কী দেখবেন, কোথায় দেখবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

‘শাওয়ার অ্যাপলস’ দেখা যাচ্ছে চরকিতে
সংগৃহীত

‘শাওয়ার অ্যাপলস’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
তিন মেয়ে ও স্ত্রী নিয়ে মেয়র আজিজ ওজায়ের পরিবার। টানা দুবার মেয়র নির্বাচিত হয়ে তৃতীয়বার গিয়ে নির্বাচনে হেরে যান তিনি। তাঁর ছোট মেয়ে মুয়াজ্জেজ এক রাতে তাদের আপেলবাগান থেকে আপেল চুরির দায়ে ওজগুর নামের এক ছেলেকে হাতেনাতে ধরে ফেলে। সেই ছেলে দেখতে বেশ সুদর্শন। ওজগুর আর মুয়াজ্জেজের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আর সেখান থেকেই মেয়র পরিবারে নতুন নতুন কাণ্ডকারখানা ঘটতে থাকে।

লুপ লাপেটা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
গল্পটি স্যাভি ও সত্যকে নিয়ে। জীবনের ভাগ্যবদলের জন্য সত্য ক্যাসিনো খেলে। একদিন সে জড়িয়ে যায় আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সঙ্গে। একটা কাজ করে দিতে পারলে পাবে ৫০ লাখ টাকা। কিন্তু সে ধরা পড়ে। তার প্রেমিকা স্যাভির ওপর পড়ে প্রেমিক সত্যকে বাঁচানোর কাজ। সত্যকে বাঁচিয়ে কাজ হাসিল করে সে কি পারবে ৫০ লাখ টাকা জিতে ভাগ্য বদল করতে?

‘লুপ লাপেটা’ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে
সংগৃহীত

দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
ভারতীয় লেখক বিকাশ স্বরূপের উপন্যাস সিক্স সাসপেক্টস অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। একজন মন্ত্রীর ছেলের মৃত্যু তদন্ত নিয়ে সিরিজের গল্প। একজন ডিসিপি ও সিবিআই কর্মকর্তার ওপর পড়ে এ তদন্তের কাজ। মার্ডার থ্রিলারটিতে অভিনয় করেছেন রিচা চাড্ডা ও প্রতীক গান্ধী। পরিচালনা করেছেন তিমাংশু ধুলিয়া।

বুক অব লাভ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
ইংলিশ লেখক হেনরির উপন্যাস কেউ কেনে না। লেখক হিসেবে ব্যর্থ তিনি। হঠাৎ তিনি জানতে পারেন তাঁর উপন্যাস মেক্সিকোতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাঁকে অনুপ্রাণিত করা হয় মেক্সিকোতে একটি প্রমোশনাল সফরের জন্য। কিন্তু তিনি সেখানে গিয়ে জানতে পারেন উপন্যাস জনপ্রিয় হওয়ার আসল রহস্য।

লাভ ইজ ব্লাইন্ড: জাপান
ধরন: রিয়েলিটি শো
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৮ ফেব্রুয়ারি
ডেটিং রিয়েলিটি শো নিয়ে হাজির নেটফ্লিক্স। শোতে ৩০ জন নারী-পুরুষ একে অপরের সঙ্গীকে খুঁজে ফেরে। তবে শর্ত একটাই, কেউ কাউকে দেখতে পারবে না। একটি অ্যাপার্টমেন্টে ১০ দিন ধরে চলে তাদের প্রেম। এর মধ্যে সঙ্গী পছন্দ হয়ে গেলে তাদের প্রথমবারের মতো দেখা হয়। তাদের বাগদান হয়। অ্যাপার্টমেন্ট ছেড়ে তারা ঘুরতে যায়। সব জুটি ঘুরে এলে তাদের সবার দেখা হয়। এবার অ্যাপার্টমেন্টে তারা সিদ্ধান্ত নেয়, তারা বিয়ে করবে নাকি সম্পর্ক ভেঙে দেবে।