আমগাছ ও জোড়া গাবগাছ বধ্যভূমির স্মৃতি বহন করছে

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরেরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বিশিষ্টজন, বুদ্ধিজীবী, সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা করার জন্য কিছু জায়গা বেছে নিয়েছিল। নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন অনেক স্থান। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসসংলগ্ন এলাকায়ও মিলেছে বধ্যভূমির খোঁজ। এ সময়ের তরুণ শিক্ষার্থীরা যখন নিজ ক্যাম্পাসের বধ্যভূমির কাছে যান, কী উপলব্ধি হয় তাঁদের? বধ্যভূমির ইতিহাস তাঁরা কতখানি জানেন? শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করেছিলাম আমরা। এখানে পড়ুন বাঙলা কলেজের শিক্ষার্থী হৃদয় ভদ্রের লেখা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোড়া গাবগাছ বধ্যভূমির স্মৃতি বহন করছে
ছবি: কবির হোসেন

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৭ সালে আমি যখন সরকারি বাঙলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়নের সুযোগ পাই, তখন থেকেই বিভিন্নভাবে কলেজটি সম্পর্কে জানার চেষ্টা করি। জানতে পারি, মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বহন করে আছে আমাদের কলেজ। এখানে একটি বধ্যভূমি আছে।

আরও পড়ুন
আরও পড়ুন

কলেজের প্রথম দিনই আমি বন্ধুদের নিয়ে জায়গাটা দেখতে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে একটু অবাকই হই। কোনো স্মৃতিফলক বা চিহ্নিত জায়গা সেখানে দেখতে পাইনি। সেখানে উপস্থিত একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে পারি, এখানকার একটি আমগাছ ও জোড়া গাবগাছ বধ্যভূমির স্মৃতি বহন করছে।

মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বহন করে আছে এই কলেজ
ছবি: কবির হোসেন

তিনি বলছিলেন, ‘এখানে তোমরা যে আমগাছটি দেখছ, মুক্তিযুদ্ধের সময় এই আমগাছের শিকড়ের ওপর মানুষকে রেখে জবাই করা হতো। সেই আমগাছটাই এখন বড় হয়েছে।’ তাঁর কথা শুনে সেদিন গায়ে কাঁটা দিয়েছিল। শুনেছি কলেজের বড় গেট ও শহীদ মিনারের মাঝামাঝি জায়গায় ১৯৭১ সালে একটা পুকুর ছিল। এই পুকুর পাড়ে মুক্তিকামী বাঙালিদের লাইন ধরে দাঁড় করিয়ে গুলি করা হতো। অনেক বুদ্ধিজীবীকেও এখানে হত্যা করা হয়েছে।

২০১৮ সালে ড. ফেরদৌসী খান কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার পর বধ্যভূমি চিহ্নিত ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। ইতিহাসবিদ মুনতাসীর মামুনকে আমাদের কলেজে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। পরে এখানকার আমগাছ, জোড়া গাবগাছ ও গণকবর—তিনটি জায়গায় বেদি নির্মাণ করা হয়। এখন জায়গাটিতে গেলে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। জানতে পারে, কত ত্যাগের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি।