আক্ষেপের অবসান
অ্যান্টোনিও ব্যান্ডেরাস ও পেনেলোপে ক্রুজের বন্ধুত্বের বয়স প্রায় ৩০ বছর। দুজনই এই সময়ের শীর্ষ স্প্যানিশ অভিনয়শিল্পী। তবে এত দিনই সেভাবে একসঙ্গে কাজ করা হয়নি বান্দেরাস ও পেনেলোপের। ২০১৩ সালের কমেডি ছবি ‘আই’য়্যাম সো এক্সাইটেড’-এ দুই মিনিটের অতিথি চরিত্র করেছিলেন তাঁরা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পেইন অ্যান্ড গ্লোরি’তে পূর্ণ উপস্থিতি থাকলেও ব্যান্ডেরাস ও পেনেলোপের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। অবশেষে তাঁদের আক্ষেপের অবসান হয়েছে। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘অফিশিয়াল কমপিটিশন’-এ একসঙ্গে পাওয়া গেছে তাঁদের।
ছবির প্রচার উপলক্ষে পিপলস সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতির ঝাঁপি মেলে দিয়েছিলেন দুজন। ব্যান্ডেরাস বলেন, ‘নব্বই দশকের শুরুতে যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়া সিনেমার শুটিংয়ের সময় দুজনের কমন এক বন্ধুর মাধ্যমে আমাদের পরিচয়। পেনেলোপে তখন ইংরেজি নিয়ে পড়তে গিয়েছিল। দুজন তখন মাত্র তিন মিনেটের দূরত্বে থাকতাম।’
সেই সময়ের জীবনকে ‘জাদুকরি’ উল্লেখ করে ক্রুজ বলেন, ‘তাঁর সঙ্গে তখন যা কিছু হয়েছে এতে আমি আনন্দে ভেসে গিয়েছি। মনে আছে তাঁর আমন্ত্রণে আমি “ফিলাডেলফিয়া”র প্রিমিয়ারে গিয়েছিলাম। তখন মনে হয়েছিল হয়তো আমার জন্যও (অভিনয়) এটা সম্ভব।’ একসঙ্গে তাঁদের কাটানো সময়কে দারুণ উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, ‘তখন আমি প্রিয় সুপারমার্কেট থেকে ভেজিটেরিয়ান বার্গার কিনতাম।’ ব্যান্ডেরাসও তখন ক্রুজ ও তাঁর পরিবারের সদস্যদের জন্য জনপ্রিয় স্প্যানিশ খাবার পায়েইয়া বানাতেন।
পরের বছরগুলোতে দুজনই প্রখ্যাত স্প্যানিশ পরিচালক পেড্রো আলমোদোভারের সঙ্গে কাজ করেছেন। তবে আলাদা আলাদা সিনেমায়। কিন্তু দুই বন্ধুর একসঙ্গে কাজ করতে ৩০ বছর কেন লাগল? ক্রুজ বলেন, ‘সেটা আমাদের কাছেও একটা রহস্য। আসলে দুজন একসঙ্গে কাজ করার জন্য অনেকবারই প্রস্তাব এসেছে। এমন সময় প্রস্তাব এসেছে তখন হয় আমি, হয় সে, না হয় আমি অন্য ছবিতে ব্যস্ত।’ এ প্রসঙ্গে মজা করে বান্দেরাস বলেন, ‘যখন যুক্তরাষ্ট্রে যাই, দুই স্প্যানিশের একসঙ্গে হওয়া সম্ভবত ওভারডোজের মতোই।’ তবে দেরিতে হলেও ডার্ক কমেডি ‘অফিশিয়াল কমপিটিশন’–এর মাধ্যমে এতেও কম খুশি নন দুজন।
২০২০ সালের জানুয়ারিতে এই সিনেমার ঘোষণা দেওয়া হয়। কিন্তু কোভিডের কারণে ছবিটি বিলম্বিত হয়েছে। নানা প্রতিকূলতা পেরিয়ে শুটিং শেষে ছবিটির প্রিমিয়ার হয় গত বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে।