ফিরে দেখা অতীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানি নির্মাতা মোহসেন মাখমালবাফ ‘আ মোমেন্ট অব ইনোসেন্স’ দিয়ে ঘাড় ঘুরিয়ে তাঁর তারুণ্যে তাকিয়েছিলেন
সংগৃহীত

চলচ্চিত্রে নির্মাতা যেন নিজের জীবনেরই ছবি আঁকেন। এ অলিখিত সত্য। ধরুন তারেক মাসুদের কথা। ‘মাটির ময়না’ ছবিতে নিজের শৈশবকেই একটু ছুঁয়ে দেখার চেষ্টা করলেন তিনি। যদি বলি স্প্যানিশ পরিচালক পেড্রো আলমদোভারের কথা। ‘পেইন অ্যান্ড গ্লোরি’তে সালভাদর মালোরূপী ওই নির্মাতা কি স্বয়ং পেড্রো নন? সে পথে হেঁটেছেন আরও অনেকেই। ইরানি নির্মাতা মোহসেন মাখমালবাফ ‘আ মোমেন্ট অব ইনোসেন্স’ দিয়ে ঘাড় ঘুরিয়ে তাঁর তারুণ্যে তাকিয়েছিলেন। তারুণ্যে ঘটে যাওয়া সেই ঘটনাকে ২০ বছর পরে কি শুধু পর্দায় আনতে চেয়েছেন মাখমালবাফ? নাকি সেই ঘটনাকে এত বছরের অভিজ্ঞতা দিয়ে নিরিখ করারও চেষ্টা করে দেখলেন?

মোহসেনের বয়স তখন ১৭ বছর। ইরানে চলছে শাহের শাসনামল। গণতন্ত্র পুনরুদ্ধারে মোহসেন ও তাঁর প্রেমিকা বদ্ধপরিকর। তাঁরা পরিকল্পনা করেন, শাহের একজন গার্ডকে আক্রমণ করবেন। কিন্তু এই কাজ করতে গিয়ে গার্ড ও মোহসেন দুজনই আহত হন। মেয়েটি পালিয়ে যেতে সক্ষম হন। মোহসেনের হয় জেল।
ইরানি বিপ্লবের পর জেল থেকে ছাড়া পান মোহসেন। তিনি রাজনীতিসচেতন ব্যক্তি ছিলেন। মোহসেন অবশেষে জড়িয়ে পড়েন সিনেমা নির্মাণে। ওই ঘটনার ঠিক ২০ বছর পর। মোহসেনের বয়স তখন ৩৭ বছর। তাঁর ছবি ‘সালাম সিনেমা’র জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেন। আকস্মিকভাবে সেখানে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন সেই গার্ড, যাঁকে ছুরিকাঘাত করেছিলেন মোহসেন। এ এক কাকতাল বটে। ওই ঘটনার দুই ব্যক্তিই সময়ের বিবর্তনে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত।

ছবির জন্য ১৭ বছরের সেই মোহসেনকে বাছাই করলেন। আর তাঁর অভিনয়ের কোচ হিসেবে থাকলেন নিজেই
সংগৃহীত

মোহসেন এই ঘটনায় বেশ চমকে যান। তাঁর মাথায় ঢোকে পুরোনো সেই ঘটনাকে রূপায়ন করার বিষয়টি। শুরু হয় সিনেমা ‘আ মোমেন্ট অব ইনোসেন্স’। এই ইরানি নির্মাতাকে যতটুকু জানি, তাঁর ছবি ইরানের কাব্যিক পরিভাষার পাশাপাশি অনেক বেশি রাজনৈতিকও বটে। শুধু তা–ই নয়, চলচ্চিত্রকে শুধু নির্মাতার একচ্ছত্র চিন্তার কাল্পনিক গল্পের ফাঁদে ফেলে দর্শককে গলাধঃকরণ করানোটাও তাঁর কাছে খুব একটা সুখকর নয়। তাই মোহসেনের ছবি বেশির ভাগ সময়ই ডকুমেন্টারি ও ফিকশনের বর্ডারকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় নিমেষেই। তাঁর ছবি তাঁর মতো করে হয়ে ওঠে। ইরানের অনেক ছবিতেই এই ভাষা দেখা যায়। বিখ্যাত ফিল্মমেকার আব্বাস কিয়ারোস্তামির ‘ক্লোজ–আপ’ কিংবা জাফর পানাহির ‘মিরর’ও যে একই ধারার মতো।

তাই আমরা দেখি, মোহসেন ছবির চরিত্রগুলো বেছে নিতে চাইলেন বাস্তব থেকেই। তিনি ছবির জন্য ১৭ বছরের সেই মোহসেনকে বাছাই করলেন। আর তাঁর অভিনয়ের কোচ হিসেবে থাকলেন নিজেই। সেদিন কী ঘটেছিল, সেদিনের মোহসেনের মনে কী ছিল, তা বাতলে দেওয়ার জন্য। তরুণ মোহসেনের বান্ধবীকে বাছাই করতে নির্মাতা চলে গেলেন সেই বাস্তবের বান্ধবীর কাছেই। তাঁর একই বয়সের একটি মেয়ে আছে। সেই মেয়েকে মোহসেন ছবিতে নিতে চাইলেন। কিন্তু তাঁর সেই বান্ধবী অস্বীকার করায় তাঁর মেয়ের অভিনয় করা হলো না। পরে তরুণ মোহসেনের চরিত্রে যে ছেলে অভিনয় করছেন, তাঁর বান্ধবীকেই আমরা দেখি ছবিতে মোহসেনের বান্ধবী হিসেবে। ওদিকে তরুণ গার্ডের চরিত্রে নেওয়া হলো একজনকে। সেই ঘটনার প্রেক্ষাপটে মোহসেন নিজেই তাঁকে পরিচালিত করতে পারতেন। কিন্তু মোহসেন এখানে স্বৈরাচারী শিল্প নির্মাতা না হয়ে, শিল্পের ভার তাঁর ওপরই ছেড়ে দিলেন। যেহেতু সেই গার্ডের মনের খবর জানতেন না মোহসেন। ছবিতে তরুণ গার্ডের অভিনয়ের কোচ হিসেবে তিনি যুক্ত করলেন সেই গার্ডকেই, যাঁকে মোহসেন ছুরিকাঘাত করেছিলেন।

ছবিতে তরুণ গার্ডের অভিনয়ের কোচ হিসেবে তিনি যুক্ত করলেন সেই গার্ডকেই, যাঁকে মোহসেন ছুরিকাঘাত করেছিলেন
সংগৃহীত

তারপর শুরু হয় ২০ বছর আগের সেই ঘটনাকে বর্তমান সময়ে এনে রূপান্তর করা। একদিকে আমরা দেখি মোহসেনের মানসিক ভ্রমণ তরুণ মোহসেনের মধ্য দিয়ে, অন্যদিকে দেখি গার্ডের মানসিক ভ্রমণ তরুণ গার্ডের মধ্য দিয়ে। মোহসেন জানেন না, গার্ডের মনে কী ছিল! গার্ডও জানেন না, মোহসেন ও মেয়েটির মনে কী ছিল? ২০ বছর পর এই ছবি দিয়ে সেটি খোলাসা হলো। মোহসেন ২০ বছর পরের গার্ডের সেই সময়ের মানসিক অবস্থা জেনে চমকে গেছেন কি না, তা জানা যায়নি। তবে মোহসেন ও তাঁর বান্ধবীর ব্যাপারটি জেনে বেশ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ওই গার্ড।
১৯৯৬ সালে তৈরি এই ছবিকে ইরানের গুরুত্বপূর্ণ ছবি হিসেবে উল্লেখ করা হয়। ছুটির দিনে ছবি দেখতে চাইলে নির্দ্বিধায় এটিকে রাখতে পারেন তালিকায়।

‘আ মোমেন্ট অব ইনোসেন্স’ ছবির পোস্টার
সংগৃহীত