সেশনজটের সংকটে পড়ে ইংরেজি শেখা শুরু করি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ থেকে পড়ালেখা শেষে করপোরেট দুনিয়ায় চাকরি থেকে শুরু করে ফ্রিল্যান্স কাজেও সফল হচ্ছেন অনেক তরুণ। পড়ুন এমনই একজন—সংযুক্তা শুভ্রার গল্প। তিনি করপোরেট খাতে কাজ করছেন। কীভাবে নিজেকে তৈরি করেছেন শুভ্রা?
পড়াশোনা ও বেড়ে ওঠা পুরোটাই বরিশালে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেছি। ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হওয়ার কারণে সহশিক্ষাসংশ্লিষ্ট নানা কার্যক্রমে যুক্ত ছিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে পড়লেও পড়াশোনার ভীষণ চাপ ছিল। যেহেতু বাংলায় পড়েছি, তাই বছরজুড়ে নানা নাটক-উপন্যাস আর সাহিত্য নিয়ে পড়তে হতো। পড়ার বাইরে অনেক কিছু পড়তাম। সেশনজটের সংকট যেহেতু ছিল, সেই সময়ে আমি ইংরেজি ভাষা শেখা শুরু করি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা নিয়ে শিক্ষার্থীরা অনেক অভিযোগ করেন। সেখানে হয়তো যোগাযোগ বিষয়ে শেখানো হয় না, দক্ষতা উন্নয়নের সুযোগ নেই। আবার পরীক্ষা পেছানো নিয়েও অনেক কথা শুনি। আমি মনে করি, এ ধরনের সংকট আসলে আমাদের জন্য সুযোগ তৈরি করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়টা অনেক লম্বা মনে হলেও নিজেকে আমি ব্যস্ত রেখেছিলাম। বরিশালে পড়াশোনা শেষ করে সেখানেই একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে করপোরেট সেলস বিভাগে যোগ দিই। তথ্যপ্রযুক্তির নানা দক্ষতা ধীরে ধীরে আয়ত্ত করতে শুরু করি। ঢাকার বাইরে আইটি–সংক্রান্ত প্রশিক্ষণের সুযোগ কম বলে নিজের উদ্যোগেই নিজেকে তৈরি করতে হয়।
আমি প্রচুর ঘুরতে পছন্দ করি। সময় পেলেই ঘুরতে চলে যাই। সেন্ট মার্টিন থেকে শুরু করে হাওরে ঘুরেছি নানা দলের নানা রঙের মানুষের সঙ্গে। শুধু ঘোরাঘুরিই নয়, মঞ্চ আমাকে ভীষণ টানে। ২০১৯ সাল থেকে নাট্যদল থিয়েটার ৫২-তে অভিনয় করছি। নিজেকে মুক্তমনা মানুষ হিসেবে গড়ে তুলতে সব ধরনের সৃজনশীল কাজের সঙ্গেই যুক্ত থাকি। এখন কাজ করছি শিশু-কিশোরদের নিয়ে কাজ করে, এমন একটি প্রতিষ্ঠানের বিক্রয় ও বিপণন বিভাগে। আমি বলব, যাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাঁদের হতাশার কিছু নেই। পড়াশোনার পাশাপাশি আপনারা সহশিক্ষাসংশ্লিষ্ট বিষয়ে যুক্ত থাকুন। এতে নেতৃত্বের দক্ষতা, দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা তৈরি হবে। নিজেকে দক্ষভাবে উপস্থাপন করার কৌশল আয়ত্ত করুন। আমাদের সবার মধ্যেই অনেক সম্ভাবনা আছে, যা হয়তো আমরা জানি না। ইংরেজিতে একটা কথা আছে—নো দাইসেলফ। আগে নিজেকে জানুন।