রাশিফল
যেকোনো বিষয়ে হুটহাট মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে কোন রাশির জাতককে
অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
এ সপ্তাহের রাশিফল (২১ ফেব্রুয়ারি–২৭ ফেব্রুয়ারি ২০২৬)
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)
এ সপ্তাহে আপনার ভেতরে প্রবল তাগিদ কাজ করবে। আপনি নিজের অবস্থান স্পষ্ট করতে চাইবেন, কারও কাছে কিছু প্রমাণ করার ইচ্ছাও জাগতে পারে। কথাবার্তায় সরাসরি ভাব থাকবে, যা ভালো দিক যেমন আছে, তেমনি ভুল–বোঝাবুঝির আশঙ্কাও তৈরি করতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে।
এরপর বাস্তব বিষয়গুলো ধীরে ধীরে গুরুত্ব পেতে শুরু করবে। অর্থ, নিরাপত্তা এবং নিজের পরিশ্রমের মূল্য পাওয়া—এসব নিয়ে ভাবনা বাড়বে। আপনি বুঝতে চাইবেন, কোথায় দাঁড়িয়ে আছেন এবং কীভাবে আরও স্থির হওয়া যায়।
এই সময় যোগাযোগের ভূমিকা অনেক বড় হবে। কারও সঙ্গে গুরুত্বপূর্ণ কথা পরিষ্কারভাবে বলার সুযোগ আসবে। ছোট যাতায়াত, ফোনকল বা আলোচনার মাধ্যমে নতুন তথ্য বা সিদ্ধান্ত আসতে পারে।
বিনিয়োগের জন্য এই সপ্তাহ ঝুঁকিপূর্ণ। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে)
আপনি স্বাভাবিকের চেয়ে একটু বেশিই অন্তর্মুখী থাকবেন। সবকিছু প্রকাশ্যে আনার প্রয়োজন বোধ করবেন না। নিজের ভেতরের ভাবনা গুছিয়ে নেওয়ার তাগিদ থাকবে। বিশ্রাম না নিলে মানসিক ক্লান্তি বাড়তে পারে।
তবে সপ্তাহের মাঝামাঝি ধীরে ধীরে আত্মবিশ্বাস দৃঢ় হবে। নিজের উপস্থিতি ও সিদ্ধান্তে স্পষ্টতা আসবে। অন্যরা আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। নিজের শরীর, চেহারা বা ব্যক্তিগত ইমেজ নিয়ে সচেতনতা বাড়তে পারে।
অর্থ ও মূল্যবোধ নিয়ে চিন্তা সামনে আসবে। খরচ করার ইচ্ছে থাকলেও হিসাব করে চলাই বুদ্ধিমানের কাজ। নিজের যোগ্যতা নিয়ে নতুন উপলব্ধি হতে পারে।
কর্মস্থলে বস, সহকর্মী কিংবা ঊর্ধ্বতন মহলের সঙ্গে বিবাদ এড়িয়ে চলাই উত্তম। কর্মক্ষেত্রে ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করুন। কারণ, এ সপ্তাহে কাজের চাপ বাড়বে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য নেতিবাচক।
মিথুন রাশি (২২ মে–২১ জুন)
সোশ্যাল নেটওয়ার্কিং আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে চলতি সপ্তাহ। আপনি মানুষের সঙ্গে কথা বলবেন, নতুন ভাবনা ও পরিকল্পনায় যুক্ত হবেন, আবার হঠাৎ করেই নিজেকে গুটিয়ে নেওয়ার প্রয়োজন অনুভব করবেন—এই ওঠানামাটা একদম স্বাভাবিক। বন্ধুবান্ধব বা পরিচিতদের কথাবার্তা আপনাকে ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করতে পারে, তবে একই সঙ্গে আপনি বুঝতে পারবেন কার কথা আপনাকে এগিয়ে নেয় আর কার কথা শুধু মানসিক চাপ বাড়ায়। নিজের সঙ্গে নিজের কথোপকথন বাড়বে—আমি কী চাই, কোথায় যাচ্ছি, এই প্রশ্নগুলো ঘুরবে মাথায়।
