ফ্রেশ বাংলাদেশ গ্লানি মোছার শপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেস্ট ক্যানসারের লক্ষণগুলো

ব্রেস্ট ক্যানসার। এক নীরব ঘাতকের নাম। পুরুষদের এ রোগ হয়ে থাকলেও বিশেষত নারীরাই ব্রেস্ট ক্যানসারের ঝুঁকিতে থাকেন এবং আমাদের দেশের এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের পরিসংখ্যান বলে, সব ধরনের ক্যানসারের তুলনায় স্তনের ক্যানসারই বাংলাদেশের নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়।

২০২১ সালের হিসাবমতে, এই রোগে আক্রান্ত নারীর সংখ্যা ১৩ হাজার এবং প্রতিবছরই ৭ হাজারের মতো মৃত্যু ঘটে থাকে এই রোগে। আর এ ক্ষেত্রে সবচেয়ে বড় কারণই হচ্ছে ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতনতার অভাব এবং সঠিক সময়ে পরীক্ষা বা স্ক্রিনিং না করা। আর এই ব্যাধিকে প্রতিরোধের লক্ষ্যেই প্রথম আলোর সহযোগিতায় ফ্রেশ টিস্যুর উদ্যোগে শুরু হয়েছে ‘ফ্রেশ বাংলাদেশ’ ক্যাম্পেইন। সারা দেশে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ক্যাম্পেইনের আওতায় থাকবে বিনা মূল্যে ব্রেস্ট স্ক্রিনিংয়ের সুযোগ।

ব্রেস্ট ক্যানসারের যেকোনো লক্ষণ দেখা দিলেই মেমোগ্রাফি টেস্টটি করা উচিত আর এটিই এ ক্ষেত্রে সবচেয়ে সর্বজনীন পরীক্ষা।

স্তন ক্যানসারের ব্যাপারে গণসচেতনতা ছড়িয়ে দেওয়ার সবচেয়ে প্রথম ধাপই হচ্ছে এর প্রাথমিক লক্ষণগুলো ভালোভাবে জেনে নেওয়া, বুঝে রাখা। এ প্রসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ও ফিজিওলজি এবং গাইনি বিশেষজ্ঞ ডা. ফারহানা রহমানের কাছে জানতে চাওয়া হলে প্রথমেই তিনি এত গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে দেশব্যাপী সময়োপযোগী সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার জন্য ফ্রেশ টিস্যুকে আন্তরিক ধন্যবাদ জানান। যে প্রাথমিক লক্ষণগুলো ব্রেস্ট ক্যানসারের আলামত হতে পারে, তার মধ্যে প্রথমেই তিনি উল্লেখ করেন স্তনে বা বগলে যেকোনো ধরনের নতুন লাম্প বা ফোলা স্থান অনুভূত হওয়া। এ ছাড়া স্তনের কোনো অংশে অস্বাভাবিক বৃদ্ধি, ফুলে চাকা হয়ে ওঠা, স্তনের ত্বকের কোথাও স্থায়ী জ্বলুনি বা চুলকানি, ত্বক দেবে যাওয়া, স্তনবৃন্তে বা নিপল এলাকায় লাল ভাব বা ত্বক শুকিয়ে খসখসে হয়ে যাওয়া, নিপলে বা স্তনের কোথাও ব্যথা ইত্যাদি লক্ষণও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বসহকারে খেয়াল করতে হবে। স্তন ক্যানসারের মাত্রা, পর্যায়, স্থান এবং রোগীর শরীরের ধরন বুঝে এর লক্ষণগুলো একেক রকম হতে পারে একেকজনের ক্ষেত্রে।

তাই স্তন বা এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের অস্বস্তি ও অস্বাভাবিকতা দেখলেই সাবধান হতে হবে। প্রায় সময়ই স্তনে বারবার চুলকানি বা ব্যথা অনুভব করলেও আমরা সহজে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং করি না। এই সংকোচ, শঙ্কা ইত্যাদি কারণে তখন ব্রেস্ট ক্যানসার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা কঠিন হয়ে পড়ছে। ফলে মৃত্যুহারও বেড়ে যাচ্ছে এ রোগে। এ ছাড়া স্তনের আকার–আকৃতিতে হঠাৎ কোনো বদল দেখা দিলে, স্পর্শে কোনো শক্ত, নরম বা উষ্ণ চাকা টের পেলে তৎক্ষণাৎ প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।

আরও পড়ুন

ডা. ফারহানা রহমান বলেন, ব্রেস্ট ক্যানসারের যেকোনো লক্ষণ দেখা দিলেই মেমোগ্রাফি টেস্টটি করা উচিত আর এটিই এ ক্ষেত্রে সবচেয়ে সর্বজনীন পরীক্ষা। পরিবারে ব্রেস্ট ক্যানসারের ইতিহাস থাকলে লক্ষণ না পেলেও ৩৫-৪০ বছরের পর থেকে অবশ্যই একজন নারীকে নির্দিষ্ট সময় পরপর মেমোগ্রাম টেস্ট করতে হবে। এ ক্ষেত্রে ক্ষুদ্রাকৃতির টিউমার বা অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত অংশ খুবই প্রাথমিক পর্যায়ে নির্ণয় ও চিকিৎসা করা যাবে। খুব বিরল ক্ষেত্রে স্তন থেকে আঠালো কিছুর নিঃসরণ ঘটতে পারে, স্তনবৃন্ত দেবে যেতে পারে। এসব লক্ষণের পাশাপাশি দুর্বলতা, জ্বর, লিম্ফ নোড ফুলে যাওয়া—এসবই স্তন ক্যানসারের প্রাথমিক বৈশিষ্ট্য হতে পারে।

মোটকথা হচ্ছে, স্তন, বগল বা আশপাশের স্থানে যেকোনো রকমের নতুন পরিবর্তন, অস্বস্তি, প্রদাহ দেখলেই দেরি না করে আমাদের ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং করে ফেলতে হবে গুরুত্বসহকারে। এসব লক্ষণের ব্যাপারে ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন এবং এটিই হতে পারে দেশে স্তনের ক্যানসারের ভয়াল প্রকোপ অনেকটা কমিয়ে আনার প্রাথমিক ধাপ।