বয়সের ছাপ কমাবে যেসব আসন
শৈশব, কৈশোর ও যৌবনে নতুন কোষ তৈরির ক্ষমতা বেশি থাকে, চেহারায় ফুটে ওঠে লাবণ্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মেটাবলিজমের গতি ধীর হয়ে যায়। বাড়তে থাকে মৃত কোষের সংখ্যা। চেহারাতেও এর ছাপ পড়ে। তবে নিয়মিত যোগাসন করলে মেটাবলিজমের গতি বাড়ে, তৈরি হয় নতুন নতুন কোষ। তাই সমবয়সীদের তুলনায় নিজের ত্বকের লাবণ্য ধরে রাখা সহজ হয়। এখানে থাকল তেমনই কয়েকটি উপকারী যোগাসন। যেগুলো নিয়মিত চর্চার মাধ্যমে বয়স বাড়লেও চেহারায় থাকবে লাবণ্য।
হলাসন
যেভাবে করবেন: চিৎ হয়ে টানটানভাবে শুয়ে পড়ুন। দুই পা একসঙ্গে ওপরে তুলে দুই হাত দিয়ে কোমর ধরুন। শ্বাস ছাড়তে ছাড়তে দুই পা কোমর থেকে ভাঁজ করুন এবং হাঁটু না ভেঙে পায়ের আঙুল মাথার পেছনে মাটিতে স্পর্শ করুন। এ অবস্থায় শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে নেবেন ও ছাড়বেন। আসন থেকে ফেরার সময় কোমরে হাত রেখেই পা দুটি টানটান করে ওপরের দিকে (ঘরের ছাদ বা আকাশের দিকে) রাখুন। এরপর কোমর থেকে হাত সরিয়ে খুব ধীরে ধীরে নিতম্ব মাটিতে রাখুন, এবার শ্বাস ছাড়তে ছাড়তে পা দুটি মাটিতে রাখুন।
সময়কাল: ২-৩ মিনিট করুন। তবে প্রথম প্রথম অনুশীলনের সময় ১০-১৫ সেকেন্ড করে ৩-৫ বার করুন।
সতর্কতা: ঘাড়ে ও কোমরে ব্যথা থাকলে এ আসন করা নিষেধ। উচ্চ রক্তচাপের রোগীরা এ আসন করবেন না।
চক্রাসন
যেভাবে করবেন: দুই পায়ের মাঝখানে আনুমানিক কাঁধের সমান দূরত্ব রেখে শুয়ে পড়ুন। পা ভাঁজ করে এমনভাবে রাখুন যেন নিতম্বের সঙ্গে গোড়ালির স্পর্শ লাগে। দুই হাত ওপরে তুলে আস্তে আস্তে মাথার দুপাশে হাতের পাঞ্জা দুটি রাখুন। কনুই দুটি ছড়িয়ে না পড়ে যেন পরস্পরের সমান্তরাল থাকে। শ্বাস নিয়ে প্রথমে নিতম্ব ও কোমর ওপরে তুলুন, তারপর হাতে ভর রেখে পিঠ ও মাথা ওপরে তুলে ফেলুন। আসনে থাকা অবস্থায় শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে। আসন থেকে নামার সময় শ্বাস ছাড়তে ছাড়তে আগে পিঠ ও তারপরে কোমর নামান। শবাসনে বিশ্রাম নিন।
সময়কাল: ১৫-৩০ সেকেন্ড করে ৩-৫ বার করুন।
সতর্কতা: উচ্চ রক্তচাপ থাকলে এই আসন করা নিষেধ। আসন থেকে নামার সময় মাথা আগে মাটিতে না নামিয়ে পিঠ নামাবেন। প্রথম অনুশীলনের সময় অবশ্যই বিছানার ওপর করুন।
বিশেষ সতর্কতা: সব যোগাভ্যাস খালি পেটে করবেন।
পশ্চিমোত্তনাসন
যেভাবে করবেন: দুই পা টান টান করে সোজা হয়ে বসুন। শ্বাস নিতে নিতে দুই হাত মাথার ওপরে তুলুন। শ্বাস ছাড়তে ছাড়তে হাতসহ কোমর থেকে সামনের দিকে ঝুঁকুন এবং চেষ্টা করুন মুখমণ্ডল হাঁটুতে স্পর্শ করাতে। আসনে থাকা অবস্থায় পেট হালকা টেনে রাখুন। শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে নিন ও ছাড়ুন। আসন থেকে ওঠার সময় শ্বাস নিতে নিতে হাতসহ উঠুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে ফেলুন।
সময়কাল: ১৫-৩০ সেকেন্ড করে ৩-৫ বার করুন।
সতর্কতা: ব্যাকপেইন থাকলে পশ্চিমোত্তনাসন করা নিষেধ।