একই সঙ্গে কাজ ও সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টি অনেক দূর বিস্তৃত হবে। পড়াশোনা, জ্ঞান অর্জন, ভ্রমণ কিংবা নতুন কিছু শেখার জন্য সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যৎ নিয়েও আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে, আর সেই পরিবর্তনই পরবর্তী সিদ্ধান্তগুলোর ভিত্তি তৈরি করবে।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই)
এ সময়টায় আপনার আবেগ প্রথমে দায়িত্ব ও কাজের দিকেই বেশি আটকে থাকবে। নিজেকে প্রমাণ করার চাপ, প্রত্যাশা পূরণের তাগিদ আর ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ভাবনা আপনাকে ব্যস্ত রাখবে। এরপর ধীরে ধীরে বন্ধু, পরিচিত মানুষ বা কাছের কেউ মানসিকভাবে পাশে দাঁড়াবে। কারও একটি কথা বা সমর্থন আপনাকে হালকা অনুভব করাতে পারে। এর পরের পর্যায়ে মনে হবে একটু থামা দরকার, নিজের জন্য বিশ্রাম আর মানসিক প্রশান্তি জরুরি হয়ে উঠবে। একই সঙ্গে সম্পর্কের ভেতরে গভীর পরিবর্তনের ইঙ্গিত থাকবে। বিশ্বাস, ঘনিষ্ঠতা, যৌথ অর্থ বা গোপন অনুভূতি নিয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি আসতে পারে। পুরোনো ভয় বা নিয়ন্ত্রণের প্রবণতা ছেড়ে দিলে এই সময়টা আপনাকে ভেতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, আর সেই পরিবর্তনই ভবিষ্যতে আপনাকে আরও শক্ত ও স্থির করে তুলবে।
চলাফেরা কিংবা ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন উচিত। দুর্ঘটনা কিংবা শারীরিক আঘাত আপনাকে বিপাকে ফেলতে পারে। এ সপ্তাহের শেষে নিজের ব্যক্তিগত ও গোপন সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকা উচিত।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট)
এ সপ্তাহে আপনার ভাবনা ধীরে ধীরে বড় পরিসরে ছড়িয়ে পড়বে। জীবনের মানে, বিশ্বাস, ভবিষ্যৎ দিকনির্দেশনা কিংবা দূরের কোনো লক্ষ্য আপনাকে গভীরভাবে ভাবাতে পারে। সেই ভাবনাগুলো বাস্তবে রূপ দেওয়ার তাগিদ বাড়বে। ফলে কাজ, দায়িত্ব ও সামাজিক অবস্থান নিয়ে মনোযোগ তীব্র হবে এবং নিজেকে প্রমাণ করার সুযোগও আসতে পারে।
এরপর দৃষ্টি আরও প্রসারিত হয়ে যাবে মানুষের দিকে। কার সঙ্গে এগোবেন, কোন দল বা লক্ষ্য আপনার সঙ্গে মানানসই—এসব বিষয় পরিষ্কার হতে শুরু করবে।
একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটি খুব সক্রিয় থাকবে। দাম্পত্য জীবনে এ সপ্তাহে সতর্ক থাকা উচিত। পার্টনার বা জীবনসঙ্গীর সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য তৈরি হতে পারে সপ্তাহের দ্বিতীয় ভাগে। তবে অনেকেই নতুন সম্পর্কে জড়াতে পারেন কিংবা বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।
এই সময়ে জীবনসঙ্গী, প্রেমের মানুষ বা গুরুত্বপূর্ণ পার্টনারের সঙ্গে কথা, সিদ্ধান্ত কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গভীর আলোচনা হতে পারে। আপনি বুঝতে পারবেন, একা এগোনোর চেয়ে সঠিক মানুষের সঙ্গে হাত মিলিয়ে এগোলে পথ অনেক সহজ ও শক্তিশালী হয়, আর এই উপলব্ধিটাই এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
সপ্তাহের শুরুতে আপনার ভেতরে এমন কিছু প্রশ্ন জাগবে, যেগুলো আপনি এত দিন এড়িয়ে চলছিলেন। পুরোনো ভয়, নিরাপত্তাহীনতা, কারও ওপর নির্ভরতা বা নিয়ন্ত্রণের বিষয়গুলো হঠাৎ করেই বেশি করে অনুভূত হতে পারে। এগুলো আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং ভেতর থেকে পরিষ্কার করার জন্য সামনে আসছে। নিজের আবেগকে বিশ্লেষণ করার প্রবণতা বাড়বে, আর আপনি বুঝতে চাইবেন কোন অনুভূতিগুলো সত্যিই আপনার আর কোনগুলো শুধু অভ্যাসের ফল। এই ভেতরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলাতে থাকবে। জ্ঞান, বিশ্বাস, নীতি কিংবা ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি হবে এবং আপনি আগের চেয়ে বেশি বাস্তব ও পরিণতভাবে বিষয়গুলো দেখতে শুরু করবেন। এর ফলেই দায়িত্বের জায়গায় চাপ বাড়বে; কাজের পরিবেশে আপনাকে আরও বেশি শৃঙ্খলাবদ্ধ, সচেতন ও পরিশ্রমী হতে হবে। প্রতিযোগিতা বাড়তে পারে, কেউ আপনার কাজ যাচাই করতে পারে বা আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হতে পারে। একই সঙ্গে শরীরও আপনাকে সিগন্যাল দেবে—রুটিন, খাবার, ঘুম আর মানসিক চাপ ঠিক না রাখলে ক্লান্তি জমতে পারে।
সপ্তাহের দ্বিতীয় ভাগে শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দিন এবং দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
এ সময়টায় আপনার অনুভূতির কেন্দ্রবিন্দুতে থাকবে সম্পর্ক। কারও সঙ্গে আপনার অবস্থান, ভারসাম্য, দেওয়া–নেওয়া—এসব বিষয় নিয়ে ভেতরে–ভেতরে অনেক ভাবনা চলবে। আপনি বুঝতে চাইবেন কে সত্যিই আপনার পাশে আছে আর কে কেবল অভ্যাসের কারণে যুক্ত। এই ভাবনার গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে আবেগও আরও তীব্র হবে। বিশ্বাস, নিরাপত্তা, ভয়, অধিকারবোধ কিংবা মানসিক নির্ভরতার মতো বিষয় সামনে আসতে পারে। কিছু সম্পর্ক এই সময় আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে, আবার কিছু সম্পর্ক আপনাকে মানসিকভাবে আরও কাছাকাছি আনবে। এই গভীর অভিজ্ঞতার মধ্য দিয়েই আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। জীবন, সম্পর্ক আর নিজের প্রয়োজনকে আপনি নতুন চোখে দেখতে শিখবেন। একই সঙ্গে ভালোবাসা ও সৃজনশীলতার জায়গাটি খুব সক্রিয় থাকবে। প্রেমের অনুভূতি জোরালো হতে পারে, নিজের প্রতিভা প্রকাশের সুযোগ আসবে, সন্তানের বিষয় বা আনন্দের ছোট মুহূর্তগুলো আপনার জীবনে বিশেষ গুরুত্ব পাবে। এই সময়টা আপনাকে শেখাবে, গভীর অনুভূতির ভেতর দিয়েই সত্যিকারের আনন্দ ও পরিণত বোঝাপড়া জন্ম নেয়।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
