ছিনতাইকারী উপাখ্যান

কার্টুন: এস এম রাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের নওমহলে একটা মেসে উঠব। বাড়ি থেকে কিছু টোপলাটাপলা নিয়ে রওনা দিলাম। শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে বাস থেকে নামলাম। তখনই এক ছেলে আমার ঘাড় পেঁচিয়ে তার হাত রাখল কাঁধে। ভাব দেখে আশপাশের পথচারীরা ভেবে থাকবেন, সে আমার ন্যাংটাকালের বোজম ফ্রেন্ড। দৃশ্য দেখে কারও কারও হৃদয়ের গ্রামোফোনে হয়তো বেজে উঠছে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা বাপ্পী লাহিড়ী ও মোহাম্মদ আজিজের গাওয়া সেই বিখ্যাত গান—‘একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার...’। এদিকে তার মুখের দুর্গন্ধে আমার দম বন্ধ হওয়ার উপক্রম। রাগে–ক্ষোভে বিক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে আপনি? প্রশ্ন শুনে মিনমিনে গলায় সে বলল, ‘আমি নিশাটিশা করি। আর নিশার ট্যাহার লাইগ্যা ছিনতাই–টিনতাই করি। পকেটে যা আছে, সব বাইর কইর‌্যা দেইন। নইলে এই বেলিড (ব্লেড) দিয়া গলায় একটা পোঁচ মাইরা দৌড় দিমু।’ এতক্ষণে আবিষ্কার করলাম, আমার ঘাড় পেঁচিয়ে ধরে রাখা তার হাতে একটা ঝকঝকে পাঁচ টাকা দামের ব্লেড, যেটা আমার গলার ডানপাশের ক্যারোটিড পালসের ওপর তাক করা। মাথাটা কেমন যেন লাঠিমের মতো ঘুরতে লাগল। কাঁপা গলায় বললাম, ভাই, আমার কাছে মাত্র পাঁচ শ টাকা আছে। আপনি সব নিয়া গেলে মেসে যামু ক্যামনে?

ছিনতাইকারী বলল, ‘ঠিক আছে, এক শ ট্যাহা রাইখা বাকি চাইর শ ট্যাহা দেইন।’

আমি কাঁপা গলায় বললাম, ভাই, চার শ টাকা দিয়ে দিলে মেসে গিয়ে কিছু খাইতে হইব তো, খিদা লাগছে! ছিনতাইকারী কিছুটা বিরক্ত হয়ে বলল, ‘আইচ্ছা, তাইলে তিন শ ট্যাহা দেইন তাড়াতাড়ি।’ তিন শ টাকা হাতে দিলাম। বড়ই দিলদরিয়া ছিনতাইকারী সে। আর কোনো বাড়াবাড়ি করল না। টাকাটা হাতে নিয়েই চম্পট দিল। ঘটনার আকস্মিকতায় আমি ভ্যাবাচেকা খেয়ে তার দৌড়ে পালানোর দিকে তাকিয়ে রইলাম!

কয়েক মাস পরের ঘটনা। তখন আমি মেসের ম্যানেজার। এক সন্ধ্যায় মেসের হিসাবনিকাশ করছি। মেসের সদস্যরা ঠিকমতো টাকাপয়সা দেয় না। মেস চালানো কঠিন। নিজের পকেটেও আছে ৪২০ টাকা। ভাবলাম, মেসের ছোট ভাই আশিককে আজ ঝারি দেব। অন্যদের কথা বাদ দিলাম। আশিক এক বাপের এক ছেলে। সে কেন টাকা দেয় না? আশিকের কথা মনে করতেই সে আমার রুমে এসে হাজির। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। কিন্তু সব বৃষ্টি কি সুখের হয়! সেটা যদি হয়, শিলাসহ ঝড়বৃষ্টি! আমার ক্ষেত্রেও তা–ই হলো। আশিক রুমে ঢুকে কোনো ভণিতা না করেই বলে ফেলল, ‘ভাই, জলদি তিন-চার শ টাকা ধার দেন তো। রাতে বাসায় ফিরেই টাকা আবার ব্যাক দিয়ে দিব।’ টাকা রাতেই ফেরত দিয়ে দিলে আর এখন নিয়ে কী লাভ? বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করলাম। আমার প্রশ্ন শুনে আশিক উল্টো জিজ্ঞেস করল, ‘নিয়া লাভ আছে, ভাই! ঘটনা জানেন না?’

আশিকের দিকে অবাকদৃষ্টিতে তাকিয়ে বললাম, ‘কী ঘটনা জানব?’ আশিক ঘটনা বলতে লাগল।

গতকাল রাতে পচাপুকুরপাড়ে এক ফ্রেন্ডকে ছিনতাইকারীরা ধরেছিল। ওর কাছে মোবাইল, টাকাপয়সা কিচ্ছু ছিল না। কিছু না পেয়ে ছিনতাইকারীরা ওর গালে দিল চাকু দিয়ে একটা পোঁচ। আর যাওয়ার সময় বলে গেল, ‘এই পোঁচ দিলাম যাতে আমগো কথা মনে রাখস। এর পর থাইক্যা বাইরে বাইর হইলে আমগোর লাইগ্যা কিছু নিয়া বাইর হবি। খামাখা তোরে ধইরা সময় নষ্ট হইলো।’

এরপর আশিক অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে বলল, ‘এখন আপনেই কন, আমার এই ছোট্ট গালে একটা পোঁচ দিলে কী অবস্থা হইব?’ আসলেই ওর গালে একছটাক মাংসও নেই। এই গালে পোঁচ খেলে সেলাই করারও জায়গা থাকবে না। তা ছাড়া গার্লফ্রেন্ড হারানোর সম্ভাবনা ১০০%। পকেটে থাকা এক শ টাকার চারটা নোট ওর হাতে ধরিয়ে দিলাম। আর হাতে থাকা বিশ টাকার নোটটা উল্টিয়ে দেখছিলাম। দেখে আঁতকে উঠলাম। এতেও ছিনতাইয়ের ঘটনা। কোনো একজন লিখে রেখেছে, ‘ট্রেনে দেখা অচেনা মেয়ে, একপলকে মনটা করেছ ছিনতাই, এখন আমি তোমায় কোথায় খুঁজে পাই?’ আর নিচে ফোন নম্বরটা লিখে দিয়েছে।

ভাবলাম, ফোন করে ইচ্ছেমতো একটা ঝারি দিই, টাকা কি তোর ডায়েরি রে, শালা! কিন্তু শালা মার্কা গালি দিতেও সামর্থ্য লাগে। আমার সে সামর্থ্যও নেই। মানে, ফোনের ব্যালান্স জিরো! ভাবলাম, বিশ টাকা ফোনে রিচার্জ করে আসি। কিন্তু রিচার্জ করে ফেরার পথে ছিনতাইকারী ধরলে, গাল বাঁচাব ক্যামনে! মেস চালানোর চিন্তার সঙ্গে নতুন এক চিন্তা যুক্ত হলো। সেটা হলো, ছিনতাইকারীর হাত থেকে গাল বাঁচানোর চিন্তা!