মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫
‘দর্শকের এত ভালোবাসা পেয়ে অনুপ্রাণিত হয়েছি’
মাঝখানে আর মাত্র একটা দিন। এরপরই জানা যাবে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ বিজয়ীদের নাম। তার আগে জেনে নেওয়া যাক তারকা জরিপে মনোনীতদের প্রতিক্রিয়া। গ্রন্থনা: মইনুল ওয়াজেদ
প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র
সেরা চলচ্চিত্র
‘উৎসব’, তানিম নূর
দর্শকের ভোটে সেরা চলচ্চিত্র হিসেবে উৎসব মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫–এ নমিনেশন পাওয়ায় আমরা সবাই আনন্দিত। প্রথম আলোকে ধন্যবাদ।
‘তাণ্ডব’, শাহরিয়ার শাকিল
শাকিব খানের জনপ্রিয়তার কথা তো আর বলার অপেক্ষা রাখে না। তারপর আবার তাণ্ডব পরিচালনা করেছেন রায়হান রাফী। তাই দর্শক ভোটে তাণ্ডব এগিয়ে থাকবে, এটা আমরা আশা করি। ‘তাণ্ডব’ গল্পনির্ভর ও পপুলার জনরার ব্যবসাসফল ছবি। দর্শক যত বেশি ছবি গ্রহণ করেন, আমাদের তত ভালো লাগে। সে জায়গায় তাণ্ডব–এর মনোনয়ন আমাদের ভালো লাগছে।
‘দাগি’, শাহরিয়ার শাকিল
আমরা বলি আমরা পুরস্কারের জন্য কাজ করি না, তবে পুরস্কার একটি স্বীকৃতি, যা পেলে অবশ্যই ভালো লাগে। ‘দাগি’ গল্পনির্ভর ছবি, দর্শকের ভোটে মনোনয়ন পাওয়ায় বোঝা যাচ্ছে, দর্শক ভালো গল্পের ছবি দেখতে চায়।
‘বরবাদ’, শাহরিন আক্তার
দর্শকেরাই ‘বরবাদ’কে মাইলফলক দিয়েছে। সেই দর্শকদের ভোটে বরবাদ যখন সেরা চলচ্চিত্রের মনোনয়ন পায়, সেটা অনেক বেশি আনন্দের, গর্বেরও। আমি প্রযোজক হিসেবে বাংলাদেশের দর্শকদের নিয়ে গর্ব করি। আমার বিশ্বাস, বাংলাদেশের মতো এত দুর্দান্ত দর্শক হয়তো পৃথিবীর আর কোথাও নেই। আর মেরিল–প্রথম আলো পুরস্কার নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাদের এই দীর্ঘদিনের পথচলা আরও আরও দীর্ঘ হোক।
প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র
সেরা চলচ্চিত্র অভিনেত্রী
তমা মির্জা, ‘দাগি’
‘দাগি’ আমার আত্মার কাছের ছবি। এ ধরনের একটি চরিত্রের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি। এ ছবিতে (আফরান) নিশো ভাইয়ের সঙ্গে কাজের সুযোগ হয়েছে। আমাদের আগের ছবিটিও সফল ছিল। অপর দিকে শিহাব (শাহীন) ভাইয়ের পরিচালনা ও (শাহরিয়ার) শাকিল ভাইয়ের প্রযোজনা—সব মিলিয়ে মনে হয়েছিল অসাধারণ একটা কাজ হবে। মেরিল-প্রথম আলোর মতো আলোচিত বড় প্ল্যাটফর্মে এই কাজের জন্য মনোনয়ন আমাকে অনেক আনন্দিত করেছে। দর্শকের এত ভালোবাসা পেয়ে আমি অনুপ্রাণিত। পুরস্কার না পেলে মন খারাপ লাগবে, আবার এটা ভেবে আনন্দ লাগবে যে আমি চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত এসেছি। এটা আমার বড় প্রাপ্তি।
তাসনিয়া ফারিণ, ‘ইনসাফ’
চূড়ান্ত মনোনয়নে ‘ইনসাফ’কে দেখে অবশ্যই ভালো লাগছে। ছবিটা করার সময় অনেক কষ্ট হয়েছে। দর্শক ছবিটাকে পছন্দ করেছে, ভোট দিয়ে চূড়ান্ত পর্যায় পর্যন্ত নিয়ে এসেছে, এটা খুব ভালো লাগছে।
মেহজাবীন চৌধুরী, ‘সাবা’
আমি খুবই হ্যাপি যে ‘সাবা’র মতো একটি ফেস্টিভ্যাল অরিয়েন্টেড চলচ্চিত্র জনপ্রিয় ক্যাটাগরির টপ ফোরে জায়গা করে নিয়েছে। আমার কাছে এটা নিজেই একটা পুরস্কারের মতো। কারণ, সাধারণত এ ধরনের গল্প মূলধারার দর্শকদের মধ্যে এভাবে জায়গা করে নিতে পারে না। কিন্তু সাবা সেই সীমা ভেঙে দর্শকদের হৃদয়ে পৌঁছাতে পেরেছে। এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
সাবিলা নূর, ‘তাণ্ডব’
প্রথমে মনোনীত সবাইকে শুভকামনা। দর্শকদের অনেক ধন্যবাদ নিশাতের অল্প উপস্থিতির পরও আমাকে ভোট দিয়েছেন। দর্শকের ভালোবাসাই সব সময় আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার।
সেরা চলচ্চিত্র অভিনেতা
আফরান নিশো, ‘দাগি’
মনোনয়ন পাওয়াটা অনেক সুখের। আমি সব সময় বলি, মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের অন্যতম বড় প্ল্যাটফর্ম, যেখানে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পাওয়া অনেক বড় ব্যাপার। এই অনুষ্ঠানের জন্য আমি সব সময় অপেক্ষায় থাকি। যেকোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়ায়। এটা এনার্জি হিসেবে কাজ করে। আমার কাছে মনে হয়, এই স্বীকৃতি টিমের যাঁরা একসঙ্গে কাজ করেন, তাঁদের সবার। যাঁরা মনোনয়ন পেয়েছেন, যাঁরা ভালো কাজ করে যাচ্ছেন, সবাইকে শুভকামনা।
জাহিদ হাসান, ‘উৎসব’
অনেক দিন পর চলচ্চিত্রে অভিনয় করলাম। রোজার মধ্যে অনেক কষ্ট করে কাজটি করেছিলাম। দর্শক ভালোবেসে সেই কষ্ট করাকে সার্থক করেছেন। ভোট দিয়ে চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত এনেছেন। মেরিল-প্রথম আলো পুরস্কার সব সময় সম্মানের। এখানে যাঁরাই মনোনয়ন পেয়েছেন, সবাই পুরস্কার পাওয়ার যোগ্য।
শাকিব খান, ‘বরবাদ’
(মন্তব্য পাওয়া যায়নি)
সিয়াম আহমেদ, ‘জংলি’
মেরিল-প্রথম আলো পুরস্কারের জন্য নমিনেশন পাওয়া সব সময়ই আমার জন্য বিশেষ কিছু। কিন্তু জংলির জন্য নমিনেশন পাওয়াটা এক্সট্রা স্পেশাল। কারণ, জংলি আমার হৃদয়ের খুব কাছের একটা চরিত্র। এই চরিত্র করার জন্য সবকিছু থেকে নিজেকে প্রায় এক বছর আলাদা রেখেছি। এই চরিত্রের জন্য ফিজিক্যালি ও মেন্টালি নিজেকে তৈরি করেছি। আমি খুব খুশি যে এই চরিত্রটা সামাজিকভাবেও অনেক ইমপ্যাক্ট রাখতে পেরেছে, গুড টাচ-ব্যাড টাচ নিয়ে শিখিয়েছে, শিশুদের জন্য সুন্দর একটা পৃথিবী গড়ার স্বপ্ন দেখাতে পেরেছে। এমন একটা কাজের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পাওয়া সত্যিই খুব আনন্দের।
টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ
সেরা অভিনেত্রী
কেয়া পায়েল, ‘এটা আমাদেরই গল্প’
মনোনয়ন পেয়ে ভীষণ ভালো লাগছে। কারণ, কাজ করি দর্শকের জন্য। দর্শক যখন কোনো কাজের জন্য স্বীকৃতি দেন, ভালো লাগাটা অনেক বেশি বেড়ে যায়। এটা আমাদেরই গল্প দর্শক অনেক পছন্দ করেছেন। এই নাটকের জন্য মনোনয়ন পেয়ে আমি অনেক আশাবাদী। বাকিটা আল্লাহ ভরসা।
তানজিম সাইয়ারা তটিনী, ‘তোমাদের গল্প’
‘তোমাদের গল্প’ আমার করা গত বছরের অন্যতম জনপ্রিয় একটি কাজ। ভালো কাজের জন্য স্বীকৃতি পাওয়া একজন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া। তোমাদের গল্পর জন্য মেরিল-প্রথম আলোর মতো সম্মানজনক আয়োজনে মনোনয়ন পাওয়া আমার জন্য অনেক বড় বিষয়। মনোনয়ন পাওয়ার চেয়েও ভালো কাজের জন্য মনোনয়ন পাওয়া বেশি আনন্দের। আমি আশাবাদী। দর্শক যতটুকু এনেছে, আশা করি যোগ্য জায়গা পর্যন্ত যেতে পারব। বাকিটা দেখা যাক।
তাসনিয়া ফারিণ, ‘প্রিয় প্রজাপতি’
