‘হাইড্রেশন ব্রেক’ কি যেকোনো ক্রীড়াবিদের জন্যই দরকার

ফুটবল বিশ্বকাপের সুবাদে ‘হাইড্রেশন ব্রেক’ কথাটির সঙ্গে এখন সবাই কমবেশি পরিচিতছবি: এএফপি

এবারের ফুটবল বিশ্বকাপের সুবাদে ‘হাইড্রেশন ব্রেক’ কথাটির সঙ্গে এখন সবাই কমবেশি পরিচিত। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা কি শুধু ফুটবলারদেরই প্রয়োজন? নাকি অন্যান্য ক্রীড়াবিদদের জন্যও?
অনেক দর্শক আবার হাইড্রেশন ব্রেকে বিরক্ত হন। তাঁরা বলেন, এতে খেলার গতি বা সৌন্দর্য নষ্ট হয়। এর আদৌ কোনো স্বাস্থ্যগত উপকারিতা আছে কি না, এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ।
বাস্তবতা হলো, হাইড্রেশন ব্রেক শুধু ফুটবলের জন্য নয়; প্রায় সব ধরনের খেলাধুলাতেই জরুরি। বিশেষ করে যখন তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকে, তখন শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। শরীরে মাত্র ২ শতাংশ পানির ঘাটতিও একজন অ্যাথলেটের কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।

আরও পড়ুন

পর্যাপ্ত পানি না থাকলে প্রথমেই কমে যায় শারীরিক সক্ষমতা। একজন খেলোয়াড় দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। এ ছাড়া পেশিতে টান ধরতে পারে, দৌড়ানোর গতি ও সহনশীলতা কমে যেতে পারে। একই সঙ্গে মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রতিক্রিয়ার গতি হ্রাস পায়। ফলে ভুল পাস, ভুল শট বা ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়ে। ইনজুরিতে পড়া বা আঘাত পাওয়ার আশঙ্কাও বেড়ে যেতে পারে।
হাইড্রেশন ব্রেকের সবচেয়ে বড় উপকার হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করা। পর্যাপ্ত পানি শরীরের স্বাভাবিক শীতলীকরণ প্রক্রিয়াকে কার্যকর রাখে। এতে তাপ-অবসাদ বা হিটস্ট্রোকের মতো জটিলতার ঝুঁকি কমে। দীর্ঘ সময়ের খেলায় বা অনুশীলনে শুধু পানি নয়, প্রয়োজনে ইলেকট্রোলাইটযুক্ত পানীয়ও উপকারী হতে পারে। কারণ, ঘামের সঙ্গে শরীর থেকে সোডিয়ামসহ বিভিন্ন খনিজও বের হয়ে যায়।
শুধু ফুটবল নয়। ক্রিকেট, টেনিস, ম্যারাথন, সাইক্লিং, অ্যাথলেটিকস, রাগবি কিংবা স্কুল-কলেজের ক্রীড়া প্রতিযোগিতা—সব ক্ষেত্রেই পরিবেশ ও খেলার তীব্রতা বিবেচনা করে হাইড্রেশন ব্রেক দেওয়া উচিত। বিশেষ করে শিশু, কিশোর ও বয়স্ক ক্রীড়াবিদদের ক্ষেত্রে এ বিষয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন। তাঁদের শরীর অনেক সময় অতিরিক্ত গরমের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে না।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি। তৃষ্ণা লাগার অপেক্ষা করা উচিত নয়। অনেক ক্ষেত্রে তৃষ্ণা অনুভূত হওয়ার অর্থ হলো শরীরে পানির ঘাটতি শুরু হয়ে গেছে। তাই খেলার আগে পর্যাপ্ত পানি পান করা, খেলার সময় নির্দিষ্ট বিরতিতে অল্প অল্প করে পানি বা প্রয়োজন অনুযায়ী ইলেকট্রোলাইটযুক্ত পানীয় গ্রহণ করা এবং খেলা শেষে হারানো তরল পূরণ করা—এসবই ভালো হাইড্রেশন কৌশলের অংশ।
আবহাওয়া পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপপ্রবাহের ঘটনা বাড়ছে। তাই হাইড্রেশন ব্রেককে শুধু একটি আনুষ্ঠানিক বিরতি হিসেবে নয়; বরং ক্রীড়াবিদদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার বৈজ্ঞানিক ও অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যবস্থা হিসেবে দেখা উচিত। সঠিক সময়ে কয়েক মিনিটের এই বিরতি একজন খেলোয়াড়ের পারফরম্যান্স যেমন ধরে রাখতে সাহায্য করে, তেমনি প্রতিরোধ করতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকিও।
লেখক: ডা. সাইফ হোসেন খান, সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি

আরও পড়ুন