খেলার সময় শিশু মেরুদণ্ডে আঘাত পেলে কী করবেন
খেলতে গিয়ে ফুটবলে অতিরিক্ত গতিতে ভুল দিকে ও ভুল গতিতে মাথা লাগিয়ে অনেকে ঘাড়ে আঘাত পায়। জামগাছের নরম মগডাল থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পেয়ে কোমর থেকে দুই পা পর্যন্ত অবশ হয়ে যায়। এমন ঘটনা বাংলাদেশে বিরল নয়।
ভুলভাবে ফুটবল বা অন্য কিছু খেলা, গাছে ওঠা, ঘাড়ে ভারী বোঝা বহনসহ নানা কর্মকাণ্ডে, এমনকি উঁচু স্থান থেকে, যেমন গাছ, টেবিল থেকে লাফ দিয়ে নামতে গিয়ে শিশুরা মেরুদণ্ডে প্রবল আঘাত পেতে পারে।
গ্রামবাংলায় খুব জনপ্রিয় খেলা ডিগবাজি—যেখানে মাটিতে বা বিছানায় উল্টো ডিগবাজি দিতে গিয়ে ঘাড়ের ওপর পড়ে যেতে হয়। একজন আরেকজনকে ঘাড়ের ওপর নেওয়া, হাত-পা ধরে দোলানো, ধাক্কাধাক্কি, একজন আরেকজনকে পেছন থেকে ধাক্কা দেওয়ার সময় সামান্য অসতর্কতায় পেতে পারে মেরুদণ্ডের ভয়াবহ আঘাত।
একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ৪২ দশমিক ১ শতাংশ মেরুদণ্ডে আঘাত পাওয়ার কারণ পড়ে যাওয়া।
যেসব বিষয়গুলো লক্ষ রাখতে হবে
উঁচু ও নরম গাছে এবং যেকোনো সরু ডালে ওঠা যাবে না। এটি বিপজ্জনক।
অগভীর পানিতে মাথা দিয়ে ডাইভ দেওয়া, উঁচু থেকে ডিগবাজি দেওয়ার মতো খেলা থেকে শিশুকে বিরত রাখুন।
ট্রাম্পলিনে একসঙ্গে দুজন শিশুর লাফানো থেকে বিরত রাখুন।
শিশুকে ঘাড়ে তুলে নেওয়া ও হাত-পা ধরে দোলানো থেকে বিরত রাখুন।
ঝুঁকিপূর্ণ খেলার ধরন সম্পর্কে শিশুকে অবগত করুন।
খেলার সময় শিশু মেরুদণ্ডে আঘাত পেলে কী করণীয়
খেলার সময় যদি ঘাড়ে ব্যথা, হাত-পা অবশ বা ঝিমঝিম অনুভূতি হয়, তাহলে শিশুকে একদম নাড়াবেন না ও সোজা অবস্থায় রেখে দ্রুত কাছের হাসপাতালে নেবেন।
শিশু মেরুদণ্ডে আঘাত পেলে প্রথম ১০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ভুল নড়াচড়ার কারণে পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। তাই ঘাড় স্থির রাখুন। রক্ত বের হলে তা হালকা চাপ দিয়ে বন্ধ করুন, কিন্তু ঘাড় না নাড়িয়ে।
আঘাতের পর ঘাড়ে বা পিঠে মালিশ করবেন না, তেল দেবেন না, টেনে সোজা করার চেষ্টা করবেন না। হাসপাতালে নেওয়ার সময় রিকশা বা বাইকে বসিয়ে নয়, শক্ত তক্তা বা স্ট্রেচারে শুইয়ে নিতে হবে।
কীভাবে বুঝবেন জরুরি অবস্থা
শিশুর ঘাড় বা পিঠে তীব্র ব্যথা, ঘাড় ঘোরাতে না পারা, হাত বা পা অবশ, ঝিমঝিম, দুর্বল লাগা, প্রস্রাব-পায়খানা আটকে যাওয়া বা নিয়ন্ত্রণ হারানো, পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে পড়া—এই লক্ষণগুলোর যেকোনো একটি থাকলে এটা মেডিক্যাল ইমার্জেন্সি বা জরুরি অবস্থা।
নূপুর বিনতে লিলি, জুনিয়র কনসালট্যান্ট, অকুপেশনাল থেরাপি বিভাগ, সিআরপি সাভার, ঢাকা