আর্তের চিৎকার হলো আর্তচিৎকার। তাহলে আত্মপ্রকাশের উদ্দেশ্যে চিৎকারকে কী বলব? আত্মচিৎকার?
বাঙালি মূলত উচ্চস্বরা। সব ক্ষেত্রে নিজেকে আলাদা করে জানান দেওয়ার জন্য আমরা উচ্চস্বরে কথা বলি। ফলে ঘরের ঝগড়া পরে শুনে ফেলে। শুনে শুনে অনেক সময় সিদ্ধান্তেও উপনীত হয়। মামলা-মোকদ্দমা হলে আশপাশের বাসা কিংবা রাস্তার ওপার থেকেও সাক্ষী মেলে। আমরা নিচু গলায় কথা বলতে পারি না। কেউ কেউ অবশ্য পারেন, তাঁরা আদতে বাঙালি জিন বহন করেন কি না, কে জানে! মোটকথা বাঙালি হলে তার গলা উঁচু হবেই।
আমাদের নেতাদের দেখুন। জনসভায়, টিভির টকশোতে, এমনকি মানুষের উপস্থিতি না থাকলেও তাঁরা যখন কথা বলেন, তখন একটু খেয়াল করবেন। ওপরওয়ালার দেওয়া ভোকাল কর্ডের সর্বোচ্চ ব্যবহার তাঁরা নিশ্চিত করেন। টকশোতে যখন দুই দলের নেতারা কথা বলেন, আপনি তার পেছনে নিঃসন্দেহে কোনো বাজার কিংবা ঝগড়ার আওয়াজ জুড়ে দিতে পারবেন। দেখবেন, ভালোই মানাচ্ছে। নেতা থেকে বের হয়ে সাধারণ জনগণের ওপর চোখ রাখি। সাধারণ একজনের সামনে একটা মাইকজাতীয় কিছু ধরুন। দেখবেন, ম্যাজিকের মতো তাঁর ভেতর একজন নেতা ভর করবে।
আমাদের সিনেমায় আসুন। নায়ক-ভিলেনের দৃশ্য খেয়াল করুন। দেখবেন, তাঁরা স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। গলাটা সর্বোচ্চ শিখরে তুলে তাঁরা কথা বলছেন। মঞ্চে যখন অভিনয় করেন, তখন একদম শেষ সারির দর্শকের কথা মাথায় রেখে একটু জোরে সংলাপ আওড়াতে হয়। কিন্তু সিনেমায় তো তেমন কোনো ঝামেলা নেই। তাহলে কেন তাঁরা জোরে কথা বলেন? কারণ, নায়ক হলে চিৎকার করে কথা বলতে হয়; ভিলেন হলে তার চেয়ে বেশি চিৎকার করে কথা বলার নিয়ম। এই দুই চিৎকারে ‘জো জিতা ওহি সিকান্দার’।
নায়ক-নায়িকা প্রেম করছে। নায়িকা এত জোরে জোরে নিশ্বাস ফেলবে, ডাইনোসর কিংবা অ্যানাকন্ডাও বোধ হয় এত জোরে শব্দ করে শ্বাস-প্রশ্বাস নেয় না। আর নায়িকার কান্না? তার চেয়ে বড় আত্মচিৎকার আর কী হতে পারে!
সিনেমার এই প্রবণতা আমাদের টিভি নাটকেও এসেছে। নাটকে মস্তিষ্কের ব্যবহার যখন কমে গেল, তখন অভিনেতা-অভিনেত্রীরা আত্মচিৎকারে মনোনিবেশ করলেন। এরপর চিৎকার–চেঁচামেচিই হয়ে গেল নাটক। নাটক নিয়ে নাটক যাকে বলে!
