এ সময়ের রোগবালাই থেকে বাঁচতে যেভাবে প্রস্তুতি নেবেন
আমরা জানি যে আবহাওয়া পরিবর্তনের সময় রোগবালাই বেড়ে যায়। মৌসুম পরিবর্তনের প্রথম দুই সপ্তাহে এটা আরও বেশি হতে দেখা যায়, কারণ আমাদের কোনো প্রস্তুতি থাকে না।
তাপমাত্রার ওঠানামা, বাতাসের আর্দ্রতা, বাতাসের চাপের পরিবর্তন মিউকাস মেমব্রেনের প্রতিরোধক্ষমতাকে দুর্বল করে। তাই ভাইরাস আমাদের শরীরে সহজেই অনুপ্রবেশ করে ও ছড়িয়ে পড়ে। এ ছাড়া আবহাওয়া পরিবর্তনের সময় রোজকার রুটিন, খাবার, ঘুমের পরিবর্তন হলে সমস্যাগুলো আরও বেশি হওয়ার আশঙ্কা থাকে।
কারা অসুস্থ হতে পারেন
শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা। যাদের হাঁপানি, ডায়াবেটিস আছে বা কোনো কারণে যাদের রোগপ্রতিরোধক্ষমতা কম।
লক্ষণ
ক্লান্তিবোধ, বারবার হাঁচি, ত্বকের শুষ্কতা, মাথাব্যথা, অনিদ্রা, গলাব্যথা, পেটের সমস্যা, কাজে অনীহা। সমস্যাগুলো তীব্র আকার ধারণ করার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যা করা দরকার:
১. বাড়িতে রান্না করা স্বাস্থ্যকর খাবার খান।
২. ভিটামিন সি, ভিটামিন এ যুক্ত মৌসুমি ফল ও শাকসবজি খান।
৩. ভিটামিন ডি গ্রহণ করুন।
৪. জিংকসমৃদ্ধ খাবার খান।
এ ছাড়া ভেষজ গুণসমৃদ্ধ হারবাল চা, আদা, হলুদ, রসুন খেতে পারেন। রোজ ব্যায়াম বা ত্রিশ মিনিট হাঁটাটাও জরুরি। প্রচুর পানি খেতে হবে। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমানো জরুরি।
আরও যা করতে পারেন
আবহাওয়া উপযোগী পোশাক পরতে হবে। হাত ধোয়া, পরিষ্কার–পরিচ্ছন্নতা অবলম্বন, মাস্ক পরা, প্রয়োজনীয় ভ্যাকসিন নেওয়া ইত্যাদি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাঁপানি রোগীদের পোষা প্রাণীদের লোম এড়াতে মাস্ক ব্যবহার করতে হবে, কার্পেট ঘরে রাখা পরিহার করতে হবে, বিছানার কভার নিয়মিত বদলাতে হবে।