যত হাসপাতাল, তত পার্ক থাকলে এত হাসপাতালের দরকার পড়ত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসকেএফ নিবেদিত ‘সুস্বাস্থ্য নিয়ে আর নয় মাথাব্যথা’র এবারের আলোচনার বিষয় ছিল ‘স্বাস্থ্য ও মাথাব্যথা নিয়ে নিয়মিত শরীরচর্চা’। এই আয়োজনে ছিলেন তিনজন অতিথি। এঁরা কথা বলেছেন শরীর সুস্থ রাখার নানা দিক নিয়ে।

সুস্মিতা শ্রুতি চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন ডা. সাকলাইন রাসেল (উপরে ডানে), ডা. শাহ ফাহমিদা সিদ্দিকা (নীচে ডানে) ও সাঁতারু সাইফুল ইসলাম রাসেল (নীচে বামে)

সাইফুল ইসলাম রাসেলএদিনের আলোচনায় অংশ নেন ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক ও কনসালট্যান্ট ডা. সাকলাইন রাসেল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনি) ডা. শাহ ফাহমিদা সিদ্দিকা ও ‘সি হর্স’ নামে পরিচিত ওশান সুইমার সাইফুল ইসলাম রাসেল। তিনি ১৬.১ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল একই দিনে দুইবার সাঁতরে পাড়ি দিয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সুস্মিতা শ্রুতি চৌধুরী।

সাইফুল ইসলাম যখন নার্সারিতে পড়েন, তখন থেকেই তিনি সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করেন। নদীর কাছে বাড়ি ছিল। স্কুল থেকে বাসায় এসে হাফপ্যান্ট পরে ঝাঁপিয়ে পড়তেন নদীতে। স্কুলে থাকা অবস্থায় বেশ কয়েকবার সাঁতার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। ২০১৬ সালে বাংলাদেশে প্রথম বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে সাঁতারে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা হয়। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে ২৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে সেরা ১৬০-এ আসেন। ছয় মাসের প্রশিক্ষণ পর্ব চলে। দেশের ও দেশের বাইরের সেরা কোচদের কাছে সাঁতার শেখেন ও প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দেন। নদীমাতৃক বাংলাদেশে প্রতিবছর ১৮ হাজার, প্রতিদিন ৪৯ জন আর প্রতি ৩০ মিনিটে একজন পানিতে ডুবে মারা যায়।

সাইফুল ইসলাম রাসেল

২০১৭ সালে সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে এক আবাসিক ছাত্র পানিতে ডুবে মারা যান। তখন সাইফুল অনুশীলন করছিলেন। এই ঘটনা সাইফুলকে ভীষণ মর্মাহত করে। দুই দিন তিনি অনুশীলনে অংশ নিতে পারেননি। তিনি ভাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র পড়তে এসে যদি পানিতে ডুবে মারা যান, তাহলে কী হলো? এরপর ফিরে এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাঁতার শেখানো শুরু করেন। বাংলা চ্যানেলে ১২ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন। সাইফুল নিজেকে এমনভাবে গড়তে চান, যাতে তাঁকে দেখে অন্যরাও সাঁতার শিখতে আগ্রহী হয়।

ডা. শাহ ফাহমিদা সিদ্দিকা ছোটবেলা থেকেই খেলাধুলা খুব ভালোবাসতেন। বিশেষ করে সাইকেল চালাতে। কিন্তু রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় তখন সেটা পারেননি। তবে পরে মেডিকেল কলেজে পরার সময় সাইকেল চালানো, সাঁতার কাটা—এসব করেছেন। শত ব্যস্ততার ভেতরও প্রতিদিন সকালে দুই ঘণ্টা নিজের জন্য রাখেন, হাঁটেন। সাকলাইন রাসেলও সহমত জানিয়ে বলেন, ২৪ ঘণ্টার ১ ঘণ্টা নিজের জন্য রাখা যাবে না, এটা হতেই পারে না।

ডা. শাহ ফাহমিদা সিদ্দিকা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি নিজের শারীরিক ও মানসিক ফিটনেসের জন্য দিনে দুই ঘণ্টা সময় রাখেন, তাহলে বিশ্বের যে কেউ চাইলেই পারবে। প্রতিদিন হাঁটলে সেটা বোরিং হয়ে যেতে পারে। তাই ডা. সাকলাইন এক দিন হাঁটেন, এক দিন ইয়োগা করেন, দুই দিন জিমে যান। দুই দিন সাঁতার কাটেন, আবার সাইকেল চালান। একা একা নিয়ম করে এগুলো করা কঠিন। তাই এই ডাক্তার দল বেঁধে এগুলো করেন। হেলথ ক্লাব তাঁকে খুবই সুবিধা দিয়েছে। তা ছাড়া সাকলাইনের এমন কিছু বন্ধু আছেন, যাঁরা তাঁকে ফিটনেসের ক্ষেত্রে অনুপ্রেরণা দেন।

ঢাকা শহরে বড় বড় হাসপাতাল হয়েছে, পার্ক হয়নি। যদি পার্ক হতো, তাহলে এত হাসপাতালের দরকার পড়ত না, এত মানুষকেও হাসপাতালে ভিড় করতে হতো না। ঢাকা শহরে পুকুর নেই যে তা নয়, তবে সেগুলো সংস্কারের অভাবে অব্যবহৃত থাকে। করোনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, সেই সঙ্গে জিম, সুইমিংপুল, পুকুর সবই বন্ধ। পার্ক বন্ধ। ফিটনেসের সব উপায় বন্ধ করে করোনার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না বলে মনে করেন এই ডাক্তার।

ডা. সাকলাইন রাসেল

ডা. সাকলাইন রাসেলের কাছে হাত, পা, ঘাড়ের ব্যথা নিয়ে যাঁরাই আসে, তাদের তিনি পুকুরে সাঁতার কাটার পরামর্শ দেন। শরীরে এমন কোনো অঙ্গ–প্রতঙ্গ নেই যেটা সাঁতারের মাধ্যমে উপকৃত হয় না। অ্যাথলেটস হার্ট কেবল অ্যাথলেটদের থাকে না, সাঁতারুদেরও থাকে। হাঁটা, দৌড়ানো, জিম করা— সবকিছু থেকে সাঁতার কাটা ভালো। নারী–পুরুষনির্বিশেষে সবার এসব ব্যায়াম করা উচিত।