আপনার মন প্রথমে দৈনন্দিন দায়িত্ব, কাজের চাপ আর ছোট ছোট সমস্যার দিকেই বেশি আটকে থাকবে। কী ঠিকমতো হচ্ছে, কোথায় ঘাটতি আছে, কীভাবে নিজেকে আরও কার্যকর করা যায়—এই চিন্তাগুলো আপনাকে ব্যস্ত রাখবে এবং মানসিক ক্লান্তিও বাড়াতে পারে। এই ব্যস্ততার মধ্যেই সম্পর্কের বিষয়গুলো সামনে আসতে শুরু করবে। কাছের মানুষের সঙ্গে বোঝাপড়া, দায়িত্ব ভাগ করে নেওয়া কিংবা পারস্পরিক প্রত্যাশা নিয়ে আলোচনা প্রয়োজন হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন, একা সব সামলানোর চেয়ে কাউকে পাশে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতা ধীরে ধীরে আপনাকে আরও গভীর আবেগের দিকে নিয়ে যাবে—বিশ্বাস, নিরাপত্তা, ভয় বা নিয়ন্ত্রণের অনুভূতি স্পষ্ট হয়ে উঠতে পারে। একই সঙ্গে পরিবার, বাড়ি ও মানসিক আশ্রয়ের প্রয়োজন খুব জোরালো হবে। নিজের জায়গা, নিজের মানুষ আর মানসিক নিরাপত্তা ছাড়া অন্য সবকিছু অর্থহীন মনে হতে পারে। তবে পারিবারিক অন্তঃকলহ কিংবা জটিলতা সপ্তাহের শেষে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। দাম্পত্য জীবনে সতর্ক থাকা উচিত।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
আপনার শুরুটা হবে আনন্দ, সৃজনশীলতা আর নিজের পছন্দকে ঘিরে। ভালো লাগা, ভালোবাসা, শখ কিংবা এমন কিছু যা আপনাকে মানসিকভাবে উজ্জীবিত করে, সেগুলোর প্রতি টান বাড়বে এবং জীবনের হালকা দিকগুলো উপভোগ করতে মন চাইবে। এই আনন্দের ধারার মধ্যেই বাস্তব দায়িত্বের অনুভব আসবে। দৈনন্দিন কাজ, শৃঙ্খলা, সময়মতো দায়িত্ব পালন আর শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন স্পষ্ট হবে। কোনো কিছু অবহেলা করলে চাপ তৈরি হতে পারে, তাই নিজের রুটিন গুছিয়ে নেওয়াই বুদ্ধিমানের। এ অভিজ্ঞতার পর মন যাবে সম্পর্কের দিকে। কার সঙ্গে পথ চলবেন, কীভাবে ভারসাম্য রাখবেন এবং পারস্পরিক বোঝাপড়া কতটা শক্ত—এসব প্রশ্ন সামনে আসবে। একই সঙ্গে যোগাযোগ খুব সক্রিয় থাকবে। কথা বলা, লেখা, শেখা, ভাইবোনের সঙ্গে যোগাযোগ কিংবা ছোট যাতায়াতের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্ত আসতে পারে।
তবে যেকোনো বিষয়ে হুটহাট মন্তব্য করা থেকে বিরত থাকুন। কারও সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় কিংবা ভুল–বোঝাবুঝি সপ্তাহের শেষে আপনার মানসিক শান্তি বিনষ্ট করতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
এ সপ্তাহে আপনার অনুভূতি প্রথমে ঘর, পরিবার আর মানসিক নিরাপত্তাকে ঘিরে আবর্তিত হবে। নিজের জায়গা, নিজের মানুষ আর ভেতরের শান্তি কতটা মজবুত—সেটা আপনাকে ভাবাবে এবং পারিবারিক কোনো বিষয় আবেগপ্রবণ করে তুলতে পারে। এই আবেগের মধ্যেই আনন্দের জায়গাটি গুরুত্ব পাবে। নিজের পছন্দের কাজ, সৃজনশীলতা, ভালোবাসা বা এমন কিছু যা আপনাকে মানসিকভাবে হালকা করে—সেগুলোর দিকে মন যাবে এবং কিছুটা স্বস্তিও মিলবে। তবে এই স্বস্তির পরই বাস্তব দায়িত্ব ও কাজের চাপ স্পষ্ট হয়ে উঠবে। দৈনন্দিন কাজ, শৃঙ্খলা আর সময়ের হিসাব ঠিক না রাখলে চাপ বাড়তে পারে। একই সঙ্গে অর্থ, কথা বলার ধরন ও ব্যক্তিগত মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি কীভাবে উপার্জন করছেন, কীভাবে নিজের মূল্য প্রকাশ করছেন এবং কথার মাধ্যমে নিজেকে কতটা সম্মান দিচ্ছেন—এসব বিষয় নিয়ে সচেতনতা বাড়বে।
