‘গণিতের’ এই সব দিনরাত্রি

১৮ থেকে ২৪ আগস্ট ঢাকার লালমাটিয়ায় অনুষ্ঠিত হলো গণিত ক্যাম্প। প্রাইমারি, জুনিয়র, লীলাবতী ও বিশেষ গণিত ক্যাম্প—এই চার ভাগে হয়েছিল এবারের আয়োজন। অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে গণিতবিদেরা। তাঁদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তাসনুদ আনোয়ার, হলিক্রস কলেজের তাসনিম আশরাফ, নটর ডেম কলেজের জুবায়ের আহমেদ আক্তার এবং সরকারি আনন্দ মোহন কলেজের তাহজীব হোসেন লিখেছেন তাঁদের অভিজ্ঞতা। ডাচ্‌-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় ক্যাম্পের আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লীলাবতি ও বিশেষ ক্যাম্পের গণিতপ্রেমীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল
ছবি: নাসির খান

গণিতের সঙ্গে সকাল, দুপুর, সন্ধ্যা কাটানোর উদ্দেশ্য নিয়েই শুরু হয়েছিল গণিত ক্যাম্প। আবাসিক আয়োজনে গণিতের চর্চার পাশাপাশি প্রতিদিনই ছিল নানা চমক। এসেছেন নানা গুণীজন, কথা বলেছেন। দারুণ কিছু অভিজ্ঞতা ঝোলায় নিয়ে আমরা বাড়ি ফিরেছি।

প্রাথমিক ও জুনিয়র ক্যাম্পের ক্লাসে জ্যামিতি, সংখ্যাতত্ত্ব, বীজগণিত, কম্বিনেটরিকস—সব বিষয়ের মুখ্য অংশগুলোর ধারণা দেওয়া হয়। পাশাপাশি মজার কয়েকটি সেশনও ছিল। শেখানো হয়েছে দাবা খেলা। ক্যাম্পের মেন্টররা নতুন ক্যাম্পারদের কাছে তুলে ধরেছেন তাঁদের অতীতের অভিজ্ঞতা। সঙ্গে আইসক্রিমের ব্যবস্থা তো ছিলই। নতুন বন্ধু ও বড় ভাইয়া-আপুদের কাছে পেয়ে পরিবার থেকে কয়েকটা দিন দূরে থাকার কষ্ট আমরা ভুলেই গিয়েছিলাম।

জুনিয়র ক্যাম্পারদের ক্লাসে সবাইকে চমকে দিতে হঠাৎই হাজির হন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। ইউক্লিডিয়ান জ্যামিতি নিয়ে কথা বলা ছাড়াও বেশি বেশি সমস্যা সমাধানের ওপর জোর দেন তিনি। শোনান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে নিয়ে অনুপ্রেরণামূলক গল্প।

গণিত নিয়ে চলছে আলোচনা
ছবি: নাসির খান

এরপর উপস্থিত হন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। একসঙ্গে এত গণিতপ্রেমীকে দেখে তিনি খুব খুশি। গণিতচর্চার পাশাপাশি বই ও পত্রিকা পড়া, কবিতা আবৃত্তি ইত্যাদি সৃজনশীল কাজের গুরুত্ব তুলে ধরেন তিনি। সব শেষে আমাদের হাতে তুলে দেন সনদ।

২০ আগস্ট বিকেলে শেষ হয় প্রাইমারি ক্যাম্প। ২১ তারিখ বিকেলে জুনিয়র ক্যাম্পের খুদে গণিতবিদেরা দুই ঘণ্টার এক পরীক্ষায় বসে। রাতের আয়োজনটা ছিল আরও চমকপ্রদ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া ফোয়াদ আল আলম এসেছিলেন সেদিন। একাই আটজনের সঙ্গে একই সময়ে দাবা খেলেছেন তিনি। শেষ রাতে বড় ভাইয়া-আপুদের সঙ্গে বসে সিনেমা দেখতে দেখতে শেষ হয়েছিল জুনিয়র ক্যাম্প।

আরও পড়ুন

পরদিন ২১ আগস্ট শুরু হয় লীলাবতী ক্যাম্প। এই ক্যাম্প শুধু মেয়েদের জন্য। দেশের নানা প্রান্ত থেকে গণিতপ্রেমী মেয়েরা এসেছিলেন লীলাবতী ক্যাম্পে। অন্যদিকে সেদিনই শুরু হয়ে গিয়েছিল বিশেষ গণিত ক্যাম্প। এই ক্যাম্পে গণিতের কিছু উচ্চতর বিষয়, যেমন গ্রুপ থিওরি, অ্যালজেব্রিক নম্বর থিওরি ইত্যাদি নিয়ে ধারণা দেওয়া হয়। এগুলো ব্যবহার করে সমস্যা সমাধানের নতুন নতুন কৌশলের ধারণা পাওয়া যায়। এ ছাড়া এসব বিষয়ে ভবিষ্যতে বিভিন্ন গবেষণাধর্মী কাজেও বেশ সাহায্য করে।

২২ আগস্ট সবার সঙ্গে সময় কাটাতে এসেছিলেন ‘কান পেতে রই’–এর প্রতিষ্ঠাতা ও মনোবিজ্ঞানী ইয়েশিম ইকবাল। এত সুন্দরভাবে আমাদের সঙ্গে মিশে গিয়েছিলেন যে সময়টা দারুণ কেটেছে। এ সময় ক্যাম্পাররা তাঁদের জীবনের নানা দুশ্চিন্তা, হতাশার কথা বলছিলেন। স্বতঃস্ফূর্ত ও ব্যতিক্রমী এই সেশন অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের প্রাণশক্তি দিয়েছে।

পরদিন সন্ধ্যায় ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন প্রিয় শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। গণিতচর্চার পাশাপাশি ভালো মানুষ হওয়ার দিকে নজর দিতে বলেন তিনি। স্যার যখন দেখালেন, তাঁর লেখা বই তিনি ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে (ইজিএমও) অংশ নেওয়া বাংলাদেশ দলকে উৎসর্গ করেছেন, ভীষণ ভালো লেগেছিল। এটা শুধু ইজিএমও দলের জন্য নয়, আমাদের সবার জন্যই দারুণ আনন্দের বিষয়।

এ ছাড়া চিকিৎসা, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন গবেষণায় গণিতের প্রয়োগ নিয়ে দুটি অনলাইন সেশন পরিচালনা করেন নাফিসা রায়হানা ও মনিকা দাস।

গণিত ক্যাম্পের অজস্র স্মৃতির মধ্যে আলাদা জায়গা দখল করে থাকবে রাতের খাবারের পর খেলাধুলার অংশটা। বিভিন্ন কার্ড গেম (যেমন গো-ফিশ, ব্লাফ, মাফিয়া ও ওয়্যারউলফ), পিকশনারিতে মশগুল ছিল সবাই।

দল বেঁধে সবাই মিলে হইহুল্লোড়, হঠাৎ হঠাৎ একসঙ্গে অট্টহাসি, খুনসুটি আর গল্পে মেতে ওঠা। এই সময়ই যেন ছোট-বড় সবার মধ্যে এক অদ্ভুত সুন্দর সম্পর্ক গড়ে তোলে।

গণিত ক্যাম্পে আমরা যে শুধু গণিত শিখেছি, তা নয়। শিখেছি, কীভাবে মানুষের সঙ্গে মানুষের যোগ হয়, গড়ে ওঠে একটা অন্য রকম পরিবার।