বাঙালিকে পদে পদে আত্মচিৎকার করে নিজেকে চেনাতে হয়, নিজের অবস্থান জানাতে হয়। ফলে বাঙালি যখন ব্যথা পায়, তখন সে আর্তচিৎকার করার বদলে আত্মচিৎকার করে ফেলে। ব্যথা প্রকাশের চেয়ে নিজেকে প্রকাশ করাই তখন বেশি গুরুত্বপূর্ণ।
অফিস–আদালতেও এ রকম কিছু আত্মচিৎকাররত বাঙালি পাবেন। তাঁরা যখন ফোনে কাজের কথা বলেন, তখন সেটা শুধু ফোনের অপর প্রান্তের লোকটাই শোনেন না, আশপাশে যাঁরা থাকেন, তাঁরাও কানে হাত দেন। এ কারণেই কবি অনেক আগে বলে গেছেন, ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে...’!
শুধু যে গলা ব্যবহার করেই আত্মচিৎকার হয়, তা নয়। আত্মচিৎকারের আরও নানাবিধ উপায় আবিষ্কৃত হয়ে গেছে। জুতা তার একটি। অফিসে দামি টাইলসের ওপর ঘোড়ার মতো টকটক টকটক আওয়াজ তুলে যাওয়াও একধরনের আত্মচিৎকার। এটার মানে, ‘আমাকে দেখো, আমাকে দেখো, আমি যাচ্ছি, আমি হাঁটছি, আমি অনেক ব্যস্ত, আমি অনেক ডট ডট ডট।’
রাস্তায় গাড়ি হলো বাঙালির আত্মচিৎকারের আরেকটি বড় হাতিয়ার। প্রয়োজন হোক আর না হোক গাড়ি মানে হর্ন। আর হর্ন হলো বাঙালির মোক্ষম আত্মচিৎকার। হর্ন বাজিয়ে যেন আমরা বোঝাতে চাই, ‘দেখো, আমার গাড়ি আছে! তোমার গাড়ি নেই, তুমি গরিব! আমার পথ ছাড়ো হতচ্ছাড়া!’ এগুলো গাড়ির হর্নের সহজ বঙ্গানুবাদ। এটা যে শুধু গাড়ির মালিকের আত্মচিৎকার, তা নয়। চালক তখন ‘সূর্যের চেয়ে বালু গরম’ নীতিতে চলেন। কোনো চালকের হর্ন বাজানোর নমুনা দেখে আপনি গাড়ির মালিককে চিনতে পারবেন।
ভালো কথা বলতে গেলেও আমরা চিৎকার করি। যাঁর চিৎকারের ডেসিবেল যত বেশি, তিনি তত বড় বক্তা। চিৎকার করে কী বলছেন, সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয়। এ কারণে কেউ কেউ বলেন, ‘চিল্লায়া কন, ঠিক কি না!’
টাকাও বাঙালির আত্মপ্রকাশের আরেকটি উপায়। মাছবাজারে গেলে মাঝেমধ্যে টাকাওয়ালাদের আত্মচিৎকার শোনা যায়, ‘এই বড় ইলিশটার কেজি কত? আরও বড় নাই? দেড়–দুই কেজি ওজনের ইলিশ কেউ খায়? কী মাছ আনো, চোখেই ধরে না!’
মানুষ জন্ম থেকেই নিজেকে জানাতে চায়, আলাদা হতে চায়। এ জন্য কেউ কেউ মাথা খাটান। যখন মস্তিষ্কের ব্যবহার হয় না, তখন শরীর এগিয়ে আসে, শরীরের সঙ্গে এগিয়ে যায় গলা। তাই আমাদের গলা জিরাফের গলার মতো আগে আগে ছোটে।
এখন আপনি কি ভাবছেন, এই লেখা পড়ে বাঙালির আত্মচিৎকার থেমে যাবে? মোটেও না। বরং বেড়ে যেতে পারে। এই লেখা যদি আত্মচিৎকারকারী কোনো বাঙালি পড়ে ফেলেন, তাহলে তাঁর আঁতে ঘা লাগবে। আর আঁতে ঘা লাগা বাঙালির আত্মচিৎকার ভীষণ তীব্র! কান পাতা দায়!