কক্সবাজারের বিজনেস আইডিয়া

কার্টুন: প্রভা পুচ্চি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ কক্সবাজারে আসে সমুদ্র দেখতে, ফুরফুরে হাওয়ায় নিজেকে ভাসিয়ে দিতে আর ফেসবুকে ‘লাইফ ইজ আ বিচ’ ক্যাপশন দিয়ে অন্তত এক ডজন ছবি আপলোড করতে। 

কিন্তু আমার ব্যাপারটা আলাদা। সমুদ্রের ঢেউয়ের চেয়েও টাকার প্রবাহ চারপাশে আছড়ে পড়ছে দেখেই শান্তি লাগে। অবশ্য সেই প্রবাহটা এখনো আমার পকেটের দিকে আসেনি।

কলাতলী থেকে সুগন্ধা—বালুর প্রতিটি কণায় আমি কেবল স্টার্টআপের গন্ধ পাই। আমার ধারণা, কক্সবাজার কোনো পর্যটনকেন্দ্র নয়, এটি আসলে একটা ওপেন হাব।

গত সপ্তাহে সৈকতে পা দিয়েই ভাবলাম, এবার আর শুধু বাতাস খেয়ে ফিরব না, একটা পাকা ব্যবসা ফেঁদে ফিরব। মাথায় একের পর এক আইডিয়া কিলবিল করতে শুরু করল।

প্রথমেই নজর পড়ল ঘোড়া ব্যবসার দিকে। সমুদ্রপাড়ে ঘোড়ার পিঠে চড়ে ছবি তোলা আর তার পেছনে আনারকলির মতো ঝলমলে সাজে পর্যটকদের বিচরণ। কিন্তু একটু তলিয়ে দেখেই বুঝলাম, এই ব্যবসায় ভবিষ্যৎ অন্ধকার। কারণ, বাঙালি পর্যটক ঘোড়ায় চড়ে ঠিকই, কিন্তু ছবি তোলার পর ঘোড়ার মালিকের চেয়ে বেশি দরদাম করে ঘোড়ার ঘাসের দাম নিয়ে। তা ছাড়া ঘোড়া যদি একবার বুঝতে পারে পিঠের মানুষটা ঢাকা থেকে ‘অফিস ট্যুর’-এর নামে বসের টাকায় ঘুরতে এসেছে, তবে সে দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়ে।

দ্বিতীয় আইডিয়া এল পাথর বেচে মালা বানানো দেখে। ঝিনুক আর রঙিন পাথরের মালা! কিন্তু পর্যবেক্ষণ করে দেখলাম, পর্যটকেরা পাথর কেনার চেয়ে সৈকতে বসে নিজের প্রেমিকার পাথরের মতো কঠিন হৃদয় গলাতেই বেশি ব্যস্ত। যে পাথর বিনা পয়সায় কুড়িয়ে পকেটে ভরা যায়, মানুষ সেটা সুতায় গেঁথে টাকা দিয়ে কিনবে কেন? এই মার্কেটে কোনো গ্রোথ নেই। তাই বাদ।

এরপর ভাবলাম মহেশখালীর মিষ্টিপান নিয়ে। মহেশখালী থেকে পান এনে সরাসরি সৈকতে সাপ্লাই দেব। কিন্তু সমস্যা হলো, মিষ্টিপান মুখে পুরে পর্যটকেরা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে যে পানের পিক ফেলার জন্য তারা আর ডাস্টবিন খোঁজে না, সোজা সমুদ্রের পানিকেই পিকদানি বানিয়ে ফেলে। পরিবেশবাদীদের মামলার ভয়ে এই প্রজেক্টও ড্রপ করলাম।

সব আইডিয়া যখন মাঠে মারা যাচ্ছে, ঠিক তখনই সুগন্ধা পয়েন্টে এক অটোওয়ালার সঙ্গে এক ঢাকাইয়া পর্যটকের কথোপকথন শুনে আমার মাথায় ইলেকট্রিক শক লাগল! মানে ‘ইমোশনাল রিলিজ’ টাইপের বিজনেস! আমি পেয়ে গেছি আমার ‘মিলিয়ন ডলারের বিজনেস আইডিয়া’।

ঘটনাটা খুব সিম্পল। কক্সবাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া নয়, আকাশছোঁয়া হলো পর্যটকদের প্রমিত বাংলা উচ্চারণ। আপনি যত শুদ্ধ ভাষায় কথা বলবেন, ডাবের দাম তত বাড়বে। আপনি যদি বলেন, ‘ভাই, এই ডাবটি কত করে?’ দোকানি আপনার কপালে ‘ট্যুরিস্ট’ সিল মেরে নির্দ্বিধায় বলবে, ‘এক শ পঞ্চাশ টাকা।’

কিন্তু আপনি যদি ভ্রু কুঁচকে, গলার স্বর একটু নামিয়ে, নির্ভেজাল চাটগাঁইয়া টানে বলেন, ‘অ ভাই, ইবা হত গরি লইবা?’ ব্যস! ম্যাজিক! দোকানি আপনাকে নিজের হারানো চাচাতো ভাই ভেবে এক নিমেষেই সেই ডাবের দাম নামিয়ে আনবে পঞ্চাশ টাকায়!

তখনই আমি খুলে ফেললাম আমার নতুন সার্ভিস ‘আঞ্চলিক অনুবাদক ওরফে দরদাম কনসালট্যান্সি’।

ব্যবসার মডেলটা একেবারেই স্বচ্ছ ও জনকল্যাণমূলক। কোনো পর্যটক যখনই কোনো দোকানে যাবেন, হোটেল বুক করবেন বা সিএনজিতে উঠবেন, আমি তাঁর ছায়াসঙ্গী হয়ে পাশে দাঁড়াব। পর্যটক আমাকে কানে কানে শুদ্ধ বাংলায় বলবেন তিনি কী কিনতে চান। আমি সেটা তাৎক্ষণিক দরদামমূলক ভাষায় অনুবাদ করে দোকানিকে বলব।

ধরুন, পর্যটক কিনতে চান এক প্লেট রুপচাঁদা ফ্রাই। শুদ্ধ বাংলায় চাইলে দাম হাঁকবে আট শ টাকা। আমি মাঝখানে দাঁড়িয়ে এমনভাবে আঞ্চলিক ভাষায় দরদাম করব, যেন দোকানি বুঝতে বাধ্য হয়—এই লোক ঢাকা থেকে আসেনি, বরং টেকনাফ থেকে তেঁতুলিয়া সব চেনে এবং দোকানির শ্বশুরবাড়ির গ্রামের লোক! ফলাফল? আট শ টাকার মাছ চার শ টাকায় নেমে আসবে।

এবার আসি আমার প্রফিট মার্জিনে। আমি পর্যটককে সাফ জানিয়ে দিই, ‘ভাই, আমি আপনার চার শ টাকা বাঁচিয়ে দিলাম। দোকানিকে যে অতিরিক্ত চার শ টাকা আপনি এমনিতেই দিতেন, সেটা ওদের না দিয়ে আমাকে দিয়ে দিন। ওদের দিলে ওরা ভাববে আপনি বোকা, আর আমাকে দিলে আপনি পাবেন একজন বিশ্বস্ত দোভাষীর আশীর্বাদ!’

পর্যটকেরাও মহাখুশি! কারণ, তাদের পকেট থেকে তো আর বাড়তি টাকা যাচ্ছে না, বরং স্থানীয় লোকের কাছে ‘ঠকে যাওয়ার’ যে মানসিক যন্ত্রণা, তা থেকে তারা মুক্তি পাচ্ছে। আর আমি? কোনো পুঁজি ছাড়াই, কোনো দোকান ভাড়া না নিয়েই কেবল মুখের বুলি একটু এবড়োখেবড়ো করে পকেট গরম করছি।

গতকাল এক ভদ্রলোক আমাকে পাঁচ শ টাকা বকশিশ দিয়ে বললেন, ‘ভাই, আপনার এই আইডিয়াটা তো অসাধারণ! এটা নিয়ে বড় কিছু করেন।’

আমি মুচকি হেসে বললাম, ‘ভাই, বড় কিছু করতে গেলে তো ইনভেস্টর লাগবে। আর ইনভেস্টর খুঁজতে গেলে আমাকে আবার শুদ্ধ বাংলায় প্রেজেন্টেশন দিতে হবে। শুদ্ধ বাংলা বলে নিজের দাম কমানো যাবে না কিছুতেই! তার চেয়ে ভাষা হোক মানসিক শান্তির কারণ—এ ট্যাগ লাইনে বিজনেস খুলে দিই আপাতত।