেদুঁ
ছবি : সংগৃহীত

প্রখ্যাত অভিনেত্রীদের চুল কাটার ভিডিও পোস্টের আগে ইরানের বিক্ষোভে সমর্থন জানান ফ্রান্সের এক হাজারের বেশি চলচ্চিত্রকর্মী। যাঁদের মধ্যে আছেন প্রখ্যাত অভিনেত্রী লি সেদুঁও। তবে ফরাসি তারকাদের ইরানের বিক্ষোভে সমর্থন নিয়ে সমালোচনাও হচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন, ফ্রান্সেও নারীরা স্বাধীনভাবে পোশাক পরতে পারেন না।