সামিরা খান মাহি হলেন বাংলাদেশের নতুন মিস ইউনিভার্স, বিশ্ব আসরে যাচ্ছেন কতগুলো পোশাক নিয়ে?

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আর এই অর্জনের মাধ্যমে ‘মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। এবার মিস ইউনিভার্সের ৭৫তম আসর। বিশেষ এই আসরটি ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসছে। এরই মধ্যে বিভিন্ন দেশের প্রতিযোগীরা সেখানে পৌঁছে গেছেন। আজ পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হবেন মাহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর আয়োজন। সেখানেই সামিরা খান মাহিকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়
ছবি: কবির হোসেন
২ / ১১
১১–২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠেয় মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় এবার ১২০টির বেশি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা। আজ ৮ নভেম্বর থেকেই তাঁদের ভেন্যুতে আসতে শুরু করার কথা। সেই হিসেবে সামিরা খান মাহির হাতে একেবারেই সময় নেই
ছবি: কবির হোসেন
৩ / ১১
মাহি ছয় দিন আগে জানতে পারেন এবারের প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন তিনি। আর তারপর থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। এর মধ্যে ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী তানজিয়া জামান মিথিলা
ছবি: কবির হোসেন
৪ / ১১
মাহি ও মিথিলা দুজনেই বেশ পুরোনো বন্ধু। আর তাই গত আসরে নিজের যেসব অভিজ্ঞতা হয়েছে, সেগুলো মাহিকে বুঝিয়ে দিচ্ছেন তিনি। একই সঙ্গে মাহির কস্টিউম, সাজসহ গুরুত্বপূর্ণ দিকগুলো যতটা সম্ভব গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন মিথিলা
ছবি: কবির হোসেন
৫ / ১১
প্রথম আলোকে সামিরা খান মাহি বলেন, ‘অনেক ভালো লাগছে। কারণ, জীবনে প্রথমবার আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরার একটা সুযোগ পেয়েছি। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষকে তুলে ধরতে চাই। অভিনয়শিল্পী হিসেবে দেশের মানুষ আমাকে অনেক সমর্থন করেছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা হয়নি। এটা আমার প্রথম আন্তর্জাতিক যাত্রা। অনেক উচ্ছ্বসিত, একই সঙ্গে নার্ভাসও’
ছবি: কবির হোসেন
৬ / ১১
একই সঙ্গে নিজেকে ভাগ্যবানও মনে করেন মাহি। কারণ, সময় কম পেলেও প্রস্তুতির জন্য ‘বড় বোনের মতো বন্ধু’ তানজিয়া জামান মিথিলাকে পাশে পেয়েছেন। তিনি মাহিকে শিখিয়ে যাচ্ছেন নানা রকম ট্রিকস, সেই সঙ্গে প্রতিটি আয়োজনে কীভাবে ভালো করে নিজেকে উপস্থাপন করা যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১
যেহেতু আজ রাতেই মিস ইউনিভার্সের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছাড়বেন মাহি, তাই সবকিছু গোছাতে সময় পেয়েছেন খুব অল্প। তবে এর মধ্যেও দেশ–বিদেশ থেকে দরকারি পোশাক সংগ্রহ করেছেন। মিস ইউনিভার্সের লুক বুক মেনেই পোশাক বাছাই করে লাগেজে ভরেছেন
ছবি: কবির হোসেন
৮ / ১১
মাহি জানালেন, ৩৫টির মতো পোশাক নিয়েছেন মিস ইউনিভার্সের বিভিন্ন আয়োজনে পরার জন্য। নিজেকেই যেহেতু সবকিছু করতে হবে, তাই সেভাবেই লাগেজ প্যাক করছেন। আপাতত মাহির সঙ্গে যাচ্ছেন তাঁর একজন ‘ফ্রেন্ড’। তবে ফাইনালে মিথিলাসহ মাহির পরিবার যোগ দিতে পারে বলে জানা গেছে
ছবি: সামিরা মাহির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
আরও পড়ুন
৯ / ১১
মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতে মুকুট পরার অনুষ্ঠানে মাহিকে ব্লাশ পিঙ্ক অফ শোল্ডার করসেট-স্টাইলের মারমেইড গাউনে দেখা গেছে। পোশাকটিতে ছিল আইভরি রঙের আভা। কাপড়টি পাতলা হওয়ায় নিচের দিকে কয়েক স্তরের ফ্লুইড ফেব্রিক ব্যবহার করা হয়েছে
ছবি: কবির হোসেন
১০ / ১১
গাউনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ড্রামাটিক অফ শোল্ডার স্টাইল। দুই কাঁধের ওপর উঁচু করে রাখা কাপড়টি ডানার মতো বাঁকানো। কাঁধের অংশে সিলভার বিডস ও ছোট ছোট স্বচ্ছ পাথর বসিয়ে নকশা করা হয়েছে। গাউনের ওপরের অংশে করসেটের আদল দেওয়া হয়েছে
ছবি: সামিরা মাহির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১১ / ১১
সব মিলিয়ে বিশেষ দিন হিসেবে মুকুট পরার অনুষ্ঠানে প্রথম গাউনটি দিয়েই বাজিমাত করেছেন সামিরা খান মাহি। এবার দেখার বিষয় বিশ্ব আসরে গিয়ে তাঁর প্রতিদিনের লুক ও অ্যাকটিভিটি দর্শক এবং বিচারকদের কতটা নজর কাড়ে
ছবি: কবির হোসেন
আরও পড়ুন