ড্যাফোডিলের ফটোগ্রাফিক সোসাইটি যে কারণে আলাদা
প্রায় সব বিশ্ববিদ্যালয়েই আছে ফটোগ্রাফি ক্লাব। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এসব ক্লাব। ছবি তোলার চর্চার পাশাপাশি একে অপরের কাছ থেকে শিখছেন তাঁরা, আয়োজন করছেন নানা অনুষ্ঠান ও প্রদর্শনী। ক্যাম্পাসের আলোকচিত্রীরা নিশ্চয়ই তাঁদের প্রিয় প্রাঙ্গণকে একটু ভিন্ন চোখে দেখেন। চলুন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির কার্যক্রম সম্পর্কে জেনে নেওয়া যাক।
‘আমরা শুধু ছবি তুলি না। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নানা ধরনের কাজ করি। এটিই অন্য ফটোগ্রাফিক সংগঠনগুলো থেকে আমাদের আলাদা করেছে বলে মনে করি,’ বলছিলেন সংগঠনটির সভাপতি রাকিব হাসান। কথা বলে মনে হলো, শুধু সামাজিক কাজ নয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি আরও একটি জায়গায় ব্যতিক্রম। বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানের ছবি তোলার ভারও সংগঠনের সদস্যদের ওপরই পড়ে। তাই ২০১১ সালে যাত্রা শুরু করা এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের সব রকম আয়োজনেই ওতপ্রোতভাবে যুক্ত থাকে।
ফটোওয়াক, আলোকচিত্র নিয়ে কর্মশালা, এসব তো আছেই। ক্যাম্পাসের বাইরেও দল বেঁধে ছবি তুলতে বের হন তাঁরা। এমনকি বাইরের বিভিন্ন অনুষ্ঠানে বাণিজ্যিকভাবেও ছবি তোলার কাজ করেন। এসবের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান বিজয় দিবসের মতো জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে থিমভিত্তিক ছবি তোলার কাজ করেন ক্লাবের সদস্যরা। সংগঠনের সদস্যরা বড়দের কাছ থেকে শেখার সুযোগ পান। ক্লাব আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীগুলোতে স্বাভাবিকভাবেই সদস্যদের একটা ভালো অবস্থান থাকে।
সংগঠনটির সভাপতি রাকিব হাসানের স্বপ্নটা অবশ্য আরও বড়, ‘আমাদের সংগঠনটিকে শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত করতে চাই। এমন একটি দিনের স্বপ্ন আমরা দেখি, যেদিন আমাদের সদস্যরা ফটোগ্রাফিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার জিতবে। এ ছাড়া আমরা নিজেরাও বড় পরিসরে আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করতে চাই।’