ঈদের ছুটি শেষে কাজে মন বসছে না? এই ৮ নিয়ম মানুন

ঈদুল আজহার ছুটি শেষ। কয়েক দিন পরিবারের সঙ্গে সময় কাটানো, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ, ঘুরতে যাওয়া কিংবা শুধু আরাম করে কাটানোর পর আবার অফিসের ডেস্কে ফিরতে অনেকেরই কষ্ট হয়। ইনবক্সে জমে থাকা ই-মেইল, অসমাপ্ত কাজ, নতুন মিটিং—সব মিলিয়ে প্রথম দিনেই যেন চাপের পাহাড়। তবে ছুটির পর কাজে ফেরার সময় এমন সমস‍্যা অস্বাভাবিক নয়। কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলে ধীরে ধীরে আবার কাজের ছন্দে ফেরা সহজ হতে পারে।

ছুটির উদ্দেশ্যই হলো বিশ্রাম নেওয়া এবং নতুন উদ্যমে কাজে ফেরা। তাই ঈদের সুন্দর সময় কাটানোর জন্য অপরাধবোধ নয়, বরং সেই শক্তিটুকু নিয়েই কাজে ফিরুনছবি: সুমন ইউসুফ

১. প্রথম দিনেই সব শেষ করার চেষ্টা করবেন না

অফিসে ফিরেই অনেকের মনে হয়, জমে থাকা সব কাজ আজই শেষ করতে হবে। এই চিন্তা থেকেই চাপ বাড়ে। বাস্তবতা হলো, কয়েক দিনের কাজ এক দিনে শেষ করা সম্ভব নয়।

প্রথম দিন সবচেয়ে জরুরি কাজগুলো চিহ্নিত করুন। বাকিগুলো পরবর্তী দিনগুলোর জন্য পরিকল্পনা করে রাখুন।

২. সপ্তাহের লক্ষ্য ঠিক করুন

ডেস্কে বসেই ই-মেইল খুলে না বসে আগে ভাবুন, এই সপ্তাহে কী কী করতে হবে।

ছোট ছোট লক্ষ্য ঠিক করতে পারেন—

  • জমে থাকা ই-মেইলগুলো দেখে নেওয়া

  • জরুরি কাজগুলোর তালিকা করা

  • গুরুত্বপূর্ণ মিটিংগুলো ঠিক করা 

লক্ষ্য স্পষ্ট থাকলে কাজের চাপ তুলনামূলক কম মনে হয়।

৩. কোন কাজ আগে করবেন, ঠিক করুন

সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। কিছু কাজ জরুরি, কিছু কাজ অপেক্ষা করতে পারে।

তাই কাজের তালিকা তৈরি করে গুরুত্ব অনুযায়ী সাজিয়ে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করার চেষ্টা করুন।

৪. সহকর্মীদের সঙ্গে কথা বলুন

ছুটিতে থাকার সময় অফিসে কী কী হয়েছে, তা জানার সবচেয়ে সহজ উপায় হলো সহকর্মীদের সঙ্গে কথা বলা।

একটি ছোট আলোচনা অনেক সময় অসংখ্য ই-মেইল পড়ার চেয়েও বেশি কার্যকর হতে পারে। এতে নতুন কোনো অগ্রাধিকার তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়।

৫. প্রথম কয়েক ঘণ্টা মিটিংমুক্ত রাখুন

সম্ভব হলে প্রথম দিনের সকালটা নিজের জন্য রাখুন।

এই সময়টুকু কাজে ফিরতে, ই-মেইল গোছাতে এবং দিনের পরিকল্পনা করতে ব্যবহার করুন। অফিসে ফিরেই একের পর এক মিটিং থাকলে চাপ আরও বাড়তে পারে।

৬. একসঙ্গে এক ধরনের কাজ করুন

একটু পরপর ই-মেইল, ফোনকল, মিটিং আর অন্য কাজের মধ্যে বারবার যাওয়া-আসা করলে মনোযোগ নষ্ট হয়।

বরং নির্দিষ্ট সময় ধরে শুধু ই-মেইল, তারপর মিটিং, এরপর অন্য কাজ—এভাবে ভাগ করে কাজ করলে উৎপাদনশীলতা বাড়তে পারে।

৭. সবচেয়ে কঠিন কাজটি আগে সেরে ফেলুন

অনেক সময় একটি বিশেষ কাজ আমাদের মাথায় সবচেয়ে বেশি চাপ তৈরি করে।

দিনের শুরুতেই সেটি শেষ করতে পারলে বাকি কাজগুলো তুলনামূলক সহজ মনে হয়। আত্মবিশ্বাসও বাড়ে।

৮. নিজের জন্যও সময় রাখুন

ছুটির পর কাজে ফেরার মানে এই নয় যে নিজের যত্ন নেওয়া বন্ধ করে দিতে হবে। সকালের হাঁটা, ব্যায়াম, প্রার্থনা, ধ্যান বা এক কাপ চা—যে অভ্যাস আপনাকে ভালো রাখে, সেটি ধরে রাখার চেষ্টা করুন। মানসিকভাবে প্রস্তুত থাকতে এসব ছোট অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ছুটির আরাম থেকে সরাসরি পূর্ণগতির কর্মজীবনে ফিরে আসা সহজ নয়। তাই প্রথম দিনেই আগের মতো শতভাগ ছন্দে ফিরতে না পারলে হতাশ হওয়ার কিছু নেই। ধীরে ধীরে কাজের গতি বাড়ান। কয়েক দিনের মধ্যেই আবার পুরোনো রুটিনে ফিরে আসবেন।

মনে রাখুন

ছুটির উদ্দেশ্যই হলো বিশ্রাম নেওয়া এবং নতুন উদ্যমে কাজে ফেরা। তাই ঈদের সুন্দর সময় কাটানোর জন্য অপরাধবোধ নয়, বরং সেই শক্তিটুকু নিয়েই কাজে ফিরুন। জমে থাকা কাজ একসময় শেষ হবে, কিন্তু ভালোভাবে কাটানো ছুটির স্মৃতি আপনাকে দীর্ঘদিন শক্তি জোগাবে।

আরও পড়ুন