পাটশাকের ৬টি উপকারিতা

বর্ষা মৌসুমে বাজারে সহজেই মেলে পাটশাক। অনেকের কাছে এটি শুধু একটি পরিচিত মৌসুমি শাক, কিন্তু পুষ্টিগুণের দিক থেকে এর মূল্য অনেক বেশি। ভিটামিন এ, বি৬, সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফোলেট ও নানা অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ পাটশাক চোখের স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে হাড় ও দাঁত মজবুত রাখতে ভূমিকা রাখতে পারে। স্বাদে সামান্য তিতকুটে হলেও নিয়মিত খাদ্যতালিকায় এই সহজলভ্য শাকটি রাখলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকার। জেনে নিন পাটশাকের ছয়টি উপকারিতা।

চোখের স্বাস্থ্য

সব বয়সের মানুষের মধ্যেই চোখের বিভিন্ন সমস্যা দেখা যায়। এর অন্যতম কারণ হতে পারে পুষ্টির ঘাটতি ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। গবেষণায় দেখা গেছে, ভিটামিন বি৬, ফোলেটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন চোখের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে এবং রাতকানা রোগের বিরুদ্ধে লড়ারও ক্ষমতা আছে।

পাটশাকে প্রতি ১০০ গ্রামে প্রায় ০.৪৯৬ মিলিগ্রাম ভিটামিন বি৬ আছে, যা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক চাহিদার প্রায় ৩৮ শতাংশ পূরণ করতে পারে।

পুষ্টিগুণের দিক থেকে পাটশাকের মূল্য অনেক বেশি
ছবি: প্রথম আলো

ফ্লু প্রতিরোধে সহায়ক

পাটশাকে আছে প্রচুর ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। ফলে ভাইরাসজনিত সংক্রমণ ও সর্দি-কাশির বিরুদ্ধে শরীর আরও ভালোভাবে লড়তে পারে।

গরমের সময়ও আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেকের সর্দি-কাশি বা ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়। তাই এ সময় মৌসুমি ও সহজলভ্য সবজি হিসেবে পাটশাক নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারেন।

আরও পড়ুন

ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক

পাটশাকে আছে ভিটামিন বি৯ বা ফোলেট, যা শরীরে নতুন কোষ তৈরি এবং ডিএনএ মেরামতের মতো গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ফোলেট গ্রহণ কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। বিশেষ করে জরায়ুমুখ, কোলন ও ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে এর সম্ভাব্য উপকারের কথা উল্লেখ করা হয়েছে।

প্রতি ১০০ গ্রাম পাটশাকে প্রায় ৯০ মাইক্রোগ্রাম ভিটামিন বি৯ থাকে, যা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক চাহিদার প্রায় ২২ দশমিক ৫০ শতাংশ পূরণ করতে পারে।

পাটশাকে ক্যালসিয়াম থাকায় এটি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে
ছবি: পেক্সেলস

দাঁত ও মাড়ির স্বাস্থ্য

সুস্থ দাঁত ও মাড়ির জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দাঁত ও চোয়ালের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে এবং দাঁতের গঠন শক্তিশালী করতে ভূমিকা রাখে। পর্যাপ্ত ক্যালসিয়াম পেলে দাঁতের ক্ষয় ও মাড়ির বিভিন্ন সমস্যার ঝুঁকিও কিছুটা কমতে পারে। পাটশাকে ক্যালসিয়াম থাকায় এটি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে।

আরও পড়ুন

হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক

পাটশাকে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম, যা হাড় ও দাঁত মজবুত রাখতে একসঙ্গে কাজ করে। রান্না করা এক কাপ (৮৭ গ্রাম) পাটশাকে প্রায় ১৮৪ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ৫৪ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে, যা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের দৈনিক চাহিদার যথাক্রমে ১৪ ও ১৩ শতাংশ পূরণ করে।

শরীরের অধিকাংশ ক্যালসিয়াম হাড় ও দাঁতে সঞ্চিত থাকে, তবে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম না থাকলে ক্যালসিয়াম ঠিকভাবে শোষিত হয় না। দীর্ঘদিন অতিরিক্ত ক্যালসিয়াম ও কম ম্যাগনেশিয়াম গ্রহণ করলে কিডনিতে পাথর ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে।

একই সঙ্গে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্ট হলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকিও বাড়ে। গবেষকদের মতে, এই দুই খনিজের আদর্শ অনুপাত ২: ১। তবে হাড়ের সুস্থতার জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি ও ভিটামিন কে পাটশাকে উল্লেখযোগ্য পরিমাণে নেই।

চুল শুকিয়ে যাওয়ার পর মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ান
ছবি: প্রথম আলো

ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে

পাটশাকে থাকা ভিটামিন বি২ শরীরে কোলাজেনের স্বাস্থ্যকর মাত্রা বজায় রাখতে সহায়তা করে। কোলাজেন ত্বক ও চুলের সুস্থতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এটি ত্বকের তারুণ্য ধরে রাখতে এবং সূক্ষ্ম বলিরেখা ও ভাঁজের উপস্থিতি কমাতে ভূমিকা রাখে।

অন্যদিকে ভিটামিন বি১২-এর ঘাটতি হলে ত্বকে অকাল বার্ধক্যের ছাপ দেখা দিতে পারে। তাই সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পাটশাক খাওয়া ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে।

সূত্র: কটনব্যাগ ডটকো ডটইউকে, হেলথলাইন

আরও পড়ুন