সমর্থকদের মধ্যে চলছে আরেক প্রতিযোগিতা
সারা দেশের মতো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও লেগেছে বিশ্বকাপের হাওয়া। কেউ আবাসিক হল ছেয়ে ফেলেছেন নানা দেশের পতাকায়, কেউবা আয়োজন করছেন রম্য বিতর্ক। বিশ্বকাপ ঘিরে কোন ক্যাম্পাসে কী চলছে? জানিয়েছেন শিক্ষার্থীরা।
সকাল ৮টা থেকে দুপুর কিংবা বিকাল পর্যন্ত ক্লাস। পরীক্ষার চিন্তায় দফ ফেলার জো নেই। এতসব চাপে একটু হাঁপ ছেড়ে বাঁচতে স্বাভাবিকভাবেই একটু সুস্থ বিনোদনের জন্য আমরা মুখিয়ে থাকি। সেই বিনোদন যদি হয় ফুটবল বিশ্বকাপের মতো আয়োজন, তাহলে তো কথাই নেই। সারা পৃথিবী মেতেছে ফুটবল বিশ্বকাপে। পিছিয়ে নেই ব্রহ্মপুত্রঘেঁষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। বিশ্বকাপে কোন দল জয়ী হবে, এই উত্তেজনার পাশাপাশি কোন দলের সমর্থক বেশি শক্তিশালী, বুঝিয়ে দিতে যেন আরেক প্রতিযোগিতা শুরু হয়েছে। হলে হলে নিজের দলের জন্য স্লোগান, পতাকা দিয়ে সাজানো কিংবা দুই দলের সমর্থকদের মজার বাগ্বিতণ্ডায় বিশ্বকাপ প্রাণবন্ত হয়ে উঠছে।
প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের ছবিতে রঙিন হয়েছে ক্যাম্পাসের দেয়াল। হলের টিভিরুমগুলোয় প্রাণের সঞ্চার হয়েছে। গুরুত্বপূর্ণ খেলাগুলোর জন্য থাকছে প্রোজেক্টরের ব্যবস্থা। হইহুল্লোড় গুঞ্জনে ৯০ মিনিটের জন্য সব বুঁদ হয়ে আছে এক জায়গায়। এই উৎসবমুখর পরিবেশ, পারস্পরিক বন্ধন, বিশ্বকাপ ছাপিয়ে এসবই আমাদের জীবনকে রাঙিয়ে তুলুক, এমনটাই চাওয়া।