ব্লু, হোয়াইট, নাকি গ্রে কলার—জেনে নিন আপনার চাকরির ধরন

ব্লু কলার চাকরি, হোয়াইট কলার চাকরি—এমন শব্দবন্ধ তো আমরা হরহামেশাই শুনি। জানেন কি, কলার দিয়ে আদতে কী বোঝায়? চাকরিক্ষেত্রে কীই-বা এর প্রয়োজনীয়তা?

কলারের প্রতিটি রং আদতে একটি নির্দিষ্ট কাজের ধরন, দক্ষতার স্তর, কর্মপরিবেশ ও সামাজিক ভূমিকা নির্দেশ করেমডেল: কোকো। ছবি: কবির হোসেন

মার্কিন লেখক আপটন সিনক্লেয়ার প্রথম ‘হোয়াইট কলার’ শব্দটি ব্যবহার করেন প্রায় বিংশ শতাব্দীতে। এটি দিয়ে তিনি বোঝান অফিসের নিয়মভিত্তিক কর্মীদের কাজকে। এর পর থেকেই এই ‘কলার’ ধারণা জনপ্রিয়তা পায়। নতুন করে নাম দেওয়া হয় ব্লু, গ্রে, রেড, গ্রিন, গোল্ড—এমন আরও অনেক নামের কলার ও চাকরির।

কলারের প্রতিটি রং আদতে একটি নির্দিষ্ট কাজের ধরন, দক্ষতার স্তর, কর্মপরিবেশ ও সামাজিক ভূমিকা নির্দেশ করে। একসময় শুধু ব্লু কলার (শ্রমনির্ভর কাজ) আর হোয়াইট কলার (অফিসভিত্তিক কাজ) দিয়েই এ ধারণা শুরু হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তি, অর্থনীতি ও সমাজের পরিবর্তনে এ তালিকা অনেক বড় হয়েছে।

ব্লু কলার

রাস্তা, ভবন, শিল্পপণ্য, সরবরাহব্যবস্থা—সবকিছুর পেছনেই ব্লু কলার শ্রমিকদের অবদান থাকে
ছবি: পেক্সেলস

ব্লু কলার চাকরি এমন পেশা, যেখানে শারীরিক বা কায়িক শ্রম এবং হাতে–কলমে কাজের দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই শ্রেণির কাজগুলো সাধারণত উৎপাদন, নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিবহনব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত। নির্মাণশ্রমিক, ইলেকট্রিশিয়ান, মিস্ত্রি, কারখানা শ্রমিক, কৃষক, গাড়িচালক বা লজিস্টিক কর্মী—সবাই এই বৃহৎ শ্রেণির অন্তর্ভুক্ত।

এখানে শুধু শক্তি নয়, নির্দিষ্ট যন্ত্রপাতি ব্যবহার, কারিগরি প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতারও প্রয়োজন হয়। আধুনিক অর্থনীতির প্রতিটি অবকাঠামো—রাস্তা, ভবন, শিল্পপণ্য, সরবরাহব্যবস্থা—সবকিছুর পেছনেই ব্লু কলার শ্রমিকদের অবদান থাকে, যদিও অনেক সময় তাঁদের ভূমিকা দৃশ্যমান হয় না।

হোয়াইট কলার

হোয়াইট কলার চাকরি অফিস, প্রশাসন ও করপোরেট পরিবেশে সম্পাদিত পেশাকে বোঝায়
ছবি : প্রথম আলো

সোজা বাংলায় এটি ছাপোষা চাকরিজীবীদের কাজ। হোয়াইট কলার চাকরি অফিস, প্রশাসন ও করপোরেট পরিবেশে সম্পাদিত পেশাকে বোঝায়, যেখানে শারীরিক শ্রমের চেয়ে মানসিক দক্ষতা ও বিশ্লেষণক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ।

ব্যাংকের কর্মী, হিসাবরক্ষক, মানবসম্পদ ব্যবস্থাপক, আইনজীবী, বিপণন বিভাগের কর্মী, প্রশাসনিক কর্মকর্তা বা করপোরেট ব্যবস্থাপক—সবাই এ শ্রেণিতে পড়েন।
এসব কাজে তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, দল পরিচালনা, যোগাযোগদক্ষতা ও কৌশলগত চিন্তাভাবনা অত্যন্ত জরুরি।

বিংশ শতকের শুরুতে অফিস কর্মীরা সাধারণত সাদা কলারের শার্ট পরতেন, সেই ঐতিহ্য থেকেই এই নামের উৎপত্তি। আজকের বিশ্বে হোয়াইট কলার কাজ অর্থনীতি, ব্যবসা ও নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।

আরও পড়ুন

গ্রে কলার

গ্রে কলার চাকরি হলো ব্লু কলার ও হোয়াইট কলারের মধ্যবর্তী একটি শ্রেণি
ছবি: পেক্সেলস

গ্রে কলার চাকরি হলো ব্লু কলার ও হোয়াইট কলারের মধ্যবর্তী একটি শ্রেণি, যেখানে শারীরিক শ্রম ও বুদ্ধিবৃত্তিক কাজ—দুই ধরনের দক্ষতার সমন্বয়ই প্রয়োজন হয়।
নার্স, বিমানচালক, ফায়ার সার্ভিসের কর্মী, টেকনিশিয়ান বা ল্যাব অ্যাসিস্ট্যান্টরা এ শ্রেণিতে পড়েন।

এসব কাজে একদিকে মাঠপর্যায়ের বাস্তব কাজ যেমন করতে হয়, অন্য দিকে প্রতিবেদন তৈরি, বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও প্রয়োজন হয়। তাই গ্রে কলার পেশাগুলোকে বাস্তবতার সবচেয়ে ভারসাম্যপূর্ণ কাজগুলোর একটি হিসেবে ধরা হয়।

ইয়েলো কলার

ইয়েলো কলারের মূল চালিকা শক্তি হলো সৃজনশীল চিন্তা ও দর্শকের সঙ্গে আবেগগত সংযোগ তৈরি করার ক্ষমতা
ছবি: পেক্সেলস

ইয়েলো কলার চাকরি বিনোদন, সৃজনশীল ও মিডিয়াভিত্তিক পেশাকে বোঝায়, যেখানে কল্পনাশক্তি, নান্দনিকতা ও গল্প বলার ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

চিত্রগ্রাহক, চলচ্চিত্র নির্মাতা, গ্রাফিক ডিজাইনার, কনটেন্ট ক্রিয়েটর ও আর্ট ডিরেক্টররা এ শ্রেণির অন্তর্ভুক্ত।

এসব কাজে প্রযুক্তির ব্যবহার থাকলেও মূল চালিকা শক্তি হলো সৃজনশীল চিন্তা ও দর্শকের সঙ্গে আবেগগত সংযোগ তৈরি করার ক্ষমতা।

ডিজিটাল মিডিয়ার বিস্তার ও সোশ্যাল প্ল্যাটফর্মের জনপ্রিয়তা এ খাতকে দ্রুত বড় একটি পেশাগত ক্ষেত্র হিসেবে গড়ে তুলছে।

আরও পড়ুন

গোল্ড কলার

গোল্ড কলার চাকরি হলো অত্যন্ত বিশেষায়িত ও উচ্চ আয়ের পেশা
ছবি: পেক্সেলস

গোল্ড কলার চাকরি হলো অত্যন্ত বিশেষায়িত ও উচ্চ আয়ের পেশা, যেখানে দীর্ঘ শিক্ষা, গভীর জ্ঞান ও উচ্চমাত্রার দক্ষতা অপরিহার্য।

চিকিৎসক, গবেষক, অর্থনীতিবিদ, প্রকৌশলী, বিনিয়োগ বিশ্লেষক ও উচ্চপর্যায়ের করপোরেট কর্মকর্তারা এ শ্রেণির অন্তর্ভুক্ত।

এসব পেশা শুধু ব্যক্তিগত আয়ের দিক থেকে নয়, বরং সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং প্রভাব তৈরির ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। এখানে দায়িত্ব যেমন বেশি, তেমনি প্রত্যাশাও অনেক।

রেড কলার

রেড কলারের ভেতর বিচার বিভাগ অন্তর্ভুক্ত
ছবি: পেক্সেলস

রেড কলার চাকরি সাধারণত সরকারি কর্মী বা রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে যুক্ত পেশা বোঝায়। এর মধ্যে সিভিল সার্ভিস, পুলিশ প্রশাসন, সরকারি শিক্ষক, বিচার বিভাগ ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত।

এই শ্রেণির কাজের মূল লক্ষ্য জনসেবা, নীতি বাস্তবায়ন ও রাষ্ট্র পরিচালনার কাঠামোকে কার্যকর রাখা।

নো কলার

শিল্পী, লেখক, উদ্যোক্তা, স্বাধীন গবেষকেরা নো কলার শ্রেণির অন্তর্ভুক্ত
ছবি: পেক্সেলস

ডিজিটাল যুগে কাঠামোবদ্ধ চাকরির বাইরে এই নো কলার জব হলো জীবিকা উপার্জনে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত না থেকেই টাকা আয় করা; যেখানে ব্যক্তি কোনো নির্দিষ্ট চাকরির কাঠামোর মধ্যে আবদ্ধ নন।

শিল্পী, লেখক, উদ্যোক্তা, স্বাধীন গবেষকেরা এ শ্রেণির অন্তর্ভুক্ত। এখানে মূল লক্ষ্য হলো স্বাধীনভাবে কাজ করা, নিজের আগ্রহ অনুসরণ করা এবং প্রচলিত চাকরিসীমার বাইরে গিয়ে নিজের পছন্দমতো ক্যারিয়ার গড়ে তোলা।


সূত্র: বিবিসি, ইনডিড, মিডিয়াম, ভেদান্তু

আরও পড়ুন