কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল
কালো পোশাকের সঙ্গে গোলাপি রঙের এই বৈপরীত্য ইয়ামালের সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
ফুটবল মাঠে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার পাশাপাশি ফ্যাশন নিয়েও আগ্রহী লামিনে ইয়ামাল। তাঁর পোশাকে প্রায়ই দেখা যায় চেনা শহুরে ধরন আর নামী ব্র্যান্ডের নকশার মিশেল। এবারের ব্যালন ডি’অরের সাজেও সেই প্রবণতা স্পষ্ট।
সাদামাটা কালো স্যুটকে আলাদা করে তুলতে বেছে নিয়েছেন নজরকাড়া একটি অনুষঙ্গ। কখনো কখনো সাজে আলাদা পরিচয় তৈরি করতে যে একটি অনুষঙ্গই যথেষ্ট, ইয়ামালের এই লুক তার উদাহরণ। ইতিমধ্যে এটি চলে এসেছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়।
সঙ্গী ইনেস গার্সিয়ার সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন ১৯ বছর বয়সী ইয়ামাল। ইয়ামাল পরেছিলেন ঢিলেঢালা প্যান্টের সঙ্গে ছোট দৈর্ঘ্যের জ্যাকেট, সামনের দিকে সোনালি রঙের বোতাম, সঙ্গে কালো প্রজাপতি গিঁটের টাই। পুরো পোশাকে কালোর প্রাধান্য থাকলেও জ্যাকেটের একাংশজুড়ে থাকা গোলাপি ব্রোচটি মুহূর্তেই কেড়ে নেয় সবার মনোযোগ।
দূর থেকে দেখলে ব্রোচটিকে মনে হতে পারে ফুল। তবে এটি আসল ফুল নয়, ফরাসি ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের বানানো পালক দিয়ে তৈরি বড় আকারের একটি ব্রোচ। পালকগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে তৈরি হয়েছে ফুলের অবয়ব। কালো পোশাকের সঙ্গে গোলাপি রঙের এই বৈপরীত্য ইয়ামালের সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। এর আগে অস্কার অনুষ্ঠানে অভিনেতা পেড্রো পাসকালকেও একই ধরনের ব্রোচ পরতে দেখা গিয়েছিল।
সূত্র: আস