যে ৩ কারণে পুরুষের চেয়ে নারীর দ্বিগুণ আয়রন প্রয়োজন

নারীদের শরীরের গঠন, মাসিক ও গর্ভধারণের কারণে পুরুষের তুলনায় বেশি আয়রনের প্রয়োজন হয়। মাসিকের সঙ্গে নারীরা নিয়মিত বেশ খানিকটা করে আয়রন হারান। আর গর্ভাবস্থায় তো আরও বেশি। ১৯ থেকে ৫০ বছর বয়সী নারীদের দৈনিক প্রায় ১৮ মিলিগ্রাম আয়রন প্রয়োজন। যেখানে পুরুষদের প্রয়োজন মাত্র ৮ থেকে ১০ মিলিগ্রাম। অর্থাৎ পুরুষের চেয়ে নারীদের দৈনিক ৮ থেকে ১০ মিলিগ্রাম আয়রন বেশি প্রয়োজন।

নারীদের শরীরের গঠন, মাসিক ও গর্ভধারণের কারণে পুরুষের তুলনায় বেশি আয়রনের প্রয়োজন হয়
মডেল: উল্কা হোসেন। ছবি: সুমন ইউসুফ

কেন নারীদের বেশি আয়রন লাগে

১. মাসিকের সময় রক্তক্ষয়
প্রতি মাসে রক্তক্ষয়ের মাধ্যমে শরীর থেকে আয়রন বের হয়ে যায়, তাই ঘাটতির ঝুঁকি বেশি থাকে। কেবল এই কারণেই প্রতিদিন পুরুষের চেয়ে নারীর প্রায় দ্বিগুণ আয়রন প্রয়োজন।

২. গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানো
গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধি ও রক্ত তৈরির জন্য অতিরিক্ত আয়রন দরকার হয়। সন্তান জন্ম দেওয়ার সময় রক্তক্ষয়ের কারণে মায়ের শরীরে আয়রনের ঘাটতি থাকতে পারে। যদিও বুকের দুধে খুব বেশি আয়রন যায় না। তবে সন্তান জন্ম দেওয়ার পর মায়ের আগের শক্তি ফিরে পেতে, রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) প্রতিরোধে ও রোগ প্রতিরোধক্ষমতার জন্য আয়রন দরকার হয়।

৩. হরমোনজনিত কারণ
নারীদের শরীরে হরমোনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়রনের চাহিদাও ওঠানামা করে।

আরও পড়ুন

দৈনিক কার কতটা আয়রন প্রয়োজন

  • প্রাপ্তবয়স্ক পুরুষের (১৯ বা তার ঊর্ধ্বে বয়স হলে): প্রায় ৮ মিলিগ্রাম

  • প্রজননক্ষম নারীর (১৯ বা তার ঊর্ধ্বে বয়স হলে): প্রায় ১৮ মিলিগ্রাম

  • অন্তঃসত্ত্বা নারীর: প্রায় ২৭ মিলিগ্রাম

  • মেনোপজ হওয়া নারীর: প্রায় ৮ মিলিগ্রাম (পুরুষদের মতোই, কেননা তখন মাসিক বা গর্ভাবস্থার কোনো বিষয় থাকে না)

পুরুষের চেয়ে নারীদের দৈনিক ৮ থেকে ১০ মিলিগ্রাম আয়রন বেশি প্রয়োজন
ছবি: প্রথম আলো

মনে রাখবেন

পুরুষের চেয়ে নারীর আয়রনের প্রয়োজন বেশি। তবে সব নারীর প্রয়োজন একরকম নয়। খাদ্যাভ্যাস, মাসিকের মাত্রা, গর্ভাবস্থা ও স্বাস্থ্যগত অবস্থার ওপর তা নির্ভর করে।
অতিরিক্ত আয়রনও ক্ষতির কারণ হতে পারে।

তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট নেওয়া উচিত নয়। তবে সাপ্লিমেন্টের প্রয়োজন যদি হয়ই, সবচেয়ে ভালো হলো প্রাকৃতিক উপায়ে অর্থাৎ আয়রনসমৃদ্ধ খাবার খেয়ে আয়রনের ঘাটতি পূরণ করা।  

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড

আরও পড়ুন