সামাজিক মাধ্যমের কল্যাণে ‘ওয়ার্ডল’ নামটি এখন পুরো পৃথিবীর কাছে পরিচিত। রোজ ৩০ লাখের বেশি মানুষ ঘুরে বেরাচ্ছে এই গেমের ওয়েবসাইটে। নিয়মিত সঙ্গী হচ্ছে জশ ওয়ার্ডলের তৈরি করা খেলায়। বন্ধু পলক শাহের জন্য তৈরি করা শব্দের খেলা আজ ছড়িয়ে গেছে পুরো পৃথিবীর মানুষের কাছে।
খেলার নিয়মটা একেবারেই সোজা, ৫ অক্ষরের একটা শব্দ, ৬ বার দেওয়া হবে সুযোগ; প্রতিবার শব্দ লেখার পর জানিয়ে দেওয়া হবে আপনার দেওয়া শব্দের অক্ষরগুলো ঠিক নাকি ভুল।
যদি অক্ষরগুলো সেদিনের শব্দের ঠিক অবস্থানে থাকে, তবে তা সবুজ রঙে পরিবর্তিত হবে। আর যদি সেদিনের শব্দে অক্ষরগুলো থাকে, কিন্তু ভুল অবস্থানে, তবে সেই অক্ষরগুলোর রং হবে হলুদ। আর যদি সেই অক্ষরগুলো শব্দে অনুপস্থিত থাকে, তবে তার রং হবে কালো। ৬ বারের মধ্যে রহস্য শব্দ বের না করতে পারলে, সেদিনের শব্দের ব্যাপারে অন্ধকারেই থাকতে হবে আপনাকে।
নিয়ম অনুযায়ী বেশ সোজা একটা খেলা। কিন্তু ‘সহজ কথা যায় লেখা সহজে’। তেমনই সহজ খেলায় অনেকেই ভুল করে বসেন। কিন্তু খেলার সাধারণ নিয়মের পাশাপাশি কিছু কৌশল মেনে চললে সহজেই এই খেলার ‘মাস্টার’ হয়ে উঠতে পারেন আপনিও।
প্রথম সুযোগ নষ্ট করবেন না
ওয়ার্ডলে প্রথম সুযোগে কোনো নির্দেশনা থাকে না। বরং প্রথমে যেকোনো একটা শব্দ দিলেই এরপর জানা যায়, ওই শব্দের কয়টি অক্ষর আছে সেদিনের শব্দে। দেখা যায়, অনেকেই জটিল শব্দ খুঁজতে গিয়ে প্রথমেই এমন শব্দ ব্যবহার করেন, যার ৫টি অক্ষরই সেদিনের শব্দে থাকে না। বরং এমন শব্দ ব্যবহার করুন, যাতে বেশ কয়েকটি ‘ভাওয়েল’ আছে, যেমন E বা A। কিংবা এমন শব্দ বসান, যেখানে পরিচিত কনসোনেন্ট বিদ্যমান। যেমন D অথবা R। কম ব্যবহৃত অক্ষর, যেমন Q, X, Y ব্যবহার থেকে দূরে থাকুন।
এক অক্ষর দুবার ব্যবহৃত হতে পারে
প্রথমবার কোনো অক্ষর সবুজ হয়ে গেলেই তা যে আবার ব্যবহার করা যাবে না, তা কিন্তু নয়। বরং শব্দ বুঝে দ্বিতীয়বার ব্যবহারের কথাও ভাবতে পারেন। কারণ, ইংরেজি অনেক শব্দে দুবার একই অক্ষরের প্রয়োগ আছে। বিশেষ করে ভাওয়েল।
ঠিক অক্ষরগুলো দিয়ে ‘শব্দ’ তৈরি করুন
মনে রাখবেন, অক্ষরগুলো দিয়ে শেষ পর্যন্ত একটি শব্দ গঠন হবেই। তো প্রথমে সবুজ ও হলুদ হওয়া অক্ষরগুলো দিয়ে শব্দ ভাবতে শুরু করুন।
পুরোনো শব্দ মাথা থেকে ঝেড়ে ফেলুন
ওয়ার্ডল পাঁচ অক্ষরের শব্দের জন্য প্রায় আড়াই হাজার শব্দের বিশাল শব্দভান্ডার তৈরি করেছে। ফলে খুব কম সম্ভাবনা তারা পুরোনো শব্দ নতুন করে ব্যবহার করবে। যে কারণে গত এক-দেড় সপ্তাহে ব্যবহৃত হওয়া শব্দের কথা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভালো।
ভার্চ্যুয়াল কি-বোর্ড ব্যবহার করুন
ওয়ার্ডল ওয়েবসাইটে ওদের নিজস্ব একটি কি-বোর্ড আছে। যাতে প্রতিটি সুযোগ ব্যবহারের পর অক্ষরগুলো সবুজ-হলুদ-কালো রং হয়ে যায়। ফোনের কি-বোর্ড ব্যবহার করলে বাদ যাওয়া অক্ষর পুনরায় ব্যবহারের ভুল হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কিন্তু ওয়ার্ডলের ওয়েবসাইটের কি-বোর্ডে সে চিন্তা নেই। ফলে ওদের কি-বোর্ড ব্যবহার করাটাই নিরাপদ।