এখানে সবজি কেনার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হয়

মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্তদের নিয়মিত খাদ্যতালিকায় মাছ-মাংস বিদায় নিচ্ছে, এখন শাকসবজিও সেই পথ অনুসরণ করছে। যে হারে সবজির দাম দিনকে দিন বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এর কী কী প্রভাব পড়তে পারে, সেটা কল্পনা করেছেন আসফিদুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাটখারার বদলে টাকা

একসময় মানুষ পকেটভর্তি টাকা নিয়ে ব্যাগভর্তি বাজার করত, এখন ব্যাগভর্তি টাকা নিয়ে বড়জোর পকেটভর্তি বাজার করতে পারে। কিন্তু যে হারে সবজির দাম বাড়ছে, তাতে ভবিষ্যতে দেখা যেতে পারে বাটখারার বদলে টাকার ব্যবহার।

অর্থাৎ দাঁড়িপাল্লার এক পাল্লায় আপনি টাকা তুলে দেবেন, অন্য পাল্লায় তোলা হবে সবজি। ডিজিটাল মেশিনে আগে টাকার ওজন মাপা হবে, পরে সবজির ওজন। মানে আপনার টাকার ওজনের বিনিময়ে আপনি পাবেন আপনার অতি আকাঙ্ক্ষিত সবজি। এ ক্ষেত্রে কিন্তু দুই টাকার নোট দিয়ে কাজ হবে না, সর্বোচ্চ মূল্যের নোট দিয়েই আপনার টাকার ওজন মূল্যায়িত হবে।

আঁকা: হাসান

সবজির জন্য ব্যাংকঋণ

শাকসবজির দাম বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে আমাদের ব্যাংকগুলো নড়েচড়ে বসবে। নড়েচড়ে বসে তারা অত্যন্ত সীমিত সুদে আমাদের শাকসবজি কেনার জন্য ঋণ দেবে। আমরা জায়গাজমি বন্ধক রেখে ঋণ নেব, ঋণ নিয়ে প্রাণভরে শাকসবজি খাব। অন্যদিকে ব্যাংকগুলো আমাদের বন্ধক রাখা জায়গাজমি খেয়ে নেবে। পাশাপাশি অভিজ্ঞতাসম্পন্ন, দক্ষ ঋণখেলাপিরাও সবজি খাওয়ার জন্য হাজার কোটি টাকা ঋণ নিয়ে উধাও হয়ে যাবে। এটা নিয়ে কয়েক দিন হইচই হবে, তারপর আবার আরেকটা ইস্যুতে ঢেকে যাবে সব। আর এই ইস্যুচক্র দেখতে দেখতেই একদিন ফুরিয়ে যাবে আমাদের সবজি খেয়ে পথে বসা জীবনচক্র।

নতুন গবেষণায়

আজ যে গবেষণা বলছে, পৃথিবী কমলার মতো, কাল সেই গবেষণাই হয়তো বলবে, পৃথিবী স্যান্ডউইচের মতো। এ রকম গবেষণা একদিন আমাদের ওপরও হবে। কারণ, তত দিনে আমরা শাকসবজি কেনার ক্ষমতা হারিয়ে ফেলব। শুধু শাকসবজিই নয়, আমাদের আসলে কোনো ক্ষমতাই থাকবে না কিছু কেনার। আমরা তখন হাওয়া খেয়ে বাঁচব। কিন্তু আমাদের উন্নয়নের ঘোড়া ছুটবে টগবগিয়ে। যে গবেষণা একদিন আমাদের বলত বেশি করে শাকসবজি খেতে, সেই গবেষণাই বলবে, শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এভাবেই শাকসবজির দামের ঊর্ধ্বগতি নতুন গবেষণায় মাইলফলক তৈরি করবে।

আঁকা: হাসান

ভূতের গল্পে

এত দিন আমাদের গা ছমছমে ভূতের গল্পগুলোতে মাছের আধিপত্য ছিল একচেটিয়া। বেশির ভাগ গল্পেই আমরা শুনতাম, নিশুতি রাতে মাছ নিয়ে বাড়ি ফেরার সময় একলা পেয়ে মানুষের ওপর ভূতের আক্রমণ হয়। সবজির দামে আগুন লাগার পর চিরচেনা ভূতের গল্পগুলোও পাল্টে যাবে, মাছের জায়গায় ঢুকে পড়বে বিভিন্ন শাকসবজি। নতুন গল্পে আমরা শুনব, নিশুতি রাতে এক আঁটি লাউশাকের জন্য নায়কের ওপর ভূতের হামলা। পরে জানা যাবে, হামলাকারী ভূতের শেষ ইচ্ছা ছিল অল্প আঁচে, স্বল্প তেলে রান্না করা লাউশাক ভাজি খাবে। জীবদ্দশায় সেটা না খেতে পেরে মৃত্যুর পর সে ভূত হয়ে গেছে। এবং বলাই বাহুল্য, এসব জীবনঘেঁষা, গা ছমছমে, সবজিপিপাসু ভূতের গল্প খুব অল্প সময়েই লোকমুখে ভাইরাল হয়ে যাবে।

বিভিন্ন কোম্পানির অফারে

সবজির দাম আকাশ পেরিয়ে যখন মহাশূন্যছোঁয়া হয়ে যাবে, তখন আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি নানা অফার ফেঁদে বসবে। হয়তো এমন দৃশ্যও দেখতে পারেন যে আইফোনের সঙ্গে সৌজন্য উপহার হিসেবে দিচ্ছে এক পিস করে চিচিঙ্গা, বেগুন, শসা, বরবটি বা এক আঁটি লালশাক।

আঁকা: হাসান

সবজির গয়নাগাঁটি

ফ্যাশনজগতে প্রায়ই নিত্যনতুন (আসলে উদ্ভট, আমজনতার চোখে) জিনিসপত্র দিয়ে বিভিন্ন ট্রেন্ড চালু করা হয়। শাকসবজির দাম নিয়ে যখন সবার মাথা গরম, দেখা যাবে এসব শাকসবজি দিয়েই আধুনিক, ফ্যাশনেবল এবং দৃষ্টিনন্দন(!) গয়নাগাঁটি তৈরি করা হচ্ছে। এই তালিকায় দেখা যেতে পারে:

ছোট আলুর কানের দুল, পেঁপের বিচির মালা, পটোলের আংটি, বরবটির গলার হার, কাঁচা মরিচের নাকের নথ, ঢ্যাঁড়সের চুড়ি, মটরশুঁটির নাকফুল, মিষ্টিকুমড়ার বিচির টিকলি, কাঁকরোলের কোমরের বিছা এবং এ রকম আরও অনেক কিছু।

পাত্র চাই বিজ্ঞাপনে

বিয়ের বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্রদের দাম এমনিতেই বেশি। তবে ভবিষ্যতে বিয়ের বাজারে সবজি ব্যবসায়ী পাত্ররা অন্য ব্যবসায়ী পাত্রদের ল্যাং মেরে ফেলে দেবেন বলে ধারণা করা যায়। তখন পাত্র চাই বিজ্ঞাপন ঈষৎ পরিমার্জিত হয়ে ছাপা হবে এভাবে: