ক্যারিয়ার গড়তে সাহায্য করবে এই পাঁচ টিকটক অ্যাকাউন্ট
টিকটক বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নাচ-গান কিংবা মজার কোনো ভিডিও। কিন্তু এই প্ল্যাটফর্মও হতে পারে আপনার ‘মাইক্রো-লার্নিং’ বা অল্প সময়ে নতুন কিছু শিখে ফেলার দারুণ এক মাধ্যম। বিশেষ করে পেশাগত দক্ষতা বৃদ্ধি, ইন্টারভিউ টিপস এবং করপোরেট দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখার কৌশল জানতে টিকটক এখন অনেকেরই প্রথম পছন্দ। আপনি যদি আপনার ক্যারিয়ারকে পরবর্তী ধাপে নিয়ে যেতে চান, তবে এই পাঁচ টিকটক অ্যাকাউন্ট আপনার জন্য হতে পারে ‘গেম-চেঞ্জার’।
১. ক্যারিয়ার কোন দিকে যাবে, বুঝিয়ে বলেন ম্যাক্স
ইউক্রেনে জন্ম নেওয়া ব্রিটিশ তরুণ ম্যাক্স ক্লিমেনকো (@maxklymenko) টিকটকে বেশ জনপ্রিয়। ২০২৫ সালে টিকটকের ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার’ (বছরের সেরা নির্মাতা) খেতাবও পেয়েছেন তিনি। টিকটকে ৯৬ লাখ মানুষ তাঁকে অনুসরণ করে। ম্যাক্সের স্বল্পদৈর্ঘ্যের ভিডিওগুলোতে পেশা, ব্যবসা ও সমাজের নানা বিষয় নিয়ে বিশ্লেষণ পাবেন। বিভিন্ন পেশার আদ্যোপান্ত ও বড় বড় কোম্পানির ব্যবসায়িক কৌশল নিয়ে কথা বলেন এই তরুণ। তাঁর কাছ থেকে আপনি বিভিন্ন ক্যারিয়ারের সম্ভাবনা, জটিল ব্যবসায়িক সমস্যার সহজ সমাধানসহ আধুনিক কর্মক্ষেত্রের ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন। যাঁরা নতুন কিছু শুরু করতে চান বা পেশা বদলানোর কথা ভাবছেন, তাঁদের জন্য ম্যাক্সের ভিডিও হতে পারে দারুণ অনুপ্রেরণা।
২. দক্ষতা বাড়ানো শেখান শাদে জাহরাই
শাদে জাহরাই (@shadezahrai) একজন আচরণ-গবেষক। তিনি ফরচুন ৫০০ কোম্পানির কর্মীদের প্রশিক্ষণ দেন। তাঁর অনুসরণকারীর সংখ্যা ১৭ লাখ। জাহরাইয়ের ভিডিও থেকে কর্মক্ষেত্রে নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ানো, নেতিবাচক চিন্তাভাবনা দূর করা এবং বস বা সহকর্মীদের সঙ্গে কার্যকরভাবে কথা বলার কৌশল শিখতে পারবেন। যাঁরা অফিসে নিজের অবস্থান শক্ত করতে চান বা হীনম্মন্যতায় ভোগেন, তাঁদের জন্য জাহরাইয়ের পরামর্শ নাকি ম্যাজিকের মতো কাজ করে।
৩. চাকরি শুরুর পরামর্শ দিচ্ছে ক্যারিয়ার চ্যানেল
দ্য ক্যারিয়ার চ্যানেল (@career.channel) টিকটকের আরেকটি জনপ্রিয় অ্যাকাউন্ট। অনুসারীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজারের বেশি। এই অ্যাকাউন্টের নেপথ্যে আছেন ক্রিস ওয়েবস্টার। তাঁর পুরো প্রোফাইলটিই চাকরিপ্রার্থীদের লক্ষ্য করে সাজানো হয়েছে। ইন্টারভিউ বোর্ড কীভাবে জয় করতে হয়, বেতনের বিষয়ে দর–কষাকষি ও নিয়োগকর্তার কঠিন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়ার কৌশল জানতে পারবেন এখান থেকে। আপনি যদি কোনো বড় ইন্টারভিউর প্রস্তুতি নেন, তবে এই চ্যানেল আপনার ‘চিট কোড’ হিসেবে কাজ করবে।
৪. প্রযুক্তি খাতে কাজের খোঁজ দেন মাইক
টিকটকে অ্যাকাউন্টটির নাম মাইক পেডিটো (@realisticrecruiting)। তাঁর বিশেষত্ব হলো তিনি কোনো প্রচলিত ক্যারিয়ার কোচ নন, বরং একজন অভিজ্ঞ মানবসম্পদ বিশেষজ্ঞ। কোনো লুকোছাপা ছাড়াই ক্যারিয়ার ও টেক ইন্ডাস্ট্রির সাদাসিধা বাস্তবতা তুলে ধরেন মাইক। প্রায় ১ লাখ ৭১ হাজার টিকটক ব্যবহারকারী তাঁকে অনুসরণ করেন। একজন নিয়োগদাতা বা মানবসম্পদ ব্যবস্থাপক আদতে কী চান, প্রযুক্তিশিল্পে এআইয়ের প্রভাব বা চাকরির বাজারের রূঢ় বাস্তবতা প্রকাশ করেন তিনি। কোনো চাকরিতে কেন আপনার ডাক পড়ছে না, সেই কঠিন সত্যটা আপনি হয়তো মাইকের কাছ থেকে জানতে পারবেন।
৫. নতুনদের পথ দেখান জ্যাক
যাঁরা সবে ক্যারিয়ার শুরু করেছেন বা অল্প কিছুদিনের অভিজ্ঞতা আছে, তাঁদের জন্য জ্যাকের অ্যাকাউন্টটি আদর্শ (@jacatwork)। তিনি ‘ওয়ার্ক স্মার্টার’ থিম নিয়ে কাজ করেন। অনুসারীর সংখ্যা ৬৩ হাজারের বেশি। তাঁর কাছ থেকে ইমেইল লেখা থেকে শুরু করে অফিসে কাজ শেষ করার বুদ্ধিদীপ্ত পদ্ধতি জানতে পারবেন। জুনিয়র পজিশন থেকে কীভাবে দ্রুত পদোন্নতি পাওয়া যায় এবং কর্মক্ষেত্রে নিজের মেধার সঠিক মূল্যায়ন কীভাবে নিশ্চিত করা যায়, এসব ব্যাপারে চমৎকার বিশ্লেষণ পাবেন জ্যাকের অ্যাকাউন্টে।