সকালের এই অভ্যাসগুলো বদলে ফেলুন
আপনি কীভাবে সকাল শুরু করছেন, তার ওপর অনেকটাই নির্ভর করে আপনার দিন কেমন যাবে। আর যদি সকালের অভ্যাসের কথা বলা হয়, তাহলে সেটা আপনার জীবনকেই নির্ধারণ করে দেয়। কারণ, যদি প্রতিদিনই আপনি ভুলভাবে সকাল শুরু করেন, প্রতিটা দিনই আপনি সামর্থ্যের তুলনায় কম কাজ করবেন। তার চেয়ে বড় কথা, এই ভুল অভ্যাসগুলো আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলবে। তাই জেনে নিন সকালের কোন অভ্যাসগুলো যত দ্রুত সম্ভব বদলে ফেলবেন।
অ্যালার্ম বন্ধ করা
সকালে ঘুম থেকে ওঠার জন্য অনেকেই অ্যালার্ম দিয়ে রাখেন। কিন্তু বাজার সঙ্গে সঙ্গে ওঠেন না। দু-একবার তো ‘স্নুজ’ করেনই। এতে ক্ষতি হয় দুটো। সকালে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার সময় কমে যায়। তার চেয়ে বড় সমস্যা, ঘুমের ভারসাম্য নষ্ট হয়। অতিরিক্ত সময়টা ঘুমের চক্রের মধ্যে কোনোভাবেই পড়ে না।
নাশতা বাদ দেওয়া
ঘুমের কারণে রাতের খাবারের পর একটা লম্বা বিরতি পড়ে—অন্ততপক্ষে সাত-আট ঘণ্টা। তাই কোনো অবস্থাতেই সকালের নাশতা বাদ দেওয়া যাবে না। যত তাড়াহুড়াতেই থাকুন আর যত কাজই থাকুক, মনে রাখবেন, এটাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার।
বিছানার আলসেমি
ঘুম ভাঙার পর সবাই খানিকটা সময় বিছানায় শুয়ে আলসেমি ভাঙার চেষ্টা করেন। এর বদলে শুয়ে শুয়েই সারা দিনের একটা পরিকল্পনা করে ফেলুন। তাতে কাজগুলোর কথা আপনার অবচেতনে রয়ে যাবে। আর সেই সঙ্গে তালিকা করতে করতেই আপনার মন সজাগ হয়ে যাবে। বিছানা ছাড়ার কঠিন কাজটাও হয়ে যাবে সহজ।
বিছানা না গোছানো
এমনিতে মনে হয়, সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানো কোনো কাজের কাজ নয়। ঘর সুন্দর দেখানো ছাড়া এর আর কোনো দরকার নেই। আসলে কিন্তু বিছানা গোছানোর অভ্যাস আপনাকে চাঙা করে তোলে। ঘর গোছানো দেখলে আপনার মন কাজের জন্য প্রস্তুত হয়ে যায়। উল্টোটা হলে শরীরে থেকে যাবে আলসেমি।
সকালে ব্যায়াম না করা
এর ফল কম বয়সে খুব একটা বোঝা যায় না। বয়স হলে টের পাওয়া যায়। তাই সকালে ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। ১৫ মিনিটের জন্য হলেও ঘাম ঝরান। তবে ভালো হয় অন্তত আধা ঘণ্টা ব্যায়াম করলে। এটা আপনার শরীরে যেমন উদ্যম আনবে, মনকেও রাখবে চাঙা।
সকালে পানি পান না করা
এই সমস্যা অনেকেরই আছে। সকালে উঠে পানি পান করেন না। অথচ সকাল সকাল শরীর হাইড্রেটেড করা উচিত। তাতে যেমন শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সবল হবে, বাড়বে বিপাক ক্ষমতা। পাশাপাশি দূর হবে মুখের দুর্গন্ধ ও মূত্রাশয়ের সংক্রমণ।
কফি পান
অনেকেই দিন শুরু করেন এক কাপ কফি দিয়ে। এটা মোটেও ভালো অভ্যাস নয়। অন্তত সকাল সাড়ে নয়টার আগে তো নয়ই। কারণ, আটটা থেকে নয়টার মধ্যে আমাদের শরীর কোর্টিসল নিঃসরণ করে। এই হরমোন শরীরের কর্মশক্তি পরিমাপ ও নিয়ন্ত্রণ করে। সে সময় কফি খেলে কোর্টিসল বিভ্রান্ত হতে পারে। বরং কফি খেতে পারেন বিকেলে। বানানোর ফাঁকে খেয়ে নিতে পারেন এক গ্লাস পানি।
মিষ্টি দিয়ে শুরু
সকালের নাশতা অবশ্যই শুরু করবেন মূল খাবার দিয়ে। অনেকেই মিষ্টিজাতীয় খাবার দিয়ে সকাল শুরু করেন। তাতে খালি পেটে চিনি পড়ে। ফলে রক্তে বাড়তে পারে চিনির মাত্রা। এমনকি দীর্ঘদিনের এই অভ্যাস বাধাতে পারে ডায়াবেটিস।