গত বছর খুব কম নাটক করেছি, যার মধ্যে ‘প্রিয় প্রজাপতি’র জন্য দর্শক আমাকে বেছে নিয়েছেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ, চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত যাঁরা আমাকে ভোট দিয়েছেন। অনেক ভালো লাগছে।
নাজনীন নাহার নীহা, ‘মন দুয়ারী’
আমি মনোনীত হয়েছি, এটাই আমার জন্য বড় একটা পাওয়া। শেষ চারে আসব, কখনো চিন্তা করিনি। দর্শকের ভালোবাসা আর সমর্থন না থাকলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। সবার কাছে কৃতজ্ঞ, বিশেষ করে মেরিল–প্রথম আলোর কাছে যে তারা আমার কাজকে এত বড় একটা স্বীকৃতি দিয়েছে। ‘মন দুয়ারী’ আমার মনের অনেক কাছের একটা কাজ। আমি সত্যিই কঠোর পরিশ্রম করেছি, সেই সঙ্গে পুরো ‘মন দুয়ারী’ টিম। জিততে না পারলেও এত দূর আসতে পেরেই খুশি। দর্শকদের বলতে চাই, সবাই এভাবেই পাশে থাকুন।
সেরা অভিনেতা
ইয়াশ রোহান, ‘ক্ষতিপূরণ’
আবারও মনোনয়ন পেয়ে আনন্দিত। পুরস্কার পাই আর না পাই, এটা আমার জন্য এক বড় সম্মানের। ধন্যবাদ জানাতে চাই আমার দর্শকদের, যাঁরা আমার জন্য ভোট দিয়েছেন। আর ধন্যবাদ জানাতে চাই মেরিল–প্রথম আলোকে।
খায়রুল বাসার, ‘এটা আমাদেরই গল্প’
যে দর্শকদের জন্য কাজ করি, তাঁরা ভোট দিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন। এটাই আমার কাছে পরম ভালোবাসা, বিশেষ পুরস্কার। আমার পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইসহ সব সহকর্মীকে ধন্যবাদ। আর প্রিয় দর্শকদের জন্য অফুরান ভালোবাসা।
তৌসিফ মাহবুব, ‘খোয়াবনামা’
একজন অভিনেতা হিসেবে দর্শকের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। খোয়াবনামা আমার জন্য খুব স্পেশাল একটা কাজ, আর এই মনোনয়ন পেয়ে মনে হচ্ছে, সেই পরিশ্রমটাকে দর্শক অনুভব করতে পেরেছেন। অবশ্যই ভালো লাগছে। তবে এটাকে একটা দায়িত্ব হিসেবেও দেখি। দর্শকেরা যখন ভোট দিয়ে পাশে থাকেন, তখন তাঁদের প্রত্যাশাটা আরও বেড়ে যায়। চেষ্টা করব, সামনে আরও ভালো কাজ দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দিতে।
ফারহান আহমেদ জোভান, ‘তোমাদের গল্প’
মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পাওয়াটা অনেক সম্মানের। তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছি। প্রতিবারই প্রত্যাশা থাকে, হয়তো পুরস্কারটা পাব। এবারও তেমন লাগছে। দর্শকের কাছে কৃতজ্ঞ অনেকগুলো পর্বে আমাকে ভোট দিয়ে চূড়ান্ত পর্ব পর্যন্ত নিয়ে এসেছেন। পারিবারিক গল্পের ‘তোমাদের গল্প’ নাটকটি দর্শক অনেক পছন্দ করেছেন, এটা অনেক বড় ব্যাপার। এই নাটকের জন্য মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি।
সেরা গায়িকা
জেফার রহমান, ‘লিচুর বাগানে’, ‘তাণ্ডব’
‘লিচুর বাগানে’ গানটি দর্শক অনেক পছন্দ করেছে। অনেক এনজয় করেছে, গানের সঙ্গে নেচে রিলস, টিকটক বানিয়েছে। প্রীতম (হাসান)–এর সঙ্গে আমার করা কমার্শিয়াল গানটি অনেক সাড়া ফেলেছে। ভালো লাগছে অনেক ভালো ভালো শিল্পীর সঙ্গে আমার মনোনয়ন দেখে। সবার জন্য শুভকামনা। আমি খুব এক্সাইটেড।
তাসনিয়া ফারিণ, ‘মন গলবে না’
‘মন গলবে না’ আমার প্রোডাকশন হাউস ফড়িং ফিল্মসের প্রথম কাজ। ডেফিনেটলি এ কাজের জন্য মনোনয়ন পাওয়ায় আলাদা অনুভূতি কাজ করছে। মেরিল-প্রথম আলো পুরস্কারের মতো এত বড় আসরে মনোনয়ন পাওয়া আমার জন্য অনেক বড় বিষয়। এ মনোনয়ন সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
দোলা রহমান, ‘চাঁদ মামা’, ‘বরবাদ’
গত বছর মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে ‘চাঁদ মামা’ গানটির সঙ্গে পারফর্ম করেছিলাম, যেটা অনেক প্রশংসিত হয়। এবার একই গানের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫–এ মনোনয়ন পেয়ে অনেক ভালো লাগছে। আসলে মুক্তির পর থেকে ‘চাঁদ মামা’ যেভাবে ভালোবাসা অর্জন করেছে, এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সেই ভালোবাসার প্রতিচ্ছবি আজকের এই মনোনয়ন। দর্শকদের কাছে কৃতজ্ঞ যে তাঁরা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। ভালোবাসা সবকিছুর জন্য।
দিলশাদ নাহার কনা, ‘কন্যা’, ‘জ্বীন ৩’
মনোনয়ন পেলে মনে হয় সারা বছর যে চেষ্টা করে কাজ করি, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু করতে পেরেছি। কনফিডেন্স বাড়ে। ‘কন্যা’ গানটি আমার ভীষণ প্রিয় একটি গান। দর্শকও গানটি অনেক পছন্দ করেছেন। কনসার্টে দর্শকের উন্মাদনা, তাঁদের মুখে গানটা গাওয়া দেখেই বোঝা যায়, তাঁরা কতটা পছন্দ করেছেন এই গান। বিশেষ করে বাচ্চাদেরও দেখেছি এই গানে নাচতে। এত জনপ্রিয় একটি গানে পুরস্কার পেলে অবশ্যই ভালো লাগবে। মনোনয়ন পেয়ে অনেক ভালো লাগছে।
সেরা গায়ক
ইমরান মাহমুদুল, ‘কন্যা’, ‘জ্বীন ৩’
চূড়ান্ত পর্বে মনোনয়ন পেলে সব সময় ভালো লাগে। এবার ‘কন্যা’ গানটির জন্য মনোনয়ন পেয়েছি। গানটি অনেক জনপ্রিয়। গানটি বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ সবার ভালো লেগেছে। গানটা যেমন জনপ্রিয় হয়েছে, তেমনি গানটির পজিটিভ কমেন্টস অনেক ভালো লেগেছে। এমন গানের জন্য পুরস্কার পেলে আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে। বাকিটা দর্শকের ওপর ও ভোটের ওপর।
ঈশান মজুমদার, ‘গুলবাহার’
মেরিল–প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০২৫-এ সেরা গায়ক হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়া আমার জন্য সত্যিই অনেক আনন্দ ও সম্মানের। এর চেয়েও বড় অনুভূতি হলো, যেসব গুণী শিল্পীর গান শুনে বড় হয়েছি ও অনুপ্রাণিত হয়েছি, তাঁদের পাশে নিজের নামটি দেখতে পাওয়া সত্যিই আমার জন্য ভীষণ গর্বের। ‘গুলবাহার’ গানটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য দর্শক-শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা যেভাবে গানটিকে আপন করে নিয়েছেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার।
প্রীতম হাসান, ‘চাঁদ মামা’, ‘বরবাদ’
আমি অনেক খুশি মনোনয়ন পেয়ে। মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পাওয়া অনেক সম্মানের বিষয় আমার জন্য। ‘চাঁদ মামা’ গানটি দিয়ে আমি আসলে নতুন কিছু করতে চেষ্টা করেছি। দর্শক বিশেষ করে শাকিব (খান) ভাইয়ের দর্শক, শাকিব ভাই অনেক সাপোর্ট দিয়েছেন। আমি কৃতজ্ঞ। আশা করি যে যোগ্য, তার হাতে পুরস্কারটি যাবে।
হাবিব ওয়াহিদ, ‘মহা জাদু’
অনুভূতি অনেক ভালো। গান তো শ্রোতাদের জন্য করি, তাঁরা যখন তা ভালোবাসেন, তা যেকোনো সংগীতশিল্পীর জন্য তৃপ্তির। আর এ গান যখন আবার সমালোচকদের কাছেও স্বীকৃতি পায়, তখন সেটা আরও আনন্দের। যাঁরা এ গানটিকে মনোনয়ন তালিকায় রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। আরও যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের জন্য শুভকামনা।
সেরা নবাগত অভিনয়শিল্পী
আরিয়ান সারোয়ার, ‘চক্কর ৩০২’
ক্যারিয়ারের প্রথম সিনেমা হিসেবে দর্শকদের ভালোবাসা আমি বেশ উপভোগ করছি। চক্কর ৩০২–এর শুটিংয়ের সময় আমার এইচএসসি পরীক্ষা চলছিল! একদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমা, অন্যদিকে একাডেমিক জীবনের বড় একটা পরীক্ষা...দুইটা জিনিস পাশাপাশি মেইনটেইন করা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এখন মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫–এ সেরা নবাগত অভিনয়শিল্পীদের তালিকায় নিজেকে শীর্ষ চারে দেখে মনে হচ্ছে, সেই ঝুঁকি নেওয়াটা সার্থক হয়েছে। যেকোনো অ্যাওয়ার্ড একটি মাইলফলক। এটা পাওয়া, না–পাওয়ার চেয়ে বড় বিষয় হলো দর্শকদের যেই ভালোবাসা পেয়েছি, সেটাও কোনো অ্যাওয়ার্ডের চেয়ে কম নয়। তবে শেষ ধাপেও অবশ্যই সবার ভালোবাসা প্রত্যাশা করছি!
নৈঋতা হাসিন, ‘জংলি’
আমার প্রথম সিনেমাটি সবার কাছ থেকে এত সমর্থন ও ভালোবাসা পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। সেরা নবাগত শিল্পী হিসেবে আমাকে মনোনীত করার জন্য আমি মেরিল-প্রথম আলোর কাছেও কৃতজ্ঞ। একজন শিল্পী হিসেবে আমি আর কত কাজ করব, তা আমি নিশ্চিত নই, কিন্তু জংলি আমার হৃদয়ে সর্বদা একটি বিশেষ স্থান দখল করে থাকবে। আমাকে কাস্ট করার জন্য এবং ‘পাখি’ হওয়ার সুযোগ দেওয়ার জন্য পরিচালক (এম) রাহিম আঙ্কেলের কাছে সত্যিই কৃতজ্ঞ। যাঁরা আমার সিনেমাটি দেখেছেন, আমাকে ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা।
শাম্মি ইসলাম নীলা, ‘ফার্স্ট লাভ’
গত বছর আমার হাজব্যান্ড এই অনুষ্ঠানে দেখছিল সবাই স্টেজে উঠছেন, অ্যাওয়ার্ড নিচ্ছেন। তখন সে চুপচাপ বলেছিল, ‘একদিন তোমাকে এখানেই দেখতে চাই...এই অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে।’ সেদিন আমি একদমই জানতাম না আমি নাটক করব আর সেই নাটকের জন্য নবাগত হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পাব। আজ টপ ফোরে দাঁড়িয়ে মনে হচ্ছে, সেই ছোট্ট ইচ্ছাটা ধীরে ধীরে সত্যি হতে শুরু করেছে। এ জার্নিটা শুধু আমার নয়। এটা তাঁদেরও, যাঁরা আমাকে ভালোবেসে, আমার ওপর বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে এ পর্যন্ত এনেছেন। আমি চাই এই ভালোবাসার প্রতিদান আরও ভালো কাজ দিয়ে দিতে।
সাদনিমা বিনতে নোমান, ‘লিটল মিস ক্যাওস’
অনুভূতিটা সত্যিই অসাধারণ। কখনো ভাবিনি দর্শকদের কাছ থেকে এত সুন্দরভাবে গ্রহণযোগ্যতা পাব। তাঁদের ভালোবাসা পেয়েছি আর সেই ভালোবাসার ফল হিসেবেই মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫–এ সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছি। এই অনুভূতি আমার জন্য ভীষণ মূল্যবান। সত্যি বলতে জীবনে যতটা চেয়েছিলাম, তার চেয়েও বেশি পেয়েছি। এ জন্য দর্শকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
[মনোনীতদের নাম বর্ণানুক্রমে সাজানো]