স্বর্ণ ভালুক হাতে নস্টালজিয়ায় ডুবলেন স্পিলবার্গ
মা-বাবার বিচ্ছেদ ওলট–পালট করে দিয়েছিল স্টিভেন স্পিলবার্গের শৈশব। তাঁর সিনেমায় তাই বারবার উঠে এসেছে নিজের দুর্বিষহ শৈশবের গল্প, সর্বশেষ ছবি ‘দ্য ফ্যাবলম্যানস’ও ব্যতিক্রম নয়। গত মঙ্গলবার বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিলবার্গের হাতে তুলে দেওয়া হয় আজীবন সম্মাননা বা সাম্মানিক স্বর্ণ ভালুক। পুরস্কারটি গ্রহণ করে তিনবারের অস্কারজয়ী পরিচালক বলেন নিজের শৈশব আর চলচ্চিত্রের নানা কথা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে পরিবার থেকে বিচ্ছিন্ন এক বালকের গল্প নিয়ে স্পিলবার্গ বানিয়েছিলেন ‘এম্পায়ার অব দ্য সান’। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ছবিটির উল্লেখ করে স্পিলবার্গ বলেন, ‘এ কারণেই (মা–বাবার বিচ্ছেদ) আমি “এম্পায়ার অব দ্য সান”-এর মতো বিষয়ের প্রতি আগ্রহী হই। আমি নিশ্চিত, মা–বাবার বিচ্ছেদ না হলে এ ধরনের গল্প নিয়ে ছবি করতাম না। ঘটনাটি আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল।’
বার্লিনে আজীবন সম্মাননা গ্রহণ করে ৭৬ বছর বয়সী পরিচালক বলেন, চলচ্চিত্র এখনো তাঁকে আগের মতোই আকর্ষণ করে। ‘এতগুলো দশক পর এখনো মৌলিক আইডিয়া আছে, ভালো সিনেমা হতে পারে, এমন কোনো বই বা চিত্রনাট্য আমাকে আগের মতোই উত্তেজিত করে,’ বলেন স্পিলবার্গ।
বার্লিনে তাঁর নির্মাতা হয়ে ওঠার গল্পও শোনান স্পিলবার্গ। জানান, নন্দিত ফরাসি পরিচালক ফ্রঁসোয়া ত্রুফোর ক্রমাগত তাড়নাতেই ‘ইটি’ বানিয়েছেন। ক্রুফো স্পিলবার্গকে বলতেন, তাঁর হৃদয় শিশুর মতো। বলতেন, ‘তোমার উচিত বাচ্চাদের নিয়ে ছবি করা।’
চলচ্চিত্রে অবদানের জন্য স্পিলবার্গকে সাম্মানিক স্বর্ণ ভালুক দেওয়া ছাড়া এবার বার্লিন উৎসবে পরিচালকের কয়েকটি সিনেমার প্রদর্শনীও হবে। এর মধ্যে ‘রাইডার্স অব দ্য লস্ট আর্ক’, ‘জস’, ‘শিন্ডলার্স লিস্ট’ যেমন আছে, তেমনই আছে সবশেষ মুক্তি পাওয়া আধা আত্মজৈবনিক সিনেমা দ্য ফ্যাবলম্যানসও। সবশেষ ছবিটি পাঁচটি অস্কার মনোনয়নও পেয়েছে। ছবিটি সম্পর্কে স্পিলবার্গ জানান, ‘দ্য ফ্যাবলম্যানস’ তাঁর করা সবচেয়ে আবেগময় সিনেমা। ‘সিনেমাটির অনেক মজার অংশ আছে, তবে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে, এমন অনেক বিষয়ও আছে,’ বলেন তিনি।
বার্লিন উৎসবে নন্দিত এই পরিচালক আরও জানান তাঁর পরের কাজের কথাও। বলেন, নেপোলিয়নকে নিয়ে মিনি সিরিজ করছেন তিনি। ২০১৩ সালে প্রথম পরিকল্পনা করলেও স্পিলবার্গ নিশ্চিত করেন, অবশেষে পর্দায় আসছে সাত পর্বের সিরিজটি।