মেসি যেভাবে আমার জীবনে প্রভাব ফেলল
যে দলের সমর্থকই হন না কেন, লিওনেল মেসির খেলা ফুটবল-ভক্তমাত্রকেই মুগ্ধ করে। কিংবদন্তিতুল্য এই ফুটবলারের বিশ্বকাপ শেষ হচ্ছে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। শিরোপা শেষ পর্যন্ত যাঁর হাতেই উঠুক, জাদুকরি কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য তাঁকে টুপিখোলা অভিবাদন জানানোই যায়। তাই মেসির কাছে খোলা চিঠি আহ্বান করেছিলাম আমরা। এখানে পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিয়া বৈশাখীর লেখা
প্রিয় মেসি,
দূরদেশের একজন ক্ষুদ্র সমর্থক আমি। হয়তো এ লেখা তোমার কাছে পৌঁছাবে না। তবে শুভকামনা, ভালোবাসা নিশ্চয়ই পৌঁছাবে।
তোমার সঙ্গে পরিচয় কীভাবে হয়েছিল, সেটা দিয়ে শুরু করি। ২০০৯ সালে এক ইংরেজি ক্লাসে স্যারের গুরুগম্ভীর কথার ফাঁকে হুট করে মনোযোগ কাড়ল একজনের গল্প। যে তার শারীরিক অসুস্থতা, নিজের দেশ ছাড়ার দুঃখকে ছাপিয়ে গিয়ে অসাধারণ ফুটবল খেলে সেরাদের কাতারে নিজেকে নিয়ে গেছে। সেই ছেলের গল্প বলতে গিয়ে ইংরেজি স্যারের চোখেমুখে ফুটে উঠেছিল একরাশ মুগ্ধতা, যা বিস্মিত করেছিল ষষ্ঠ শেণিতে পড়ুয়া আমাকে। পরে নিয়মিত খবরের কাগজের পাতা থেকে জানার চেষ্টা করতাম তোমার খবর।
তোমার খেলা দেখার মাধ্যমে আমার ফুটবল দেখার যাত্রা শুরু হয়েছিল। আর্জেন্টিনার হয়ে, বার্সেলোনার হয়ে তুমি জিতলে আনন্দিত হতাম, ব্যথিত করত তোমার হেরে যাওয়া। এখনো করে। শুধু যে খেলোয়াড় হিসেবেই তোমাকে পছন্দ করি, তা কিন্তু নয়। খেলার বাইরের মেসির বিভিন্ন কাজ আমাকে আরও বেশি মুগ্ধ করে। তুমি যখন ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহ নানা দাতব্য কাজ করো, নিজের অন্তর্মুখী বৈশিষ্ট্যকে ছাপিয়ে সমাজসেবামূলক কাজে অবদান রাখো, তা দেখে অনুপ্রেরণা পাই।
আমি নিজেও অন্তর্মুখী স্বভাবের ছিলাম। সেই আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিজেকে একটু একটু বের করে আনার চেষ্টা করছি। তুমি জেনে হয়তো খুশি হবে, আমি সুবিধাবঞ্চিত শিশুদের বিজ্ঞান শেখানোর কাজ করছি ২০১৯ সাল থেকে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য কাজ করে, এমন একটি সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। তোমার কাজ এবং তোমার মতো আরও কিছু মানুষের কাজের প্রভাব আমার জীবনে খুব প্রবলভাবে পড়েছে।
তাই বিশ্বকাপে তুমি যখন একের পর এক জয় পাচ্ছ, তা দেখে যেমন আনন্দিত হই, তারচেয়ে বেশি ভালো লাগে যখন দেখি তুমি বিশ্বকাপে খেলতে নেমেছ ‘এডুকেশন ফল অল’ আর্মব্যান্ড পরে। সব সময় এভাবে অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য তোমার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ।