দীপিকা ‘ব্যাগের ভেতর’ কী করছেন?
বিশ্বকাপের রাতে ইতিহাসে নাম লিখিয়ে আলাদা করে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। মাঠে বিশ্বকাপ ট্রফি উন্মোচনের সম্মানজনক দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এই দায়িত্ব দীপিকা ভাগ করে নেন স্প্যানিশ ফুটবল তারকা ইকার ক্যাসিয়াসের সঙ্গে। তবে সব ছাপিয়ে আলোচনায় দীপিকা যে পোশাকটি পরে হাজির হয়েছিলেন, সেটি।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে দীপিকা দেখা দেন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর পোশাকে। এই পোশাকটিকেই বলা হচ্ছে ‘পোশাক কম, ব্যাগ বেশি’।
এই নিয়ে মোট চারটি বিশ্বকাপ ফুটবল আয়োজনের পার্টনারশিপের ভূমিকা পালন করছে বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ। বিশ্বের অন্যতম স্পোর্টস ইভেন্টের পার্টনারশিপের অংশ হিসেবে এই ব্র্যান্ড বিশেষ ট্রফি ট্রাংক তৈরি করে আসছে। এবারও বিশ্বকাপ ট্রফি যে বাক্সে সুরক্ষিত অবস্থায় আনা হয়, সেই ট্রফির বাক্সটিও বিশেষভাবে তৈরি করে দিয়েছে ফরাসি এই ফ্যাশন ব্র্যান্ড। কিছুদিন আগেই লুই ভিতোঁর মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আর্নল্ট ইলন মাস্ককে হারিয়ে হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী। আর এদিকে দীপিকার লুই ভিতোঁর পোশাকটি আলোচনা ছাপিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে ফ্যাশন বিশ্বে। এছাড়া, আরেক বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড ও বিশ্বকাপ আয়োজনের অন্যতম পার্টনার অ্যাডিডাসেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা।
দীপিকা লুসাইল মাঠে দেখা দেন একটি সাদা শার্ট, ট্যানরঙা লেদারের ওভারকোট–জ্যাকেট আর ঢিলেঢালা কালো মিডি স্কার্ট। জ্যাকেটের কাঁধের কাছে ছিল লেদার ও উলের প্যাচওয়ার্ক। আর ছিল কারুকার্যময় মোটা বেল্ট। পায়ে বুটের জুতা। চুলগুলো স্লিক বান করে রেখেছিলেন। এই লেদারের ওভারকোট–জ্যাকেটের ডিজাইন নিয়েই চলছে সমালোচনা।
একদিকে যেমন চলছে মেসিবন্দনা, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হচ্ছে দীপিকার এই ফ্যাশন। একজন লিখেছেন, ‘লুই ভিতোঁ দীপিকার জন্য একটা পোশাক বানালেই পারত। কেন ওকে ব্যাগের ভেতর পুরে রেখেছে?’ আরেকজন লিখেছেন, ‘পোশাক তো নয়, যেন আস্ত একটা ব্যাগ। দীপিকা ব্যাগের ভেতর কী করছেন?’
আরেকজন তো আক্রমণটাকে নিয়ে গেছেন পারিবারিক পর্যায়ে। কে না জানে, দীপিকার জীবনসঙ্গী, বলিউড তারকা রণবীর সিং ‘সাহসী’, ‘এক্সপেরিমেন্টাল’ ফ্যাশনের জন্য ‘বিখ্যাত’। সেই দিকটিকেই খোঁচা দিয়ে লিখেছেন, ‘দীপিকার এই পোশাক কি রণবীর সিং বানিয়ে দিয়েছেন? নাকি দীপিকা সোজা রণবীরের পোশাক পরেই চলে এসেছেন?’
অনেকে আবার খোদ দীপিকার ওপরেই বিরক্ত। লিখেছেন, ‘বিশ্বকাপের ট্রফি উন্মোচনের জন্য কি আর কাউকে পাওয়া গেল না? দীপিকার সঙ্গে বিশ্বকাপের ট্রফির সম্পর্কটা কী! তিনি ইকার ক্যাসিয়াসের সঙ্গে মাঠে কী করছেন। অদ্ভুত!’
দীপিকার সঙ্গে গ্যালারিতে আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনাল ম্যাচ দেখেছেন রণবীর সিং। তাঁর পরনে ছিল ইতালীয় হাই–লাক্সারি ব্র্যান্ড গুচির পোশাক। এই জুটি যখন মুম্বাই ওয়ারপোর্ট ছাড়েন তখন ভক্তরা দীপিকার উদ্দেশে চিৎকার করে মেসির সঙ্গে সেলফি নিয়ে ফেরার দাবি জানিয়েছিলেন। দীপিকাও হেসে জবাব দিয়েছিল, ‘আমি ওকে (মেসিকে) জানিয়ে দেব।’ দুজনেরই সমর্থন ছিল আর্জেন্টিনার প্রতি।
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর এ জন্যই ফ্যাশন আইকন হিসেবে এ বছর তিনি প্যারিস ফ্যাশন উইকের লালগালিচায় হাজির হন লুই ভিতোঁর ধূসর রঙের পোশাকে। সঙ্গে কোনো অলংকার ছিল না (অবশ্য অলংকারের চেয়ে পোশাকটাই জমকালো আর দামি)! কেবল হাতে ছিল এই ফ্যাশন ব্র্যান্ডের ব্যাগ। সেটিও অলংকারের চেয়ে কোনো অংশে কম নয়। ২০২২ সালের মে মাসে এই সংস্থার মুখপাত্র হয়েছেন তিনি। সেই কারণেই ফিফা বিশ্বকাপের ফাইনাল শুরুর ঠিক আগমুহূর্তে আন্তর্জাতিক ফ্যাশন আইকন হিসেবে ট্রফির ওপর থেকে পর্দা সরান তিনি।