ইউনিলিভারের এমটিও প্রোগ্রাম, সদ্য স্নাতকের ক্যারিয়ার ‘লঞ্চপ্যাড’
সদ্য স্নাতকদের নিয়োগ দেওয়ার জন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রকল্প আছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের যেমন আছে এমটিও প্রোগ্রাম। এর মধ্য দিয়ে পেশাজীবনে পা রাখছেন বহু তরুণ। পড়ুন তাঁদের একজন, মো. তাহমিদুর রহমান খান–এর অভিজ্ঞতা।
একজন সদ্য স্নাতক যখন পেশাজীবনে পা রাখে, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) প্রোগ্রাম তাঁর ক্যারিয়ারের একটি কার্যকর ‘লঞ্চপ্যাড’ হিসেবে কাজ করে। এ ধরনের প্রোগ্রাম শুরু থেকেই একজন শিক্ষার্থীকে দক্ষ ও পেশাদার ম্যানেজার হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সিইও হিসেবে নেতৃত্বের জন্য প্রস্তুত করে।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ করি। ব্যবসায় শিক্ষার ছাত্র হিসেবে ক্লাসে আমরা বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানের কেসস্টাডি পড়ি, নানা সৃজনশীল কাজে যুক্ত থেকে নেটওয়ার্কিং বা দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা পাই। এ ছাড়া বিভিন্ন একাডেমিক প্রকল্প ও বিজনেস কেস কম্পিটিশনে যুক্ত থাকার মধ্য দিয়েই করপোরেট জগৎ সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইউনিলিভার বাংলাদেশ আয়োজিত বিজমায়েস্ট্রোস ২০২৪ প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই গ্র্যাজুয়েশন শেষে ইউনিলিভারের ফ্ল্যাগশিপ এমটিও প্রোগ্রাম ‘ইউনিলিভার ফিউচার লিডার্স’ (ইউএফএলপি)-এ আবেদন করি। এই প্রোগ্রাম নিয়ে লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য পাওয়া যায়। এ ধরনের প্রকল্প তরুণ নেতৃত্ব বিকাশকে কেন্দ্র করেই সাজানো হয়। সামগ্রিক ব্যবসাকে ভেতর থেকে বোঝার সুযোগ পান সদ্য ক্লাসরুম থেকে আসা তরুণ গ্র্যাজুয়েটরা। এর সঙ্গে যুক্ত হয় সিনিয়র লিডারশিপের সার্বক্ষণিক মেন্টরশিপ এবং গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করার মাধ্যমে ‘অন-দ্য-জব ট্রেইনিং’। ফলে শেখা ও কাজের অভিজ্ঞতা গ্রহণ—দুটিই সমান্তরালে চলে। বাস্তব দক্ষতা অর্জনের একটি শক্ত ভিত তৈরি হয়।
মনে আছে, প্রথম দিন ঢাকার ইউনিলিভার অফিসে ঠিক সকাল ১০টায় পা রেখেছিলাম। তখন থেকেই আমার শেখার যাত্রা শুরু। এই প্রোগ্রামে নির্বাচিত হয়ে তরুণ সহকর্মী যেমন পেয়েছি, তেমনি অনেক বছর ধরে বাংলাদেশের করপোরেট খাতে আলোচিত ব্যক্তিত্বদের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি। ইউনিলিভারের এমটিও প্রোগ্রামের মাধ্যমে শুধু পেশাগত দক্ষতাই নয়, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও নেতৃত্বগুণের মতো সবকিছু নিয়েই শেখার সুযোগ দেওয়া হয়। যাঁদের শেখার আগ্রহ প্রবল, যাঁরা ভবিষ্যতে নিজেকে গুরুত্বপূর্ণ ম্যানেজারিয়াল ভূমিকায় দেখতে চান, তাঁদের অগ্রাধিকারের তালিকায় এমটিও প্রোগ্রাম নিশ্চয়ই থাকা উচিত।