ক্যালোরি পুড়ুক ঘরোয়া কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান্না করা বা থালা–বাসন ধোয়ার কাজেও ক্যালরি খরচ হয়
ছবি: অধুনা

এখন আর বাইরে গিয়ে এত শরীর খেলানো সম্ভব নয়। পার্কে, মাঠে, জিমে যেতেও ভয়। যদি করোনা আসে তেড়ে। তাহলে উপায় কী, কীভাবে শরীর ভালো রাখব?

সহজ উত্তর—ঘর–গেরস্তালির কাজ করে। ঘরের ভেতর যে কাজগুলো এত দিন অবহেলা করে করা হয়নি, সেসবেই হাত লাগান এবার। আর যদি থাকে বাড়িতে ছোট আঙিনা, নয়তো ছাদ, নিদেনপক্ষে বারান্দা থাকলে সেখানে বাগান করেও ঝরাতে পারেন ক্যালরি। বিজ্ঞানীরা বলেন, গেরস্তালির কাজ, বাগানচর্চা করেও দেহের বিপাক হবে উজ্জীবিত আর ক্যালরি পুড়ে কমবে ওজনও।

  • ঘর ঝাঁট দিন। নাহলে ভ্যাকুয়াম দিয়ে পরিষ্কার করুন। আর সেই সঙ্গে উঠ–বস চলবে, এমন কাজের মধ্য দিয়ে সহজে অনেক ক্যালরি ক্ষয় হয়ে যাবে। ৩০ মিনিট ভ্যাকুয়াম করলে বা ঘর ঝাঁট দিলে ক্ষয় হবে ৯৯ ক্যালরি।

  • ঘাস ছেঁটে দিন। যদি থাকে ছোট প্রাঙ্গণ, তাহলে ঘাস মুড়ে দিতে নামতে পারেন। এই কাজ ৩০ মিনিট করলে ক্ষয় হবে ১৩৫ ক্যালরি।

  • নিজের গাড়ি নিজে ধুয়ে ফেলুন। কেন যাবেন কারওয়াশে? বালতিতে জল আর সাবান নিয়ে ধুয়ে ফেলুন আপনার গাড়ির বাইরের অংশ আর কাচ। সাফসুতরা খুব ভালোভাবে করলে ছুটবে ঘাম আর ঝরবে ক্যালরি। গাড়ি ধুয়ে আধা ঘণ্টায় ১৩৫ ক্যালরি পুড়িয়ে ফেলা তো চাট্টিখানি ব্যাপার নয়।

  • শয্যা তৈরি করুন নিজে। শয্যা ঘর কেন থাকবে এলোমেলো? কারও অপেক্ষায় না থেকে গুছিয়ে ফেলুন। ঘুম থেকে ওঠার সময়ও এই অভ্যাস করতে পারেন। এতে ঘর পরিপাটি থাকবে। বিছানার চাদর বদলানো, বালিশে কভার ঠিক করা, লেপ–কাঁথা ভাঁজ করা, তোশক ঝাড়া, সবশেষ বিছানা ঝাঁট—এগুলো করুন সব শোবার ঘরে। শরীর থেকে ১৩৫ ক্যালরি ক্ষয়ে যাবে মাত্র আধা ঘণ্টায়।

  • বাসায় খেলবেন বাচ্চাদের সঙ্গে। এতে শিশুরা কোয়ালিটি টাইম পাবে, আবার আপনারও ওজন কমবে। পরিবারের সবাই মিলে খেলাধুলা করলে শরীর, মন, আত্মা—সব হবে চনমনে। এই সামান্য খেলাতেও খরচ হবে আধা ঘণ্টায় ১২০ ক্যালরি।

  • বাসার ছাদ, বারান্দা ও আঙিনায় ঝরা পাতা থাকলে সরিয়ে দিন। শুকনো ডালপালা ফুলের পাপড়ি মেঝেতে পড়লে ঝাড় দিন। এগুলো সরিয়ে দিতে গেলেও আপনার ঘাম ঝরবে, ঘামের সঙ্গে ক্যালরি ঝরে যাবে। কমপক্ষে ১২০ ক্যালরি যাবেই ৩০ মিনিটে।

  • আহারের পর নিজেই ধুয়ে ফেলুন থালাবাসন। ঘরে রান্না হয়েছে। এবার কর্তা ডিশওয়াশ করুন। কারণ, খাওয়ার পর সোফায় গ্যাঁট হয়ে বসে ঢেকুর তুললে চমৎকার ব্যায়াম মিস হয়ে যাবে। তার চেয়ে বরং রান্নাঘরে গিয়ে বাসনপত্র ধুয়ে, রান্নাঘর করুন পরিপাটি। এতে ৩০ মিনিটে ঝরবে ১৮৭ ক্যালরি।

  • রান্নাঘর বা অন্য স্থানের নল–কল পরিষ্কার করুন। বেসিন, নালা পরিষ্কারেও ক্যালরি ক্ষয় কম হয় না।

  • হাঁটুন বন্ধু, ঘরেই হাঁটুন। একা হাঁটতে ভালো না লাগলে জীবনসঙ্গীর সঙ্গে হাঁটুন। আধা ঘণ্টা হাঁটলে (ঘণ্টায় ৪ মাইল গতিতে) ক্ষয় হবে ১৩৫ ক্যালরি।

  • বাগানের কাজ করুন। আগাছা উপড়ে ফেলুন, মাটি খুঁড়ে দিন, চারা লাগান, জল ঢালুন। এতেও বেশ কাজ হবে। ৩০ মিনিটে ১৪০ ক্যালরি কমিয়ে ফেলতে পারেন।