রেসলার কেনের কথা মনে আছে? আবার আলোচনায় এলেন কেন?

একসময় বাংলাদেশেও ডব্লিউডব্লিউইর জনপ্রিয় রেসলার ছিলেন কেন। লাল-কালো মুখোশ, বিশাল শরীর আর রিংয়ে ভয়ংকর উপস্থিতির জন্য দর্শকের কাছে পরিচিত ছিলেন তিনি। সেই কেনই এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনায়। সাবেক এই রেসলারকে টেনেসি অঙ্গরাজ্যের একটি শূন্য হতে যাওয়া সিনেট আসনে নিয়োগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় বাংলাদেশেও ডব্লিউডব্লিউইর জনপ্রিয় রেসলার ছিলেন কেন। লাল-কালো মুখোশ, বিশাল শরীর আর রিংয়ে ভয়ংকর উপস্থিতির জন্য দর্শকের কাছে পরিচিত ছিলেন তিনি
ছবি: উইকিমিডিয়া কমনস

নির্বাচনে নয়, সিনেটর হতে পারেন নিয়োগে

কেনের আসল নাম গ্লেন জ্যাকবস। টেনেসির বর্তমান সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন ৩ নভেম্বরের নির্বাচনে অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচিত হয়েছেন। আগামী জানুয়ারিতে গভর্নরের দায়িত্ব নিলে তাঁকে সিনেটের আসন ছাড়তে হবে।

সেই শূন্য আসনে কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা থাকবে তাঁরই। ২০২৮ সালের নির্বাচনে ভোটাররা আসনটির জন্য প্রতিনিধি বেছে নেবেন। তত দিন নিয়োগ পাওয়া সিনেটর দায়িত্ব পালন করবেন।

সেই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন জ্যাকবস। ৬ নভেম্বর ‘দ্য ওয়াশিংটন সান’ জানায়, ব্ল্যাকবার্নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও তাঁর নির্বাচনী প্রচারে ভূমিকার কারণে জ্যাকবসকে এগিয়ে রাখা হচ্ছে।

আরও পড়ুন
কেনের আসল নাম গ্লেন জ্যাকবস
ছবি: রেডিট থেকে

সাবেক এই রেসলার ব্ল্যাকবার্নের নির্বাচনী প্রচারের কোষাধ্যক্ষও ছিলেন। সম্ভাব্য অন্য প্রার্থীদের মধ্যে আছেন টেনেসির রিপাবলিকান কংগ্রেস সদস্য টিম বারচেট ও চাক ফ্লেইশম্যান এবং অঙ্গরাজ্যের ডেপুটি গভর্নর স্টুয়ার্ট ম্যাকহোয়ার্টার। তবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।

৪ নভেম্বর ‘ফক্স নিউজ রানডাউন’ পডকাস্টে সিনেটর হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জ্যাকবস বলেন, এটি তাঁর জন্য বড় সম্মানের বিষয় এবং এমন প্রস্তাব তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

সিনেটরের দায়িত্ব কী?

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুটি কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেট। ৫০টি অঙ্গরাজ্য থেকে দুজন করে মোট ১০০ জন সিনেটর নির্বাচিত হন। তাঁদের মেয়াদ ছয় বছর। সিনেটররা আইন প্রণয়নে অংশ নেন, সরকারের বাজেট ও ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত নেন এবং নির্বাহী বিভাগের কাজের ওপর নজরদারি করেন।

প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ নিয়োগ অনুমোদন, আন্তর্জাতিক চুক্তি অনুমোদন এবং অভিশংসনের বিচারেও সিনেটের বিশেষ ভূমিকা আছে। অর্থাৎ সিনেটর হওয়া মানে শুধু একটি রাজনৈতিক পদ পাওয়া নয়; দেশের আইন ও নীতিনির্ধারণে সরাসরি অংশ নেওয়া।

রিং থেকে রাজনীতির ময়দানে

রেসলিংয়ের পাশাপাশি ব্যবসাও করেছেন জ্যাকবস। পরে রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ সালে টেনেসির নক্স কাউন্টির মেয়র নির্বাচিত হন
ছবি: উইকিমিডিয়া কমনস

গ্লেন জ্যাকবসের জন্ম ১৯৬৭ সালের ২৬ এপ্রিল, স্পেনের তোরেহোন দে আরদোজে। তাঁর মা–বাবা তখন মার্কিন বিমানবাহিনীতে কর্মরত। পরে তিনি যুক্তরাষ্ট্রের মিজৌরিতে বেড়ে ওঠেন। নর্থইস্ট মিজৌরি স্টেট ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি নেন জ্যাকবস।

১৯৯০-এর দশকে পেশাদার রেসলিং শুরু করেন জ্যাকবস। ১৯৯৫ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দেওয়ার পর বিভিন্ন চরিত্রে দেখা গেলেও ১৯৯৭ সালে ‘কেন’ চরিত্রে আত্মপ্রকাশ করে ব্যাপক পরিচিতি পান। ‘দ্য আন্ডারটেকার’-এর সঙ্গে তাঁর দ্বৈরথ এবং ‘ব্রাদার্স অব ডেস্ট্রাকশন’ জুটি ডব্লিউডব্লিউইর ইতিহাসে স্মরণীয়। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জ্যাকবস ২০২১ সালে ডব্লিউডব্লিউই হল অব ফেমে জায়গা পান।

আরও পড়ুন
‘দ্য আন্ডারটেকার’-এর সঙ্গে কেনের দ্বৈরথ ডব্লিউডব্লিউইর ইতিহাসে স্মরণীয়
ছবি: উইকিমিডিয়া কমনস

রেসলিংয়ের পাশাপাশি ব্যবসাও করেছেন জ্যাকবস। পরে রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ সালে টেনেসির নক্স কাউন্টির মেয়র নির্বাচিত হন। দ্বিতীয়বারের মতো মেয়র হন ২০২২ সালে। দুই মেয়াদ শেষে গত ১ সেপ্টেম্বর দায়িত্ব ছাড়েন তিনি। মেয়র থাকাকালে কর্মসংস্থান, শিক্ষা ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে কাজ করেছেন।

এবার তাঁর সামনে খুলতে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে প্রবেশের দরজা। তবে রিংয়ের পরিচিত মুখ থেকে সিনেটর হওয়ার এই যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, তা জানতে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত।

সূত্র: ফক্স ১৭ ন্যাশভিল, দ্য ওয়াশিংটন সান ও দ্য ওয়াশিংটন পোস্ট

আরও পড়ুন