সিক্রেট কোড অব পাসপোর্ট অফিস

কার্টুন: এআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিনের শখ, বিদেশে যাব। নেপালে গিয়ে আকাশ থেকে লাফ দিয়ে ভিডিও করে ফেসবুক কাঁপায় দেব।

কিন্তু পাসপোর্টের খোঁজখবর নিয়ে জানতে পারলাম, দালাল ছাড়া এটা নাকি সম্ভবই নয়! দালালের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তাকে তিন হাজার টাকা দিতে হবে এক্সটা।

ভাবলাম, আমি সচেতন নাগরিক। নিজে নিজেই করব। অফিস থেকে রোববার ছুটি নিয়ে নিলাম।

পাসপোর্ট অফিসে গিয়ে দেখি, বিশাল লাইন। রোববার হওয়ায় চাপ বেশি। আমার মনে হইলো, এরা মনে হয় গতকাল রাতে এসে এখানে লাইন ধরেছে!

আমিও লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে আগের আর পরেরজনের সাথে বন্ধুত্ব হয়ে গেল। বলল, ‘দেখি আপনার ফর্মটা।’ দেখেই বলে দিল, ‘হবে না আপনারটা।’

কেন জিজ্ঞাসা করাতে বলল, ‘দেইখেন, হবে না। আপনি নিজে করছেন, তাই।’

‘আপনি কাকে দিয়ে করাইলেন?’

‘ওই যে ছবি দেখতেছেন, ওনারে দিয়া।’

পাসপোর্ট অফিসের দেয়ালে ঝুলছে চিহ্নিত দালালদের ছবি। সেখান থেকে একজনকে দেখালেন তিনি!

‘কিন্তু উনি তো চিহ্নিত দালাল।’

‘এসবই চলে, ভাই। উনি আশপাশেই আছেন।’

ফাইল জমা দিলাম। পাতা উল্টে ভেতরে কী যে দেখল, কে জানে। সাপোর্টিং ডকুমেন্টসও ওভাবে দেখল না। বলল, ‘ডকুমেন্ট মিসিং আছে। ডকুমেন্টস ঠিক করে আসেন।’

অথচ আমি যা যা দেওয়ার দরকার, সব ডকুমেন্ট দিলাম অনলাইনে দেখে। আমার আগের ও পরেরজনেরও হয়ে গেল কিছু ডকুমেন্ট না থাকার পরও!

হতাশ হয়ে বের হয়ে দেখি, চিহ্নিত দালালের সাথে লাইনে আমার সামনে যে ছিল, সে কথা বলছে৷ আমাকে ডেকে নিয়ে বলল, ‘কী বললাম, ভাই। হবে না তো যদি প্রসেসে না যান।’

প্রসেস শুনে একটা কাজ করলাম শুধু। আমি এডির সাথে দেখা করতে গেলাম। স্যার নাকি অনেক ব্যস্ত৷ ২০ মিনিট পরে ঢোকার অনুমতি পেলাম।

সমস্যার কথা বলার পর এডি বললেন, ‘আপনি জব করেন কক্সবাজারে। পাসপোর্ট এখানে কেন করছেন? কক্সবাজারে করেন। আপনি রোহিঙ্গা না বাংলাদেশি, আমরা কীভাবে বুঝব?’

‘স্যার, আমার সব ডকুমেন্ট আছে। চেক করেন। আর আমাকে পাঠাইছে আপনার দেয়ালে টাঙানো সেই চিহ্নিত দালাল।’

স্যার তো এ কথা শুনে উঠে দাঁড়ালেন। ‘এই, আপনি কি গোয়েন্দা নাকি?’

‘না, স্যার। আমি একজন সাধারণ মানুষ।’

চেয়ারে বসে পানি খেয়ে বললেন, ‘বলেন, আপনার জন্য কী করতে পারি?’

‘স্যার, সিস্টেমে ঢুকি দেখি, আমি পরের আবেদন আবার করতে পারব দুই মাস পর। আমি যেন আজই করতে পারি, সে ব্যবস্থা করে দেন।’

স্যার ল্যান্ডফোনে কাকে যেন কী বললেন। পরে আমাকে বললেন, ‘আপনি ২০৩ নম্বর রুমে যান। করে দেবে।’

দুই মাস আমাকে রেস্ট্রিকশন দিয়ে রাখবে, এটা কেমন কথা!

যা–ই হোক, বের হলাম। চিহ্নিত দালাল সাহেব আমাকে একটা কার্ড ধরিয়ে বলল, ‘বিকেলে আসেন।’

গেলাম তার অফিসে। অফিসের ডিজাইন আর শীতাতপনিয়ন্ত্রিত রুম দেখে আমার তো চোখ ছানাবড়া!

‘কেন যে নিজে নিজে করতে যান! আমরা আছি কী জন্য তাহলে?’ 

বললাম, ‘আপনাকে তো চিহ্নিত দালাল বলে ব্যানারে চিহ্নিত করল।’

‘মিয়া, আমার এটা নিয়ে পাঁচটা অফিস আছে। আপনার থেকে যে টাকা নেব, তার কিছু ভাগ দিতে হয় স্যারদের।’

কথা আর বাড়ালাম না। কারণ, কিছু ডকুমেন্ট বাসায় রেখে চলে আসছি।

উনি বলল, ‘দরকার নাই।’

কী কারিশমা করছে, কে জানে!

পরদিন গিয়ে দেখি আমাকে বলছে, ‘আপনার ডকুমেন্টস কম। সব ডকুমেন্ট নিয়া আসেন।’

বললাম, ‘ভেতরে একটু ভালো করে দেখেন।’

পরে আবার দেখে বলল, ‘না না, আপনারটা হবে।’

আমি তো তাজ্জব বনে গেলাম। পরে ফাইল আমাকে দিয়ে বলল, ‘ওই কাউন্টারে যান।’

যেতে যেতে ফাইলের ভেতরের কোডটা আবার দেখে নিলাম। হায়রে সিক্রেট কোড। একটা কোড লিখে দিল, তাতেই নিল তিন হাজার টাকা।