অফ হোয়াইট প্যান্টে লেগে গেল কলমের কালি। কালি কাপড় গলিয়ে আমার থাইল্যান্ডের ভেতর প্রবেশ করেছে। সেখান থেকে যেকোনো সময় চলে যাবে পাতায়ার দিকে। আর বসে থাকা যায় না। আমি চরিত্রবান পুরুষ।
প্রথমেই চেষ্টা করলাম প্যান্টের কালি ধুয়ে ফেলার। ধুতে গিয়ে বিস্ময়ের সঙ্গে দেখলাম কালির মন গলছে। অথচ আমার ধারণা ছিল, কালি উঠবে না। কারণ, গালি কিংবা কালি একবার পড়ে গেলে তা আর ওঠানো যায় না!
আমার কালি উঠছে। দ্বিগুণ উৎসাহে আমি এবার সাবান মাখিয়ে কালি ওঠাতে থাকলাম। এতে কালিতে প্রাণ প্রতিষ্ঠা হলো। কালি ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ গাইতে গাইতে ছড়িয়ে পড়ল প্যান্টের চারপাশে।
এতক্ষণে এসে আমার মনে হলো ভুল হয়ে গেছে। বিগ মিসটেক! যে কালি ‘বিন্দু তুমি আমি তোমায় ঘিরে’ টাইপের ছিল, সেটা এখন ‘এক পায়ে কালি তোমার অন্য পা খালি!’
রণে-বনে-জলে-জঙ্গলে যখন যেখানে বিপদে পড়ি, আমি আমার স্ত্রীকে স্মরণ করি। দ্রুত টেক্সট করলাম, প্যান্টে কালি লাগছে কলমের!
উত্তর এল, কলমের ক্যাপ বন্ধ রাখবা না?
‘বন্ধই ছিল। কিন্তু এই কলমের ডায়াপার লাগবে।’
‘ওকে, যেমন আছে তেমনই রেখে দাও। একদম সাবান-পানি দিবা না। নইলে কালি ছড়িয়ে যাবে।’
আমার বুক ধড়াস করে উঠল। কোনোমতে লিখলাম, সাবান-পানি তো দিয়া দিছি!
একরাশ শ্রাব্য-অশ্রাব্য লেখার পর তিথি লিখল, ‘আসার সময় অ্যালকোহল নিয়ে আসবা!’
মুখে এল হাসি। ঠিকই তো! একটা প্যান্টের অর্ধেকটা শোক কাটাতে কোয়ার্টারখানা সন্ধ্যা যদি ফুল রাঙানো যায়, ক্ষতি কী?
বললাম, ‘ফ্রায়েড চিকেনও আনি?’
আবারও শ্রাব্য-অশ্রাব্য। অনেকক্ষণ পর বুঝলাম, অ্যালকোহল খানাপিনার জন্য না। তা দিয়ে ওঠানো হবে প্যান্টের কালি।
তোমার সেন্স অব হিউমার খুব ভালো। প্যান্টের রং নিয়ে তুমি দারুণ মজা করতে পারো। তবে আমি বুঝতে পারছি, এটা কালো রঙেরই প্যান্ট।
২.
অ্যালকোহল, শ্যাম্পু, সাবান, জুতার শ্যাম্পু, শেভিং ফোম হেনতেন দিয়ে সারা রাত প্যান্টের পা রগড়ানো হলো। ওটার প্রাণ থাকলে মাফ চেয়ে ‘বধু ছিল, শিশু ছিল, তবু সে দেখিল কোন ভূত’ স্টাইলে ফাঁস দিতে চলে যেত আমগাছে।
তবে ভোরের দিকে পেলাম অব্যর্থ আইডিয়া। তিথিকে বললাম, ‘তুমি ঘুমাও। ভুলেই গেছিলাম, আমরা বাস করছি এআইয়ের দুনিয়ায়!’
এরপরই এআইকে লিখলাম—
‘হাই! তুমি কি আমার প্যান্টের কালি ওঠানোর ব্যাপারে হেল্প করতে পারবা?’
‘নিশ্চয়ই পারব। তুমি কী ধরনের হেল্প চাও?’
‘এই ছবিটা দেখো, এটা আমার প্যান্টের ছবি...’
‘আমি বুঝতে পেরেছি। তোমার প্যান্টে সাদা রং লেগেছে।’
‘না। এটা সাদা রঙেরই প্যান্ট। কালো রং লেগেছে।’
‘তোমার সেন্স অব হিউমার খুব ভালো। প্যান্টের রং নিয়ে তুমি দারুণ মজা করতে পারো। তবে আমি বুঝতে পারছি, এটা কালো রঙেরই প্যান্ট।’’
‘বেশি বুইঝো না। যা বলছি, তা–ই বোঝার চেষ্টা করো। না হলে অফ যাও!’
‘হ্যাঁ, আমি মাঝে মাঝে বেশি বুঝি। এটা ঠিক নয়। আমি চেষ্টা করব এ ব্যাপারে উন্নতি করতে। তুমি তাহলে বলছ, এটা একটি কালো রঙের প্যান্ট, আর তাতে সাদা রঙের প্লাস্টিক পেইন্ট লেগেছে। এই রংগুলো ওঠানোর জন্য তুমি তারপিন ব্যবহার করতে পারো। তবে তার আগে আমাকে জানাও তোমার প্যান্টের ফেব্রিকস কী? কটন, টেট্রন নাকি সেমি কটন?’
‘অফ যা শালা তুই।’
‘তুমি ঠিকই বলেছ। প্যান্টের রং আসলে অফ যা হোয়াইট। এটা অফ হোয়াইটের কাছাকাছি একটি রং। তুমি কি ধারণা করছ এতে কালি লেগেছে? তোমার ধারণা যদি সত্যি হয়, তাহলে কী ধরনের কালি লেগেছে বলে তুমি মনে করো? এটা কি হাঁড়ির কালি, গ্রিজ, কলমের কালি নাকি...’
আমি ফোন ছুড়ে মারলাম দূরে। তারপর বাকি কলমের কালি পুরোটা উল্টে দিলাম প্যান্টের দ্বিতীয় পায়ে।
স্ত্রী হুড়মুড় করে ছুটে এল, ‘কী হলো? কী হয়েছে? এআই কী সমাধান দিল?’
আমি বললাম, ‘এআই বলেছে, থাইল্যান্ড হোক কি পাতায়া, কলঙ্ক সঙ্গে রাখাই ভালো!’