স্ট্রোক–পরবর্তী জটিলতা কী, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের ভূমিকা

স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ, যা মস্তিস্কের রক্তনালির জটিলতার কারণে হয়ছবি: ফ্রিপিক

স্ট্রোক শারীরিক অক্ষমতার প্রধান কারণ। উন্নত চিকিৎসায় স্ট্রোকে মৃত্যুহার কমলেও বেঁচে ফেরা মানুষদের শারীরিক, মানসিক ও স্নায়বিক জটিলতা হয়। পুনর্বাসনই (রিহ্যাবিলিটেশন) তাদের স্বাভাবিক জীবনে ফেরার একমাত্র পথ।

স্ট্রোক–পরবর্তী জটিলতা

  • স্ট্রোকের পর শরীরের এক পাশে পক্ষাঘাত ছাড়াও অন্যান্য জটিলতা দেখা দেয়।

  • মস্তিষ্কের নিয়ন্ত্রণহীনতায় পেশি অতিরিক্ত টান টান ও শক্ত হয়ে যায়।

  • দীর্ঘদিন অচল থাকায় জোড়া আটকে যায়, হাত-পা বাঁকা হয়ে যায়।

  • কাঁধে প্রদাহ, ব্যথা ও নড়াচড়ায় সমস্যা হয়।

  • অচল পায়ের গভীর শিরায় রক্ত জমাট বাঁধে।

  • জমাট রক্ত ফুসফুসে গেলে মৃত্যুর ঝুঁকি থাকে।

  • ভারসাম্যহীনতার কারণে রোগী বারবার পড়ে যান।

  • দীর্ঘক্ষণ এক অবস্থানে থাকায় হাড়ের ওপরের ত্বক ক্ষতিগ্রস্ত হয়।

  • খাদ্য বা লালা শ্বাসনালিতে গিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া সৃষ্টি করতে পারে।

  • কফ পরিষ্কার না হওয়ায় নিউমোনিয়া ও কাশি হয়।

  • ৩০ থেকে ৫০ শতাংশ রোগী মানসিক অবসাদে ভোগেন।

  • ক্যাথেটার বা মূত্রাশয় ভরা থাকার কারণে রোগীর বারবার সংক্রমণ হয়।

কেন শুধু ফিজিওথেরাপিস্ট যথেষ্ট নয়

ফিজিওথেরাপিস্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তিনি ব্যায়াম, গেট ট্রেনিং, স্ট্রেচিং, মোবিলাইজেশন, বৈদ্যুতিক উদ্দীপনা ইত্যাদি দিয়ে পেশির শক্তি ও নড়াচড়া ফেরানোর চেষ্টা করেন; কিন্তু সীমাবদ্ধতা হলো তিনি রোগ নির্ণয়, ওষুধ, ইনজেকশন বা কোনো চিকিৎসাপদ্ধতি প্রেসক্রাইব করেন না।

শুধু স্ট্রেচিং স্প্যাস্টিসিটি কমায় না। প্রয়োজন হয় বোটুলিনাম টক্সিন ইনজেকশন, ফেনল নার্ভ ব্লক বা ওষুধ, যা চিকিৎসক দিতে পারেন।

ডিভিটি প্রতিরোধে রক্ত পাতলাকারী, প্রেশার সোরে অ্যান্টিবায়োটিক ও বিশেষ ড্রেসিং ও ফিডিং টিউবের সিদ্ধান্ত চিকিৎসক নেবেন। 

আরও পড়ুন

ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের ভূমিকা

১. পূর্ণাঙ্গ মূল্যায়ন ও চিকিৎসা পরিকল্পনা

রোগীর স্নায়বিক অবস্থা, পেশির টান, জোড়ার গতি, খাবার গেলার সক্ষমতা, মানসিক অবস্থা—সবকিছু একসঙ্গে মূল্যায়ন করে প্রয়োজনে ইলেকট্রমায়োগ্রাফি, সোয়ালো স্ট্যাডি, ডপলার আলট্রাসাউন্ড করতে হতে পারে। এর ভিত্তিতেই ব্যক্তিকেন্দ্রিক পুনর্বাসন পরিকল্পনা করতে হবে।

২. স্প্যাস্টিসিটি ও কন্ট্রাকচারের কার্যকর ব্যবস্থাপনা

বোটুলিনাম টক্সিন (বোটক্স) ইনজেকশন দিয়ে নির্দিষ্ট পেশি শিথিল করা। ফেনল নার্ভ ব্লক বা ইন্ট্রাথেকাল ব্যাকলোফেন পাম্প প্রয়োগ করবেন। প্রয়োজনে সিরিয়াল কাস্টিং বা অর্থোপেডিক সার্জারির (টেন্ডন লেন্থেনিং)।

আরও পড়ুন

৩. জটিলতা প্রতিরোধে পদক্ষেপ

ডিভিটির জন্য ওষুধ ও ইন্টারমিটেন্ট নিউম্যাটিক কম্প্রেশন ডিভাইসের ব্যবহার। প্রেশার সোর প্রতিরোধে বিশেষ গদি, প্রতি দুই ঘণ্টায় রোগীকে ঘোরানো ও ক্ষতের যত্নের নির্দেশ দেন।

স্পিচ থেরাপিস্ট ও ডায়েটিশিয়ানকে নিয়ে ভিডিওফ্লুরোস্কোপিক সোয়ালো স্টাডি, প্রয়োজনে ন্যাসোগ্যাস্ট্রিক টিউব বা পিকিজি বসানো। পোস্ট-স্ট্রোক ব্যথা ও ফ্রোজেন শোল্ডারে স্টেরয়েড ইনজেকশন বা জয়েন্ট মোবিলাইজেশন।

৪. মাল্টিডিসিপ্লিনারি টিম

একটি আদর্শ স্ট্রোক পুনর্বাসনের ক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে থাকবেন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট, পুষ্টিবিদ ও ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ।


ডা. এইচ এন মাসুক রহমান, বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স (বিআইএইচএস); চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর ৬, ঢাকা

আরও পড়ুন