নির্জন দ্বীপে একা বেঁচে থাকার লড়াই

১৯২২ সালের ২৭ মার্চ মুক্তি পায় নির্বাক সিনেমা ‘দ্য অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্পটা অনেকেরই জানা। ছোট্ট একটি দ্বীপ। চারদিকে অথই জলরাশি। পুরো দ্বীপে মানবসন্তানের কোনো অস্তিত্ব নেই। জাহাজ দুর্ঘটনার কারণে এমন একটি দ্বীপে আটকে গেলেন একজন ব্যক্তি। যার নাম রবিনসন ক্রুসো। বেঁচে থাকার জন্য ফলমূল আর ঝরনার পানি যার ভরসা। দ্বীপের অন্য সব প্রতিকূলতা জয় করে একা কীভাবে বেঁচে থাকবেন তিনি?
একজন ব্যক্তির নির্জন দ্বীপে একা বেঁচে থাকার লড়াই। তা নিয়ে নির্মিত নির্বাক সিনেমা ‘দ্য অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো’ শত বছর আগে এই দিনে মুক্তি পায়—১৯২২ সালের ২৭ মার্চ। রবার্ট এফ হিল সিনেমাটি পরিচালনা করেন। সিনেমায় রবিনসন ক্রুসো চরিত্রে অভিনয় করেন হ্যারি মায়ার্স। আরও ছিলেন নোবেল জনসন, গার্ট্রুড ওলমস্টেড, অ্যারন এডওয়ার্ডস, জোসেফ সুইকার্ড, গার্ট্রুড ক্লেয়ার, এমেট কিং ও স্কট পেমব্রোক।

সিনেমায় রবিনসন ক্রুসো চরিত্রে অভিনয় করেন হ্যারি মায়ার্স

সত্য ঘটনাকে কেন্দ্র করে ১৭১৯ সালে ড্যানিয়েল ডিফোর উপন্যাস রবিনসন ক্রুসো। আর রবার্ট এফ হিল রবিনসন ক্রুসো উপন্যাসকে ১৯২২ সালে সিনেমায় রূপান্তর করেছিলেন। স্কটিশ নাবিক আলেক্সান্ডার সেলকার্কের অ্যাডভেঞ্চার কাহিনি নিয়ে রচিত এই উপন্যাসটি। যিনি কয়েক বছর ধরে একটি জনবসতিহীন দ্বীপে আটকা পড়েছিলেন। যত দিন পর্যন্ত না একটি ব্রিটিশ জাহাজ তাঁকে উদ্ধার করে, তত দিন পর্যন্ত একাই বেঁচে থাকতে হয়েছিল দ্বীপে। দ্বীপে তিনি মাছ, ফল এবং বন্য ছাগল খেয়ে বেঁচে ছিলেন। ১৭০৯ সালে যখন তিনি লন্ডনে ফিরে আসেন, তখন তাঁর থেকে গল্পটি শুনে ড্যানিয়েল ডিফো উপন্যাসটি লিখেন।

প্রথম সিনেমাটির কিছুই এখন পাওয়া যায় না। সময়ের পরিক্রমায় সিনেমাটি হারিয়ে গিয়েছে। ছয় ঘণ্টা দৈর্ঘ্যের ধারাবাহিক সিনেমাটি প্রতি সপ্তাহে এক পর্ব করে ১৮টি ভাগে প্রকাশ করা হয়েছিল যুক্তরাষ্ট্রে। প্রতি অংশের ছিল আলাদা শিরোনাম, যেমন ‘দ্য সি রাইডারস’, ‘শিপরেকড’, ‘দ্য ক্যানিবালস ক্যাপটিভস’, ‘হিডেন গোল্ড’, ‘দ্য শিপ অব ডিসপেয়’, ‘ফ্রাইডেস ফেইথ, ‘দ্য সোয়াম্প অব টেরর’, ‘মেরিন্ড’, ‘দ্য জাগুয়ার ট্র্যাপ’, ‘আ প্রিজনার অব দ্য সান’, ‘নো গ্রেটার লাভ’, ‘দ্য আইল্যান্ড অব হ্যাপিনেস’, ‘দ্য সোর্ড অব ক্যারেজ’, ‘দ্য বাকেনিয়ারস’, ‘দ্য জলি রজার’, ‘দ্য আইডলস ব্রিজ’, ‘হোয়েন দ্য হার্ট কলস’ এবং ‘ব্যাক টু দ্য প্রিমেটিভ’।