আর্থিক বিষয়ে এ সপ্তাহে সতর্ক উচিত। ব্যক্তিগত লাক্সারি কিংবা প্রিয় মানুষের প্রয়োজনে আর্থিক চাপ আসতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ পরিহার করা উচিত।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
আপনার কথা ও চিন্তা গুরুত্ব পাবে। অনুভূতির প্রকাশ শুরু হবে কথাবার্তা ও ভাবনার মাধ্যমে। আপনি নিজের মতামত জানাতে চাইবেন, কথা বলার প্রয়োজন অনুভব করবেন আর যোগাযোগের মাধ্যমেই অনেক কিছু পরিষ্কার হবে। এরপর মন ধীরে ধীরে পরিবারের দিকে ঝুঁকবে—ঘরের পরিবেশ, মানসিক নিরাপত্তা, নিজের জায়গা ও আপনজনদের সঙ্গে সম্পর্ক আপনাকে বেশি ভাবাবে। কোথায় আপনি শান্তি পান আর কোন জায়গায় নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করেন, সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই অভ্যন্তরীণ স্থিরতার খোঁজ থেকেই আনন্দ ও সৃজনশীলতার জায়গাটি জোরালো হবে। নিজের পছন্দ, ভালোবাসা, শখ বা এমন কিছু যা আপনাকে প্রাণবন্ত করে—সেগুলো প্রকাশ করতে মন চাইবে। একই সঙ্গে কাজ ও সম্পর্কের ক্ষেত্রে ফোকাস থাকবে একেবারে নিজের ওপর। নিজের ব্যক্তিত্ব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর জীবনপথে আপনি কোন দিকে এগোচ্ছেন, সেটাই হবে কেন্দ্রবিন্দু। এই সময়টা আপনাকে বড় কোনো অভ্যন্তরীণ পরিবর্তনের দিকে ঠেলে দিতে পারে, যেখানে নিজের মতো করে বাঁচার ইচ্ছা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
এ সময়টায় আপনার ফোকাস প্রথমে গিয়ে পড়বে অর্থ, নিরাপত্তা আর নিজের মূল্যবোধের ওপর। আপনি কী পাচ্ছেন, কী দিচ্ছেন আর আপনার পরিশ্রম বা অনুভূতির সঠিক মূল্যায়ন হচ্ছে কি না, সেই প্রশ্নগুলো ভেতরে–ভেতরে ঘুরবে। এরপর মন ধীরে ধীরে যোগাযোগের দিকে যাবে। কথা বলা, বোঝানো, লেখালেখি বা কাছের মানুষদের সঙ্গে ভাবনা শেয়ার করার প্রয়োজন বাড়বে, আর এতে অনেক ভুল–বোঝাবুঝি পরিষ্কারও হতে পারে। এই কথাবার্তার ধারাবাহিকতায় পরিবার ও মানসিক আশ্রয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে—ঘর, আপনজন, ভেতরের শান্তি আর নিরাপদ অনুভূতির খোঁজ আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। একই সঙ্গে কাজ ও সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু নীরবে ঘটবে। পর্দার আড়ালে কাজ করা, একা একা কিছু পরিকল্পনা করা, আধ্যাত্মিক ভাবনা বা এমনকি দূরের জায়গা কিংবা বিদেশসংক্রান্ত বিষয় মাথায় আসতে পারে। সবকিছু প্রকাশ্যে না এনে চুপচাপ এগোনোর এই প্রবণতাই এই সময় আপনাকে মানসিকভাবে শক্ত করবে এবং ভবিষ্যতের জন্য ভেতরের ভিত্তিটা মজবুত করে দেবে।