যোগব্যায়ামে সুস্থ রাখি হৃদয়

যোগব্যায়ামে সুস্থতাছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড, যা কাজ করে চলেছে ক্লান্তিহীনভাবে। পেশি দিয়ে তৈরি এই যন্ত্র আসলে পুরো শরীরের রক্তসঞ্চালনে সহায়তা করে থাকে। হৃদ্‌যন্ত্র্র আবার শক্তিকেন্দ্রস্থল। কারণ, এখান থেকেই আমরা পাই ভালোবাসার শক্তি, হারানোর বেদনা বা দুঃখ কমানোর সক্ষমতাও। এই হৃৎপিণ্ডকে আমরা সুস্থ রাখতে পারি নিয়মিত ব্যায়ামের মাধ্যমে। যোগব্যয়াম এর একটি। যোগব্যায়াম আসলে কিছু আসনের সমাহার। এই আসনের সঙ্গে রয়েছে শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ আর ধ্যানের মাধ্যমে সহজেই আমরা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে পারি।

হার্টের সুস্থতায় কার্যকর যোগ আসন
ছবি: লেখক

ব্যায়াম

ব্যায়াম হৃৎপিণ্ডকে সুস্থ ও সবল করে। ফলে শরীরে রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে পারে। উপরন্তু আপনার বয়স যতই হোক না কেন, শরীরের বিভিন্ন পেশিতে রক্ত সরবরাহ ব্যবস্থা চালু রাখতে হৃৎপিণ্ডকে অধিক কষ্ট করতে হয় না। যোগব্যায়ামে তিন ধরনে ব্যায়াম রয়েছে। কার্ডিওভাসকুলার বা অ্যারোবিক ব্যায়াম রক্তসঞ্চালন ব্যবস্থা উন্নত করে, রক্তচাপ কমায় এবং হৃৎস্পন্দনকে স্বাভাবিক রাখে। স্ট্রেন্থ ট্রেনিং শরীরের চর্বি কমিয়ে পেশিকে সুস্থ রাখে। স্ট্রেচিং শরীরের কাঠামোকে নমনীয় করে। পেশি শক্ত ও অনমনীয় হয়ে ওঠে না। ফলে মানুষ শারীরিক ও মানসিকভাবে চাঙা থাকে।

চাপমুক্ত থাকা

যোগব্যায়াম রক্ত সঞ্চালনে সহায়তা করে
ছবি: লেখক

যোগাসনের সবচেয়ে বড় উপকারিতা হলো হৃৎপিণ্ডকে চাপমুক্ত রাখে। ফলে শরীর ও মন থাকে সতেজ। কারণ, মানসিক চাপ শরীরকে নানাভাবে প্রভাবিত করে। বিশেষত মানসিক অবসাদ কর্টিসল ও অ্যাড্রেনারিন হরমোন নিঃসরণকে প্রভাবিত করে আমাদের শিরাকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে। কর্টিসল শরীরের ওজন হ্রাসে বাধা সৃষ্টি করে, কোলেস্টেরল, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে; বাড়ায় রক্তচাপ। এর থেকেই হয় হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক। রাজধানী ঢাকার ব্যস্ত জীবনে আমাদের প্রয়োজন নিজেদের চাপমুক্ত রাখা।

ভালো ঘুম

নিয়মিত যোগব্যায়ামে সতেজ থাকে মন
ছবি: লেখক

ঘুম মানুষের সুস্থতার পূর্বশর্ত। প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম আবশ্যক। কারণ, ঘুম মানুষের সব ধরনের চাপ কমিয়ে সতেজতা দেয়। সারা দিনের সব অবসাদ দূর করে চাঙা করে তোলে; যাতে পরের দিন পূর্ণোদ্যমে কাজ করতে পারে। কিন্তু নির্দিষ্ট সময়ের ঘুম না হলে শরীরে অবসাদ থেকেই যায়। এমনকি ঘুমের ওষুধ খেয়ে ঘুমালেও স্বাভাবিক ঘুমের সেই সতেজতা মেলে না। উল্টো চাপের মধ্যে থাকে হৃৎপিণ্ড। যোগব্যায়াম এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখে। আসন পেশিকে সক্রিয় করে ঘুমের ব্যাঘাত দূর করে। প্রাণায়াম অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়ায় আর মেডিটেশন বা ধ্যান অবসাদ আর মানসিক চাপমুক্ত করে মনকে হালকা করে।

মানসিক শান্তি

হতাশা, রাগ, অপরাধ বোধ, দুশ্চিন্তা আমাদের হৃৎপিণ্ডের ক্ষতি করে। এগুলো মানসিক চাপ বাড়ায়, যা হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকারক হয়, নার্ভাস ব্রেকডাউন, হার্ট অ্যাটাকের কারণ ঘটায়। মেডিটেশন, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম এবং কিছু আসন মানসিক অবরুদ্ধতা দূর করে। নানা ধরনের নেতিবাচক মানসিক আবেগকে নিয়ন্ত্রণ করে। ফলে মানুষ অন্যদের প্রতি ক্ষমা ও সহানুভূতিশীল হয়ে ওঠে।

নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণায় যোগব্যায়ামের উপকারিতা মিলেছে। ওষুধ নয়, অনেক ধরনের শারীরিক সমস্যার সমাধান সম্ভব যোগাসনের মাধ্যমে। মাত্র তিন সপ্তাহের নিয়মিত অনুশীলনেই এর উপকারিতা টের পাওয়া যাবে।

লেখক: যোগব্যায়ামবিদ, লেখক ও অ্যাকটিভিস্ট