আপনি কি অট্রোভার্ট? মিলিয়ে নিন বৈশিষ্ট্যগুলো

সাম্প্রতিক সময়ে অনলাইন দুনিয়ায় বেশ চর্চিত একটি শব্দ ‘অট্রোভার্ট’। আদতে এই শব্দ দিয়ে কোন ধরনের মানুষকে বোঝানো হয়, জানেন কি? এমনও হতে পারে, আপনি একজন অট্রোভার্ট; কিন্তু ব্যাপারটা নিজেও জানেন না। একজন ব্যক্তি অট্রোভার্ট কি না, তা বোঝা যায় কীভাবে? এ সম্পর্কে শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষের সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।

অট্রোভার্টদের মনোযোগ কেন্দ্রীভূত থাকে নিজের ভেতরছবি: প্রথম আলো

ইন্ট্রোভার্ট (অন্তর্মুখী) এবং এক্সট্রোভার্ট (বহির্মুখী) স্বভাবের বাইরেও আরেক ধরনের মানুষ আছেন, তাঁদেরই বলা হচ্ছে অট্রোভার্ট। তাঁদের মনোযোগ কেন্দ্রীভূত থাকে নিজের ভেতর। তবে ব্যাপারটা এমনও নয় যে তাঁরা সামাজিকতা থেকে দূরে থাকেন; বরং তাঁরা অর্থপূর্ণ সামাজিক যোগাযোগের ব্যাপারে আগ্রহী।

বৈশিষ্ট্যগুলো জেনে নিন

একজন অট্রোভার্ট মানুষ অনেক সময়ই চুপচাপ থাকেন। তবে এই চুপ থাকাটা মানুষকে এড়িয়ে যাওয়া নয়; বরং কখন চুপ করে থাকবেন, তা ঠিক করে নেন তিনি।
মনোযোগ দিয়ে কথা শোনেন তিনি, পর্যবেক্ষণ করেন খুব ভালোভাবে। চিন্তা করেন বিস্তারিতভাবে। এসব চিন্তাও হয় অর্থপূর্ণ। এলোমেলো ভাবনায় দিন কাটিয়ে দেন না।
কল্পনাশক্তিও বেশ জোরালো হয় তাঁর। আবার কোনো বিষয়কে তিনি বিশ্লেষণও করেন গুরুত্বের সঙ্গে। কোনো বিষয়ের গভীরে ঢুকতে পারেন সহজে।

অট্রোভার্টরা সামাজিকতা থেকে দূরে থাকেন না; বরং তাঁরা অর্থপূর্ণ সামাজিক যোগাযোগের ব্যাপারে আগ্রহী
ছবি: প্রথম আলো

অন্যের মনোযোগের কেন্দ্রে থাকার জন্য বিশেষ কিছু করেন না তিনি। আর মনোযোগ পেলে সেটি অবশ্য তাঁর অপছন্দও নয়। তবে ছোটখাটো কথায় চট করে বিরক্ত হয়ে পড়তে পারেন তিনি, দ্রুত নার্ভাস হয়ে যেতে পারেন। অল্পেই আবেগাপ্লুত হয়ে পড়তে পারেন।

আরও পড়ুন

ব্যক্তিগত সম্পর্ক কেমন হয় তাঁদের

গভীরভাবে চিন্তা করতে পারেন বলে একজন অট্রোভার্টের একমুহূর্তের ভুলে অসৎ হয়ে পড়ার আশঙ্কা কম; বরং সম্পর্কে সততা বজায় রাখেন তিনি। বিশ্বাস ভাঙার প্রবণতা কম থাকে এমন মানুষের। যদিও তাঁর ভালোবাসার প্রকাশটা একটু ভিন্ন ধরনের হতে পারে।

সঙ্গী যে তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা সরাসরি ভাষায় প্রকাশ না করলেও কাজকর্মে ঠিকই বুঝিয়ে দেন
মডেল: ললনা ও নীল। ছবি: কবির হোসেন

সঙ্গীর কথা মন দিয়ে শোনেন তিনি। সঙ্গী যে তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা সরাসরি ভাষায় প্রকাশ না করলেও কাজকর্মে ঠিকই বুঝিয়ে দেন। সম্পর্কের আবেগময় ব্যাপারগুলোকে গভীরভাবে অনুভব করেন তিনি।

তবে ভালোবাসার প্রকাশ কম থাকায় কেউ কেউ তাঁকে ভুল বুঝতে পারেন। তাই একজন অট্রোভার্টের এমন সঙ্গীই বেছে নেওয়া উচিত, যিনি তাঁর এই বৈশিষ্ট্যকে সহজভাবে গ্রহণ করতে সক্ষম; আর যিনি সম্মান করবেন তাঁর চুপচাপ থাকাটাকে, ভাবনায় ডুবে থাকা তাঁর একান্ত সময়যাপনকে।

আরও পড়ুন

কাজের জায়গায় যা হয় অট্রোভার্ট মানুষ বেশ সৃজনশীল হয়ে থাকেন। গবেষণামূলক কাজ, লেখালেখি বা ডিজাইন তৈরির মতো কাজে দক্ষ হতে পারেন তিনি। নীতিমালা দাঁড় করানোর মতো কঠিন কাজেও পারদর্শী হতে পারেন।

অট্রোভার্ট মানুষ বেশ সৃজনশীল হয়ে থাকেন
ছবি: প্রথম আলো

নেতৃত্বের গুণাবলিও আছে তাঁর। তবে সেই নেতৃত্বের ধরন যদি আবার এমন হয় যে সেই কাজের জন্য ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে তাঁকে, সে ক্ষেত্রে তিনি স্বস্তি পান না। কিছু ভুল ধারণাকেউ কেউ ভাবেন, অট্রোভার্ট মানুষ হয়তো সামাজিকতা এড়িয়ে চলেন ও লাজুক প্রকৃতির।

হয়তো এমন মানুষের আত্মবিশ্বাস কম—এসব ধারণা ঠিক নয়। কারণ, অট্রোভার্ট মানুষ দারুণ আত্মবিশ্বাসী। অট্রোভার্ট মানুষ লাজুক নন; বরং পরিস্থিতি বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করেন। নিজের দর্শন তাঁর কাছে গুরুত্বপূর্ণ। কাজকর্মে তাঁর দক্ষতাও প্রশংসার দাবি রাখে।

আরও পড়ুন