পরিবারের জন্যই জাহিদের পরিশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হাসান
ছবি: সংগৃহীত

জাহিদ হাসানরা ছয় ভাইবোন। পরিবারে নানা সংকট। তবু জাহিদের কৃষক বাবা ও বড় ভাই মিলে সব সময় চেয়েছেন, ছেলেমেয়েদের পড়ালেখায় যেন কোথাও ঘাটতি না থাকে। অভাব তাঁরা বুঝতে দেননি। তাই বাবা, বড় ভাই ও পরিবারের কথা ভেবেই জাহিদেরও মাথায় ছিল, তাঁদের কষ্ট বৃথা যেতে দেওয়া যাবে না। সব সময় পড়ালেখাকে গুরুত্ব দিয়েছেন জাহিদ।

আরও পড়ুন

ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের বিজ্ঞান শাখায় পড়েছেন। প্রাথমিকভাবে মেডিকেল ভর্তির প্রস্তুতি নিয়েছিলেন। অল্প নম্বরের জন্য ভর্তির সুযোগ হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টিকেছেন। তবে সবচেয়ে ভালো ফল এসেছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছভর্তি পরীক্ষায়। দ্বিতীয় হয়েছেন তিনি। তাই কৃষি নিয়েই পড়াশোনা করতে চান জাহিদ। ভর্তি হতে চান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

জাহিদ বলছিলেন, ‘আমাদের তো টানাটানির সংসার। কাজ খুঁজতে বড় ভাইকে চট্টগ্রামে চলে যেতে হয়েছে। এসএসসির পর মামি তাঁদের বাড়িতে থেকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। পরের পথচলায়ও মামির অনেক অবদান।’

কলেজে থাকাকালেই মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিয়েছিলেন জাহিদ। করোনায় যখন কলেজ বন্ধ হয়ে গেল, তখন বাড়ি ফিরে এক বন্ধুর সঙ্গে গ্রুপ স্টাডি করেছেন। ইউটিউবের বিভিন্ন ভিডিও তাঁর কাজে এসেছে বলে জানালেন।

জাহিদ বলেন, ‘আমি যা পড়তাম, তা-ই নিজের মতো করে সাজিয়ে রাখতাম। সহজ ও কঠিন—দুটি আলাদা করে সাজাতাম। যে পড়াগুলো বেশি কঠিন, সেগুলো নিজের সুবিধামতো সহজ করে নিতাম।’ ভর্তি পরীক্ষায় এত ভালো ফল আসবে, সেটা অবশ্য ভাবেননি। ভর্তি-ইচ্ছুকদের জন্য তাঁর পরামর্শ, ‘যখনই একটা অধ্যায় শেষ হবে, প্রশ্নব্যাংক সংগ্রহ করে ওই অধ্যায়ের সমস্যাগুলো সমাধানের চর্চা করতে হবে। আর মূল পাঠ্যবই পড়তে হবে সবচেয়ে গুরুত্ব দিয়ে।’