আপনার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে

কাটৃুন: প্রভা পুচ্চি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের জীবন ও আশপাশের মানুষ মাঝে মাঝে আমাদের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণকর অনেক কাজ করে। সরকার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে গ্যাসের দাম বাড়ায়! আর আমার এক বন্ধু আমার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে আমার ৫ হাজার টাকা মেরে দিছিল।

 আমার এই বন্ধু আমার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি। ১০ বছর পর টাকা চাওয়ায় বলছে, তোর দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই টাকাটা আর কখনো ফেরত দিইনি। 

জিজ্ঞেস করলাম, এই দীর্ঘমেয়াদি কল্যাণটা আসলে কী? বন্ধু বলছে, অর্থই অনর্থের মূল দোস্ত! আমি চাইনি তোর হাতে অর্থ গিয়ে তোকে একজন অনর্থ মানুষে পরিণত করুক। 

মোহাম্মদপুরে একবার ছিনতাইয়ের শিকার হইছিলাম। ছিনতাইকারীর চেহারা কিছুটা কিউট লাগায় নিজে থেকেই সব বের করে দিয়েছি। আমার সহযোগিতা দেখে ওরা আমাকে বেশ পছন্দ করেছে। ছিনতাই শেষে পাশেই একটা দোকানে চা খাওয়াইছে। চা খেতে খেতেই ওনাদেরকে জিজ্ঞেস করেছি, ছিনতাই কেন করেন আপনারা? 

সিনিয়র ছিনতাইকারীর উপদেশক পাশ থেকে বললেন, ভাই! নিজেদের জন্য তো করি না! করি জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে। 

জানতে চাইলাম, কী সেই কল্যাণ? 

পকেট থেকে আরও ৫০০ টাকা বের করে ওনাকে দিয়েছি। ওনাকে বলেছি, ভাই, দীর্ঘমেয়াদি কল্যাণ যেহেতু আছে, এই নেন আরও ৫০০। দেন আরও কিছু কল্যাণ দেন। খাইয়া মইরা যাই।

চায়ে চুমুক দিয়ে জানতে চাইলাম, কিন্তু ভাই, এখানে কল্যাণ কই?

উনি ধমক দিয়া বললেন, আপনাদের মধ্যে বড়ই অস্থিরতা! পুরা কথা শোনেন। এখানে কল্যাণ হইতেছে, শিক্ষা। আমরা জনগণরে এই মেটাফোর ব্যবহার করে শিক্ষা দিতে চাই, পৃথিবীর সকল সরকার আপনাগের লগে এমন করে। আপনারা ভোট দেন, ভোট পাওয়ার পর ওরা ছিনতাই করে! জীবনের ঝুঁকি নিয়া ছিনতাই করে মানুষকে এইসব শিক্ষা দিতে চাই। তা–ও মানুষ শিক্ষা নেয় না।

জিনিসপত্র কিনতে গিয়ে ঠকে যাওয়া আমার দীর্ঘমেয়াদি অভ্যাস। একবার বিরাট এক ঠকা খাইছি। যাত্রাবাড়ী থেকে ৩০০ টাকা দিয়া একটা কাঁঠাল কিনছিলাম। দোকানদার বললেন, কাঁঠাল একটা পাইছেন, ভেতরে তিনটার সমান কোয়া পাইবেন।

আমি তো ব্যাপক খুশি। আজকে বাসায় গিয়ে দেখিয়ে দিব।  

বাসায় গিয়ে কাঁঠালে কোয়া পাইছি মোটেমাটে তিনটা। বাকি সব আইশ দিয়ে ভরা। ঘরের মানুষ নিতান্ত ভদ্র বলে আমার মাথায় কাঁঠাল ভাঙে নাই। তবে পরের দিন কাঁঠাল ভাঙছে দোকানদার। 

দোকানে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার সাথে এত বড় বাটপারি কীভাবে করতে পারলেন? 

পাশ থেকে ওনার উপদেশক উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, আপনার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে, আপনার মাথায় কাঁঠাল ভাঙা হলো।

মেজাজ একটু খারাপই হলো। তবু কল্যাণ যেহেতু আছে, ভাবলাম শুনি। বললাম, ভাই, কীভাবে কল্যাণ, বলেন দেখি। 

উনি বললেন, ওস্তাদ কিন্তু আপনেরে কইছিল, কাঁঠাল একটা পাইছেন, ভেতরে তিনটার সমান কোয়া পাইবেন? বলছেনি? 

আমি বললাম, বলছে!

উপদেশক বললেন, বাসায় গিয়ে তিনটা কোয়া পাইছেননি?

আমি বললাম, পাইছি। 

এবার উপদেশক বললেন, তাইলে কোথায় সমস্যা বুঝতে পারছেন? 

আমি বললাম, না ভাই! বলেন, কোথায় সমস্যা? 

উপদেশক বললেন, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে। আপনে যদি ওই দিন ওস্তাদের কথাটা নিয়া ক্রিটিক্যাল থিঙ্কিং করতেন, তাইলে বুঝতেন উনি আপনারে ক্যামনে বোকা বানাইছে। এর পর থেকে প্রতিটি বিষয় নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন। তাইলে বুঝতে পারছেন, তিনটার সমান কোয়া মানে শুধু তিনটা কোয়াও হইতে পারে।  

আমি বললাম বুঝতে পারছি ভাই! 

পকেট থেকে আরও ৫০০ টাকা বের করে ওনাকে দিয়েছি। ওনাকে বলেছি, ভাই, দীর্ঘমেয়াদি কল্যাণ যেহেতু আছে, এই নেন আরও ৫০০। দেন আরও কিছু কল্যাণ দেন। খাইয়া মইরা যাই।

যাহোক, লেখাটা শেষ করি কিছু দীর্ঘমেয়াদি কল্যাণ ভিক্ষা করে। সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে ২২৩ টাকা। জানিয়েছে, জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই দাম বাড়ানো হয়েছে। সরকারকে অনুরোধ করব, কল্যাণ যেহেতু আছে, প্লিজ আরও ২৭৭ টাকা বাড়িয়ে রাউন্ড ফিগার ৫০০ করে দেন। আমাদের আরও একটু কল্যাণ হোক।