শিশুদেরও কি রোদে সানগ্লাস ব্যবহার করতে হবে
কেবল ফ্যাশনের অনুষঙ্গই নয়, চোখের জন্য সানগ্লাস এক জরুরি সুরক্ষাসামগ্রী। তবে বড়দের মতো রোদে বের হলে ছোটদেরও কি সানগ্লাস ব্যবহারের প্রয়োজন আছে?
ভালো মানের সানগ্লাস সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে চোখজোড়াকে বাঁচায়। এই অনুষঙ্গের ব্যবহারে চোখের চারপাশের কোমল ত্বকও সুরক্ষিত থাকে। সানগ্লাস পরার অভ্যাস না রাখলে চোখ এবং চোখের চারপাশের ত্বকের যে ক্ষতি হয়, তা চট করে বোঝা যায় না।
তবে ধীরে ধীরে সূর্যরশ্মির প্রভাবে অভ্যন্তরীণ কিছু পরিবর্তন হতে থাকে। দীর্ঘ মেয়াদে তা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। বড়দের তো বটেই, ছোটদেরও তাই সানগ্লাস ব্যবহার করতে হবে, এমনটাই বললেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুবিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. তাসনুভা খান।
কোন বয়স থেকে শিশুকে সানগ্লাস দিতে হবে
সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব বড়দের তুলনায় ছোটদের চোখে অনেক বেশি হতে পারে। তাই ছোটদের সানগ্লাস পরার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকলে চোখের ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। যেমন ছানি ও ম্যাকুলার ডিজেনারেশনের মতো সমস্যা হতে পারে। ফলে দৃষ্টিশক্তি কমতে পারে।
তা ছাড়া চোখের সাদা অংশে হলদেটে ভাব, একটু উঁচু দাগ বা গোটা হতে পারে। তাই যে বয়স থেকে একটি শিশু সানগ্লাস ব্যবহার করতে পারবে, সেই বয়সেই তাকে সানগ্লাস কিনে দিন। সানগ্লাস পরার কোনো বয়সসীমা নেই। তবে যেকোনো ঋতুতেই রোদে যাওয়ার সময় শিশুদের সানগ্লাস ব্যবহারের অভ্যাস করুন। এমনকি মেঘলা দিনেও আলট্রাভায়োলেট রশ্মি থেকে সুরক্ষা পাওয়ার মতো সানগ্লাস পরা ভালো।
রোদে গেলে শিশুদের সানগ্লাসের পাশাপাশি চওড়া কার্নিশের হ্যাট (ওয়াইড ব্রিম হ্যাট) পরিয়ে দিন। রোদের সময় জলাশয়ের কাছে সানগ্লাস ব্যবহার করা আবশ্যক। দিনের বেলা বালুময় স্থান (যেমন সমুদ্রসৈকত), নদীর পাড়, খোলা মাঠ বা কংক্রিটে ঘেরা জায়গায় দীর্ঘ সময় থাকলেও চোখের সুরক্ষায় সানগ্লাস ব্যবহার করা প্রয়োজন।
রাস্তার পাশ থেকে কেনা সানগ্লাস কি ভালো?
ফুটপাতে ছোটদের জন্য নানা নকশার রঙিন সানগ্লাস পাওয়া যায়। শিশুর জন্য সানগ্লাস কেনার আগে তা মানসম্মত কি না, জেনে নিন। আবার সানগ্লাস দামি হলেই যে তা ঠিকঠাক সুরক্ষা দেবে, এমনটাও নয়। তাই বিশ্বাসযোগ্যতা আছে এমন কোথাও থেকে সানগ্লাস কিনুন।
কেনার সময়ই সেটির লেবেল দেখে নিশ্চিত হোন যে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তা চোখ জোড়াকে সুরক্ষিত রাখতে পারবে।এমন সানগ্লাস বেছে নিতে হবে, যার লেন্স আলট্রাভায়োলেট রশ্মি এ এবং বি–র (ইউভিএ এবং ইউভিবি) ৯৯ থেকে ১০০ শতাংশই আটকে দিতে পারে। এটিকে অনেক সময় ইউভি ৪০০ হিসেবে লেখা হয়ে থাকে, অর্থাৎ ৪০০ ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি থেকে তা সুরক্ষা দেয়।
কতটা গাঢ় রঙের সানগ্লাস কেনা হচ্ছে, তার ওপর সুরক্ষার বিষয়টি নির্ভর করে না।
শিশুদের সানগ্লাসের জন্য পলিকার্বোনেট লেন্স বিশেষভাবে উপযোগী। কারণ, তা সহজে ভাঙে না। ট্রিভেক্সও লেন্সের উপকরণ হিসেবে ভালো। এমন উপকরণের ফ্রেম বেছে নিন, যার স্থিতিস্থাপকতা অনেকটা বেশি। এসব ফ্রেম সহজে ভাঙে না।
চোখের চারপাশ যতটা সম্ভব ঢাকা থাকে, শিশুর জন্য এমন সানগ্লাস বেছে নিন। খুব ঢিলেঢালা বা খুব আঁটসাঁট সানগ্লাস নেওয়া উচিত নয়। খেলাধুলার জন্য পোলারাইজড (প্রতিফলনরোধী) সানগ্লাস বেছে নেওয়া ভালো, তবে এ ক্ষেত্রেও আলট্রাভায়োলেট রশ্মি থেকে সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়ে নিতে হবে।
গড়ে উঠুক অভ্যাস
নিয়ম অনুযায়ী নিজেরা সানগ্লাস ব্যবহার করুন। বড়দের দেখেই শিশুরা শিখবে। শিশুরা সহজে সানগ্লাস হারিয়ে ফেলতে পারে। সানগ্লাসে স্ট্র্যাপ থাকলে হারানোর প্রবণতা কমে। তাদের এটাও শেখাতে হবে, ব্যবহার শেষে সানগ্লাসটি কোথায় গুছিয়ে রাখতে হয়। বাইরে গেলেও তার সঙ্গে সানগ্লাস রাখার উপযোগী একটি ব্যাগ বা বক্স দিয়ে দিন। একজনের সানগ্লাস অন্যজনের পরতে নেই। এটাও শিখিয়ে রাখুন ছোটবেলা থেকেই।
আরও যা
ছয় মাসের কম বয়সী শিশুদের সরাসরি রোদে নেওয়া উচিত নয়। বাইরে নেওয়ার প্রয়োজন হলে এমনভাবে নিন, যাতে চোখে সরাসরি রোদ না পড়ে। টুপি ও ছাতার মতো অনুষঙ্গ ব্যবহার করে তাদের চোখ ও ত্বক সুরক্ষিত রাখতে হবে।